বিনোদন ডেস্ক
বলিউডের মেধাবী অভিনেত্রী আলিয়া ভাট। একের পর এক মেগা বাজেট ছবি থেকে শুরু করে নামিদামি সব ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত তিনি। উপরন্তু নিজের পোশাক সংস্থা, সবমিলিয়ে তার বৃহস্পতি বর্তমানে তুঙ্গে। ইতিমধ্যে ১৩টা বসন্ত কাটিয়ে ফেলেছেন বলিউডে। তবে এবার নতুন বছরে এসে মেয়ে রাহার জন্য বড় সিদ্ধান্ত নিলেন আলিয়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ক্যারিয়ারকে আমি কোনো মাইলফলক হিসেবে ধরি না। আগে যেমনভাবে সিনেমা নির্বাচন করতাম, এখনো তাই করছি। তবে একটু ভিন্ন ধরনের চরিত্রে জোর দেই এখন। রোজ নিজেকে নতুন চ্যালেঞ্জের দিকে ঠেলে দেই। কমফোর্ট জোনে নিজেকে ধরে রাখতে চাই না। তবে আগে যেমনভাবে কাজ করতাম, এখন অবশ্যই সেটা সম্ভব হয় না। আলিয়া বলেন, কারণ এখন আমার সন্তান রয়েছে। তবে এই কাজের গতিটা কিন্তু আমি দারুণ উপভোগ করছি। যখন যে সিনেমা করি, তখন নিজেকে সেখানে উৎসর্গ করে দেই। আগে তো একসঙ্গে দুই থেকে তিনটা সিনেমার কাজ করতাম। তবে এখন আর মন চায় না। এবার থেকে তিনি যে বছরে একটাই সিনেমা করবেন, সেটা স্পষ্ট করে দিলেন। আলিয়ার সংযোজন, সন্তান হওয়ার পর অ্যাকশন
সিনেমা ‘আলফা’তে অভিনয় করে দারুণ লাগলো। আমি নিজেও বুঝতে পারলাম যে, আমার শরীর এখনো ঠিক কতোটা ফিট!











































