Home খেলাধুলা তাসকিনদের উড়িয়ে মোস্তাফিজদের জয়

তাসকিনদের উড়িয়ে মোস্তাফিজদের জয়

10


স্পোর্টস ডেস্ক

আইএল টি–টোয়েন্টিতে বাংলাদেশের দুই তারকা পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের মুখোমুখি লড়াইয়ে বড় ব্যবধানে জয় পেয়েছে দুবাই ক্যাপিটালস। তাসকিনের শারজাহ ওয়ারিয়র্সকে ৬৩ রানে হারিয়ে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট তুলে নেয় মোস্তাফিজের দল।

শুক্রবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ক্যাপিটালসের করা ১৮০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১৭ রানেই গুটিয়ে যায় ওয়ারিয়র্স। বল হাতে ক্যাপিটালসের বোলাররা ছিলেন দুর্দান্ত, যেখানে মোস্তাফিজ ছিলেন কার্যকর আর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় দলের সামগ্রিক বোলিং আক্রমণ।

চার ওভারে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন তাসকিন আহমেদ। তবে আসরের তিন ম্যাচেই খরুচে বোলিংয়ে মোট ৪ উইকেটেই থেমে আছে তার শিকার। ইনিংসের শুরুতে কিছুটা ব্যয়বহুল হলেও শেষদিকে গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন এই ডানহাতি পেসার।

অন্যদিকে মোস্তাফিজুর রহমান ছিলেন বেশ আঁটসাঁট। দুই ওভারে মাত্র ১৩ রান দিয়ে ২ উইকেট নেন বাঁহাতি এই পেসার। চলতি আসরে ছয় ম্যাচে তার উইকেটসংখ্যা দাঁড়াল ১১টিতে। সর্বোচ্চ ১৫ উইকেট নিয়ে তালিকার শীর্ষে আছেন তারই সতীর্থ আফগান স্পিনার ওয়াকার সালামখিল, যিনি এই ম্যাচেও ২২ রানে ৩ উইকেট শিকার করেন।

ব্যাট হাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নাবি। ৩টি চার ও ৩টি ছক্কায় ১৯ বলে ৩৮ রানের ঝড়ো ইনিংস খেলার পাশাপাশি বল হাতে ২৩ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ-সেরার পুরস্কার জেতেন ৪০ বছর বয়সী এই আফগান তারকা।

এই জয়ে সাত ম্যাচে তিনটি জয় নিয়ে ৬ পয়েন্ট অর্জন করে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেছে দুবাই ক্যাপিটালস। অন্যদিকে ছয় ম্যাচে মাত্র দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে রইল শারজাহ ওয়ারিয়র্স।