বিনোদন ডেস্ক।।
এই প্রথম অভিনয়ে নাম লিখালেন মেঘনা আলম। জনপ্রিয় নির্মাতা ফরিদুল হাসানের পরিচালনায় বৈশাখী টিভিতে প্রচারিত ‘মহল্লা’ নামের ধারাবাহিক নাটকে রহস্যজনক একটি চরিত্রে অভিনয় করেছেন তিনি। একটি মিশন নিয়েই পর্দায় হাজির হবেন তিনি, মিশন শেষ হলেই আবার ফিরে যাবেন।
জানা গেছে, নাটকের ২৭তম পর্বে দেখা যাবে মেঘনা আলমকে। পর্বটি প্রচার হবে আগামীকাল শনিবার (৩ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে। নাটকে অভিনয় নিয়ে মেঘনা আলম বলেন, মিস আর্থ হওয়ার আগে আমার মিডিয়া বা বিনোদন জগতে কোনো কাজের অভিজ্ঞতা ছিল না। আমি তখন নেতৃত্ব ও রাজনীতি বিষয়ে প্রশিক্ষক হিসেবে কাজ করতাম। তবে শৈশব থেকেই একটি স্বপ্ন ছিল অভিনয়ের।
তিনি আরও বলেন, ফরিদুল হাসানের পরিচালনায় এবং বিদ্যুৎ রায়ের সংলাপে এই সিরিয়াল দিয়ে টেলিভিশন পর্দায় আমার প্রথম অভিনয়ের অভিজ্ঞতা সত্যিই দারুণ উপভোগ্য হতে যাচ্ছে। নিজেকে অভিনেত্রী হিসেবে পর্দায় দেখতে আমি ভীষণ এক্সাইটেড।
উল্লেখ্য, মেঘনা আলম বর্তমানে পরিবেশ আন্দোলন ও কৃষিবিষয়ক বিষয় নিয়ে সেমিনার সিম্পোজিয়ামে ব্যস্ত। সেই সঙ্গে তিনি একজন রাজনৈতিক প্রশিক্ষক। আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে গণঅধিকার পরিষদের হয়ে নির্বাচনও করছেন তিনি।









































