স্টাফ রিপোর্টার
উত্তরের হিমেল হাওয়ার ঝাপটায় হাড়কাঁপানো শীত ও ঘন কুয়াশায় খুলনাসহ দক্ষিণাঞ্চলের জনজীবনে নেমে এসেছে চরম স্থবিরতা। গতকাল দিনভর অধিকাংশ এলাকায় সূর্যের দেখা মেলেনি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা ছিল চারপাশ। সড়ক-মহাসড়কে যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলতে বাধ্য হয়েছে। শীতের প্রকোপে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী, বয়স্ক ও ছিন্নমূল মানুষ।
আমাদের ফকিরহাট প্রতিনিধি জানান, পৌষের শেষ প্রান্তে এসে ফকিরহাট উপজেলা যেন প্রকৃতির এক নিষ্ঠুর রূপের সাক্ষী। ভোর থেকেই ঘন কুয়াশার নিশ্ছিদ্র চাদরে আচ্ছন্ন হয়ে পড়ে পুরো জনপদ। সূর্যের দেখা না মেলায় দিন-রাতের পার্থক্য করাও কঠিন হয়ে পড়েছে।
এই তীব্র শীতের বড় প্রভাব পড়েছে খুলনা-মাওয়া মহাসড়কে। দক্ষিণাঞ্চলের এই গুরুত্বপূর্ণ সড়কটি কুয়াশার কবলে পড়ে প্রায় স্থবির হয়ে যায়। কয়েক হাত দূরের যানবাহনও দেখা যাচ্ছিল না। ফলে বাস ও পণ্যবাহী ট্রাকগুলো হেডলাইট জ্বালিয়ে অত্যন্ত ধীরগতিতে চলতে দেখা গেছে। চালকদের চোখেমুখে ছিল দুর্ঘটনার আতঙ্ক, আর যাত্রীদের কণ্ঠে ছিল দীর্ঘ যানজটে আটকে থাকার দুর্ভোগ। কৃষকরাও পড়েছেন চরম দুশ্চিন্তায়। ফকিরহাটের বিস্তীর্ণ কৃষিজমিতে বোরো ধান রোপণের প্রস্তুতি থাকলেও কনকনে ঠান্ডায় মাঠে নামা কঠিন হয়ে পড়েছে। কোথাও কোথাও বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কার কথা জানিয়েছেন কৃষকরা।
হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ: শীতের প্রকোপ সবচেয়ে বেশি চোখে পড়ছে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। শীতজনিত নিউমোনিয়া, ডায়রিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত শিশুদের কান্নায় ভারী হয়ে উঠেছে হাসপাতালের ওয়ার্ড। বয়স্ক রোগীরা ভুগছেন হাঁপানি ও তীব্র বুকের ব্যথায়। চিকিৎসকরা অপ্রয়োজনে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিলেও খেটে খাওয়া মানুষের সেই সুযোগ নেই। সবচেয়ে করুণ চিত্র দেখা গেছে সড়কের পাশে থাকা ছিন্নমূল মানুষদের মধ্যে। শীত নিবারণের জন্য খড়কুটো জ্বালিয়ে আগুনের ওমে একটু উষ্ণতার খোঁজ—এই দৃশ্য নাড়া দিয়েছে মানবিক হৃদয়কে।
নিজস্ব প্রতিবেদক জানান, গোপালগঞ্জেও জেঁকে বসেছে তীব্র শীত। উত্তরের হিমেল বাতাস ও ঘন কুয়াশার কারণে জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ০৬ ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকেই পুরো জেলা কুয়াশায় আচ্ছন্ন থাকছে। তীব্র ঠান্ডায় কৃষকরা জমিতে যেতে পারছেন না। ফলে ভরা বোরো মৌসুমে আবাদ নিয়ে শঙ্কায় পড়েছেন তারা। শীতজনিত রোগে আক্রান্ত হয়ে শিশু ও বৃদ্ধরা হাসপাতালে ছুটছেন। গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. জীবীতেশ বিশ্বাস বলেন, ঠান্ডা পড়ার কারণে শীতজনিত রোগ বেড়েছে। শিশু ও বৃদ্ধদের সবসময় গরম কাপড় পরানো এবং গোসলের সময় মৃদু গরম পানি ব্যবহারের পরামর্শ দেন তিনি। সাতক্ষীরা প্রতিনিধি জানান, উপকূলীয় জেলা সাতক্ষীরায় হিমেল হাওয়া ও কনকনে শীতে জনজীবন কার্যত অচল হয়ে পড়েছে। টানা দুই দিন সূর্যের দেখা মেলেনি। গতকাল সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।
রোদ না ওঠা ও বাতাসে অতিরিক্ত আর্দ্রতার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে। খুব প্রয়োজন ছাড়া মানুষ ঘর থেকে বের হচ্ছে না। যারা বের হচ্ছেন, তাদের গায়ে ভারি শীতবস্ত্র দেখা গেছে। শহর ও গ্রামাঞ্চলে ছিন্নমূল মানুষদের খড়কুটো, কাঠ ও আবর্জনা জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করতে দেখা গেছে। শীত বাড়ার সঙ্গে সঙ্গে সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বেড়েছে। শয্যা সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে থেকে চিকিৎসা নিতে হচ্ছে।
মানবিক সহায়তার আহ্বান: খুলনা অঞ্চলের এই তীব্র শীত সাধারণ মানুষের জীবনে শুধু অস্বস্তি নয়, এক ধরনের মানবিক সংকট তৈরি করেছে। বিশেষ করে ছিন্নমূল, দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য জরুরি ভিত্তিতে শীতবস্ত্র বিতরণ ও চিকিৎসা সহায়তা বাড়ানোর দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে।











































