স্টাফ রিপোর্টার।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দিয়ে সুষ্ঠু ও উৎসবমুলক নির্বাচনের প্রত্যাশা নিয়ে মনোনয়ন দাখিল করেছেন প্রার্থীরা। তারা সকলেই পছন্দের প্রার্থীকে ভোট দিতে সাধারণ ভোটারদের আহ্বান জানিয়েছে। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল মিয়া গোলাম পরোয়ার।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সোমবার স্ব স্ব মনোনয়নপত্র দাখিল করে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের প্রার্থীরা এসব প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খুলনা ১, ২, ৪,৫ ও ৬ আসনের প্রার্থীরা জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আ স ম জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র জমা দেন। অপরদিকে খুলনা-৩ আসনের প্রার্থীরা খুলনা আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফয়সল কাদেরের কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও উপজেলা পর্যায়ে সহকারি রিটার্নিং কর্মকর্তার কাছেও মনোনয়নপত্র দাখিল করেন কেউ কেউ।
সকাল সাড়ে ৯টার দিকে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা দাখিল করেন।
মনোনয়ন দাখিল শেষে খুলনা-৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী ৮ দলীয় সমঝোতার ভিত্তিতে নির্বাচনে অংশ নিচ্ছে। রবিবার আরও দুটি দল যুক্ত হওয়ায় জোটের সংখ্যা দাঁড়িয়েছে দশে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আসনভিত্তিক সমঝোতার চেষ্টা অব্যাহত থাকবে।
তিনি নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য কারচুপি ও ভোটাধিকার হরণের আশঙ্কা তুলে ধরে বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ভোট ডাকাতি ও রিগিংয়ের যেকোনো চেষ্টা জনগণ প্রতিহত করবে।
সাড়ে ১১টার দিকে আঞ্চলিক নির্বাচন কমিশন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন খুলনা-৩ আসনের (খালিশপুর-দৌলতপুর-খানজাহান আলী) প্রার্থী বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল।
তিনি বলেন, নির্বাচনে জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট প্রদান করে পছন্দের সরকারকে ক্ষমতায় আনবে। এতে জনগণের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। তরুণ প্রজন্মের আশা-আকাঙ্ক্ষার ভিত্তিতে আগামীর বাংলাদেশ তৈরি হবে। বাংলাদেশের মানুষ শান্তিতে থাকবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে এবং বিভেদ নয় ঐক্যের রাজনীতি গড়ে তুলতে হবে।
দুপুর ২টার দিকে জেলা প্রশাসক দপ্তরে মনোনয়নপত্র দাখিল করেন খুলনা-৪ আসনে (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। তিনি বলেন, মানুষ দীর্ঘদিন ভোট দিতে পারেননি। আমরা চাই নির্বিঘ্নে মানুষ যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবেলায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বেলা সাড়ে ১২টায় মনোনয়নপত্র দাখিল করেন খুলনা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু। তিনি বলেন, দেশের মানুষ ভোটের অপেক্ষায় ছিল, এবারের নির্বাচন হবে উৎসবমুখর। দেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। সেই বেদনা নিয়েই তারা অপেক্ষা করছিল।
খুলনা- ৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনের প্রার্থী ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখ বলেন, আমরা আমাদের প্রার্থীদের সব জায়গায় মনোনয়ন জমা দিতে বলেছি। জোটের সাথে আলোচনা চলছে। জোটের কাছে নির্ধারিত কোন চাহিদা আমাদের নেই। আলোচনা শেষে যা পাব তা নিয়ে সন্তুষ্ট থাকব। কারণ আমরা বৃহত্তর একটি লক্ষ্য স্বার্থে নির্বাচন করছি।
সন্ধ্যা ৬টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত খুলনা জেলার ছয়টি সংসদীয় আসনে ৪৩জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীদের মধ্যে বিএনপি-জামায়াত ইসলামী ছাড়াও সিপিবি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস, জাতীয় পার্টি, ইসলামী ফ্রন্ট, মাইনিরিটি জনতা পার্টি ও বাংলাদেশ সম-অধিকার পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন।











































