বাগেরহাট প্রতিনিধি।।
সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বাগেরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এসএম মুশফিকুর রহমান। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহারের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুশফিকুর রহমান বলেন, বাগেরহাট-১ আসনের সর্বস্তরের জনগণকে জানাতে চাই ত্রয়োদশ সংসদ নির্বাচনে আমার মনোনয়নপত্রটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি।
মুশফিক আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময় অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলাম। দলীয় গুণ্ডাবাহিনী বেষ্টিত সেই নির্বাচনে চরম দুর্নীতি এবং ভোট জালিয়াতির মাধ্যমে তৎকালীন সরকার আমার বিজয় ছিনিয়ে নেয়। জুলাই বিপ্লবপরবর্তী সময় আমি ওই সিটি করপোরেশন নির্বাচনের ব্যাপারে হাইকোর্টে রিট করি, যার পরিপ্রেক্ষিতে আদালত আমার পক্ষে রায় দেন এবং স্বল্প সময়ের মধ্যে আমার শপথের ব্যবস্থা করতে নির্বাচন কমিশনকে আদেশ প্রদান করেন। আশাকরি নির্বাচন কমিশন আদালতের রায় বাস্তবায়ন করবে। তাই আমি জাতীয় নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।
তিনি আরও বলেন, আমার এই চলার পথে আমি জনগণের যে ভালোবাসা, আস্থা, সম্মান পেয়েছি তার জন্য আমি আমার নির্বাচনি এলাকার সর্বস্তরের মানুষের প্রতি চিরকৃতজ্ঞ।
সংবাদ সম্মেলনে মুশফিকের সঙ্গে তার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










































