Home আঞ্চলিক মণিরামপুরে দুই ভাইকে গলাকেটে হত্যা

মণিরামপুরে দুই ভাইকে গলাকেটে হত্যা

21

মণিরামপুর (যশোর) প্রতিনিধি:

যশোরের মণিরামপুরে দুই যুবককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুবৃত্তরা। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার ঢাকুরিয়া উত্তরপাড়ায় ফাঁকা রাস্তার উপরে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, যশোর সদর উপজেলার বসুন্দিয়া জয়ন্তা গ্রামের প্রবাসী আক্তার গাজীর ছেলে বাদল গাজী (২২) ও নিকমল মোল্যার ছেলে আহাদ মোল্যা (২২)।

নিহতরা দুইজন সম্প্রর্কে প্রতিবেশী চাচাত ভাই। তাদের মধ্যে বাদল রূপদিয়া বাজারে ইন্টারনেট সংযোগের কাজ করতেন। আর আহাদ পেশায় কৃষক।

খবর পেয়ে রাত নয়টার দিকে থানা পুলিশ লাশ হেফাজতে নিয়েছে। ঘটনাস্থল তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুটি মোবাইল ফোন পড়ে থাকতে দেখা গেছে।

তবে কি কারণে কারা তাদের হত্যা করেছে তা উপস্থিত জানা যায়নি।

ঘটনাস্থলের পাশের বাড়ির বাসিন্দা নাসির বিশ্বাস বলেন, সন্ধ্যার কিছুসময় পরে আমি বাড়ির উঠনে বসে ছিলাম। তখন রক্তাক্ত একজন দৌঁড়ে এসে বলেন, চাচা, আমারে বাঁচান।এই বলে সে অজ্ঞান হয়ে পড়ে যায়। তখন আমরা বাড়ির সবাই চিৎকার দিলে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে নিয়ে ভ্যানে করে হাসপাতালে রওনা হয়। পথিমধ্যে সদর উপজেলার চাউলিয়া গেটে গেলে তার মৃত্যু হয়। পরে লোকজন এগিয়ে গিয়ে দেখেন আর একজনের লাশ রাস্তায় (ঘটনাস্থলে) পড়ে আছে।

ঘটনাস্থলে পড়ে থাকা লাশটি বাদলের। আর হাসপাতালে নেওয়ার পথে মৃত যুবকের নাম আহাদ।

নিহতদের স্বজনরা জানান, বাদল কয়দিন আগে নতুন মোটরসাইকেল কেনে। ইন্টারনেট ব্যবসার পাশাপাশি সে ভাড়ায় মোটরসাইকেল চালাত। বৃহস্পতিবার সন্ধ্যার পরে বাদল ও আহাদ বসুন্দিয়া জয়ন্তা বাজারে কেরামবোর্ড খেলছিল। তখন বাদলের মোবাইলে কল আসলে তারা দুইজন মোটরসাইকেলে করে চলে আসে।

স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের উদ্দেশে তাদের ডেকে এনে খুন করে দুর্বৃত্তরা।  দ্রুত ঘটনাটি আশপাশের লোক টের পাওয়ায় তারা মোটরসাইকেল রাস্তার উপর ফেলে পালিয়ে যায়।

মণিরামপুর থানার সেকেন্ড অফিসার এসআই দেবাশীষ বিশ্বাস বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ দুটি ও মোটরসাইকেল উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। উপস্থিত হত্যার কারণ জানা যায়নি।