ঢাকা অফিস
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার তদন্ত শেষে শুটার ফয়সালসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে তদন্তকারী সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এতে পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশনা ও পরিকল্পনায় ওসমান হাদিকে হত্যা করা হয় বলে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা অভিযোগপত্রে এ তথ্য জানানো হয়। অভিযোগপত্র আদালতে জমা শেষে বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম।
এক প্রশ্নের জবাবে শফিকুল ইসলাম বলেন, ওসমান হাদি নতুন ধারার রাজনীতি শুরু করেছিলেন। সেই রাজনীতির কারণেই পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পীর নির্দেশনা ও পরিকল্পনায় হাদিকে গুলি করে হত্যা করা হয়। ওসমান হাদি হত্যা মামলার আসামি এবং গুলিবর্ষণকারী হিসেবে চিহ্নিত ফয়সাল করিম ছাত্রলীগের সাবেক নেতা ও তার সহযোগী আলমগীর আদাবর থানা যুবলীগের কর্মী। তবে এই তিনজনের কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তারা ভারতে পালিয়ে গেছে। এ ছাড়া এ ঘটনায় গুলিবর্ষণকারী ফয়সাল করিমের ভগ্নিপতি এবং ফিলিপ নামে একজন পলাতক আছেন। এই মামলায় এখন পর্যন্ত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী সময়ে নতুন তথ্যপ্রমাণ পাওয়া গেলে সম্পূরক অভিযোগপত্র দাখিলের সুযোগ রয়েছে।
হত্যার প্রেক্ষাপট সম্পর্কে ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ওসমান হাদি বর্তমান রাজনৈতিক অঙ্গনে অতি পরিচিত ব্যক্তিত্ব ছিলেন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ভিন্নধর্মী রাজনৈতিক ধারার সূচনা করেন। তিনি বিভিন্ন সময়ে সভা-সমাবেশ, ইলেকট্রনিক ও সোশ্যাল মিডিয়ায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ ও নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সংগঠনের বিগত দিনের কার্যকলাপ সম্পর্কে সমালোচনামূলক জোরালো বক্তব্য দিতেন। তার এ ধরনের বক্তব্যে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ সংগঠনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হন।
আসামি ফয়সাল করিমের সম্প্রতি একাধিক ভিডিও বার্তার বিষয়ে ডিবি’র অতিরিক্ত কমিশনার বলেন, ফয়সালের ভিডিও বার্তা পর্যালোচনা করা হয়েছে এবং প্রাথমিক কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ফয়সাল তিনটি ভিডিও বার্তা দিয়েছেন, সেগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয়নি, এটা মোটামুটি নিশ্চিত হওয়া গেছে। ফরেনসিক পরীক্ষার প্রতিবেদন এখনো আসেনি, তবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ভিডিও বার্তা আসল। তবে ফয়সাল দুবাইতে থাকার যে দাবি করছেন, সেই অবস্থান সঠিক নয়। তদন্তের তথ্যপ্রমাণ অনুযায়ী পলাতক ফয়সাল ভারতে অবস্থান করছেন।
ডিবি কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের নির্দেশদাতা ওয়ার্ড কমিশনার তাইজুল ইসলাম ওরফে বাপ্পী। এই নির্দেশের কারণ প্রসঙ্গে বলা হয়েছে, ওসমান হাদি একটি নতুন ধরনের রাজনীতি শুরু করছিলেন এবং তার বক্তৃতার মাধ্যমে সরকার, আওয়ামী লীগ বা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সমালোচনামূলক বক্তব্য দিচ্ছিলেন। আওয়ামী লীগের এই কাউন্সিলর এই সমালোচনার কারণেই ফয়সালকে হত্যা করতে বলেন। এ হত্যা মামলার তদন্তকালে উদ্ধার হওয়া অস্ত্রের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে বলেও জানিয়েছেন ডিএমপি’র অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম ও তার সহযোগী ভারতে পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে মেঘালয় ও পশ্চিমবঙ্গ পুলিশ দু’জনকে গ্রেপ্তার করেছিল বলে যে বক্তব্য ডিএমপি এর আগে দিয়েছিল, তা সত্য বলেও জানান এই ডিবি কর্মকর্তা। তিনি বলেন, ফয়সাল করিম এবং তার প্রধান সহযোগী মো. আলমগীর হোসেনকে পলায়নের বিষয়ে সার্বিক সহায়তাকারী এবং তদন্তে প্রাপ্ত মো. তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী (৪৩) পল্লবী থানা যুবলীগের সভাপতি ও ঢাকা উত্তর সিটি করপোরেশন ৬নং ওয়ার্ডের আওয়ামী লীগ কর্তৃক মনোনীত সাবেক কাউন্সিলর। আসামিদের রাজনৈতিক পরিচয় এবং ভুক্তভোগীর পূর্ববর্তী বিভিন্ন সময়ে প্রদত্ত বক্তব্য থেকে এটা পরিষ্কার যে, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই এই হত্যাকাণ্ড।
সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, সার্বিক তদন্ত ও সাক্ষ্য প্রমাণে গ্রেপ্তারকৃত আসামিদের ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি, প্রত্যক্ষ ও পরোক্ষ সাক্ষীদের জবানবন্দি, ঘটনাস্থল ও প্রাসঙ্গিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, বুলেট ও ইলেকট্রনিক ডিভাইস সমূহের ফরেনসিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘটনার সঙ্গে আসামিদের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ায় এজাহারনামীয় পলাতক আসামি- ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ওরফে দাউদ, মো. আলমগীর হোসেন, তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী, ফিলিপ স্নাল, মুক্তি মাহমুদ, জেসমিন আক্তার তদন্তে প্রাপ্ত গ্রেপ্তারকৃত আসামি হুমায়ুন কবির, হাসি বেগম, সাহেদা পারভীন সামিয়া, ওয়াহিদ আহমেদ শিপু, মারিয়া আক্তার লিমা, মো. কবির, নুরুজ্জামান ওরফে উজ্জ্বল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম, আমিনুল ইসলাম ওরফে রাজু, ফয়সালদের বিরুদ্ধে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। ভবিষ্যতে এই মামলা সংক্রান্তে নতুন কোনো তথ্য পাওয়া গেলে বা অন্য কারও জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।
উল্লেখ্য, গত ১২ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি পল্টন ধানাধীন বিজয়নগর বক্স কালভার্ট এলাকায় দুর্বৃত্তের গুলিতে আহত হন এবং ১৮ই ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান। এই ঘটনার প্রেক্ষিতে পল্টন থানায় একটি মামলা রুজু করা হয় যা পরবর্তীতে হত্যা মামলায় রূপ নেয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ৬ই জানুয়ারি এই মামলার চার্জশিট দাখিল করেন।











































