Home খেলাধুলা হতাশা দিয়ে নতুন বছর শুরু লিভারপুল ও সিটির

হতাশা দিয়ে নতুন বছর শুরু লিভারপুল ও সিটির

6


স্পোর্টস ডেস্ক।।
নতুন বছরটা জয় দিয়ে রাঙাতে পারলো না লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। বৃহস্পতিবার ইংলিশ প্রিমিয়ার লীগে নিজেদের ম্যাচে পা ফসকায় দুই জায়ান্ট ক্লাবই। ঘরের মাঠে লিডস ইউনাইটেডের বিপক্ষে গোলশূন্য ড্র করে লিভারপুল। সান্ডারল্যান্ডের মাঠেও একই স্কোরলাইন সিটিজেনদের।

অ্যানফিল্ডে দাপুটে ফুটবল খেলেও সুবিধা করতে পারেনি স্বাগতিক লিভারপুল। ম্যাচজুড়ে ৬৬ শতাংশ বল নিজেদের পায়ে রাখা অলরেডরা গোলের দিকে ১৬টি শটের মধ্যে লক্ষ্যে রাখতে পারে স্রেফ ৩টি। ৪টির মধ্যে ২টি শট লক্ষ্যে থাকে লিডসের। শুরু থেকেই সফরকারীদের চেপে ধরলেও, ভালো সুযোগ তৈরি করতে পারেনি অলরেডরা। উল্টো গোলকিপারের ভুল বিরতির আগে গোল খেতে বসে তারা। মাঠে ফিরে ৭০তম মিনিটে তো গোলই করে ফেলে লিডসের ডমিনিক ক্যালভার্ট-লুইন। তবে অফসাইডের কারণে সে যাত্রায় বেঁচে যায় আর্নে স্টলের শিষ্যরা। এ নিয়ে টানা ছয় ম্যাচে অপরাজিত থাকলো লিডস। ১৯ ম্যাচে ১০ জয়, ৩ ড্র ও ৬ হারে টেবিলের চারেই থাকলো লিভারপুল।


অন্য ম্যাচে, সান্ডারল্যান্ডের মাঠে আধিপত্য বিস্তার করে ম্যান সিটিও। ৬৭ শতাংশ বল নিজেদের পায়ে রাখা সফরকারীরা ১৪টির মধ্যে লক্ষ্যে রাখতে পারে স্রেফ ৪টি। স্বাগতিকদের ৮টির মধ্যে ৩টি শট থাকে লক্ষ্যে। এদিন বিরতির পর বিরতির পর দীর্ঘ সময় মাঠে ফেরেন রদ্রি। হ্যামস্ট্রিং চোট থেকে সেরে উঠে প্রায় তিন মাস পর মাঠে দেখা যায় এ স্প্যানিশ তারকাকে। তবে শেষ পর্যন্ত ডেডলক ভাঙা হয়ে ওঠেনি সিটির। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট জয়ের পর পয়েন্ট হারায় পেপ গার্দিওলার শিষ্যরা।