ঢাকা অফিস
স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র, জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ১০টার কিছু আগে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ওসমান হাদির মৃত্যুর বিষয়টি জানানো হয়। বুধবার রাতে সরকারের পক্ষ থেকে ওসমান হাদির অবস্থা অতি সংকটাপন্ন বলে জানানো হয়। এক বার্তায় দেশবাসীকে ধৈর্যধারণ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
গত শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে আততায়ীর গুলিতে আহত হন ওসমান হাদি। ১৫ই ডিসেম্বর সংকটাপন্ন অবস্থায় এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। গুলিবিদ্ধ হওয়ার পর থেকে ওসমান হাদির সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করছেন নানা শ্রেণি-পেশার মানুষ। ঢাকায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ওসমান হাদির অবস্থা সংকটাপন্ন ছিল। সিঙ্গাপুরে নেয়ার পরও তার অবস্থার পরিবর্তন হয়নি।
বুধবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে হাদিকে দেখতে যান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালা কৃষ্ণান। পরে তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে টেলিফোনে কথা বলেন। সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী প্রধান উপদেষ্টাকে জানান, হাদির অবস্থা অতি সংকটাপন্ন। বুধবার হাদির পরিবার ও ইনকিলাব মঞ্চ সূত্র জানায়, হাদির ব্রেইনে জটিল অপারেশনের প্রস্তুতি নিচ্ছেন চিকিৎসকরা। ব্রেনস্টেমে যেখানে গুলির একটি অংশ আটকে আছে, সেটি বের করার জন্যই এ অপারেশনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হাদির পরিবার চেয়েছিল বৃটেন বা যুক্তরাষ্ট্রে নিয়ে এই অপারেশন করা যায় কিনা। কিন্তু অবস্থা বিবেচনায় তারা সিঙ্গাপুরেই অপারেশনের অনুমতি দিয়েছেন।
বৃহস্পতিবার ইনকিলাব মঞ্চ ফেসবুক পোস্টে ওসমান হাদির আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হন সে ক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
ইনকিলাব মঞ্চ বলে, খুনিরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান করবো এবং পুরো বাংলাদেশকে অচল করে দেয়া হবে। খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সঙ্গে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে। গতকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে শরীফ ওসমান বিন হাদির স্বাস্থ্য নিয়ে আলোচনা হয়।
জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা শরীফ ওসমান হাদি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট সড়কে তাকে গুলি করে দুর্বৃত্তরা। এরপর তাকে নেয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসা শেষে রাতেই এভারকেয়ার হাসপাতালে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ই ডিসেম্বর এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর নেয়া হয়।
আজ আসছে মরদেহ: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তার মরদেহ শুক্রবার (১৯ ডিসেম্বর) সিঙ্গাপুর থেকে দেশে আনা হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ এ তথ্য জানিয়েছেন।
ডা. আব্দুল আহাদ বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় জুলাই অভ্যুত্থান পরবর্তী বলিষ্ঠ কণ্ঠস্বর শরীফ ওসমান হাদি ভাইকে আল্লাহ শহিদ হিসেবে কবুল করেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতাল থেকে আমরা জানতে পেরেছি, হাদি ভাই আমাদের সবাইকে ছেড়ে পরপারে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহিদ হিসেবে কবুল করুক। আপনারা সবাই, এ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছেন সবার প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশের পক্ষে থাকেন এবং তার পরিবারের পাশে থাকেন। তার পরিবার যেন ধৈর্য্য ধারণ করতে পারেন, এজন্য সবাই দোয়া করবো।’
তিনি বলেন, ‘শহিদ ওসমান হাদি ভাইয়ের মরদেহ আগামীকাল সকালের দিকে বাংলাদেশে আনা হবে।’
শোক প্রকাশ: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএনপি, জামায়াত ও এনসিপি।
বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক শোকবার্তায় দলটি লিখেন, “ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকাু৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুতে আমরা গভীর শোকাহত।”
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রকাশিত শোকবার্তায় বলা হয়, মহান আল্লাহ যেন তাকে ক্ষমা করেন, তার প্রতি রহম করেন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতুল ফিরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। জামায়াত নেতারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে, বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র, গণঅভ্যুত্থানের পর গঠিত জাতীয় নাগরিক কমিটির অন্যতম সদস্য ও ঢাকাু৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির অকালপ্রয়াণে এনসিপির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং তার পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।











































