স্টাফ রিপোর্টার।।
খুলনায় সন্ত্রাসীদের গুলিতে ইমদাদুল হক মিলন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নগরীর আড়ংঘাটা থানার শলুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় দেবাশীষ বিশ্বাস নামে এক হোমিও চিকিৎসক আহত হন।
নিহত ইমদাদুল হক ডুমুরিয়া উপজেলার শলুয়া বাজার এলাকার মো. বজলু রহমানের ছেলে। দেবাশীষ একই এলাকার রবীন্দ্র নাথ বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ডুমুরিয়ার শলুয়া বাজারে তমিজের চায়ের দোকানের বাইরে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে অস্ত্র-শস্ত্রসহ ৫/৬জন অজ্ঞাতনাম দুর্বৃত্ত আসে। তারা মোটরসাইকেল থেকে এসে প্রথমেই একটি ফাঁকা গুলি ছুঁড়ে আতংক সৃষ্টি করে। এরপরে চায়ের দোকানের সাটারে গুলি করে। তৃতীয় গুলিটি লাগে হোমিও চিকিৎসক দেবাশীষ বিশ্বাসের শরীরে। এমন ইমদাদুল দৌঁড়ে দোকানে ঢুকলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে দোকানের মধ্যে গুলি করে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসকরা গুরুতর আহত ইমদাদুল হককে মৃত ঘোষণা করে। দেবাশীষ সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয়রা জানান, ইমদাদুল হক শুলুয়া বর্তমান বাজার কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি এক সময়ে দৈনিক প্রবাহ পত্রিকা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি নিজেই একটি অনলাইন পোর্টাল পরিচালনা করেন। তবে কী কারণে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহজাহান আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।











































