Home খেলাধুলা বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না

11


ক্রীড়া প্রতিবেদক

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) ১২তম আসর। চায়ের শহর সিলেটে আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি ক্রিকেটের জনপ্রিয় এই আসর। ছয় দলের এই টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করার সব ধরনের প্রস্তুতি নিয়েছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। তবে দেশের বর্তমান পরিস্থিতিতে নিরাপত্তা ঝুঁকির কথা বিবেচনা করে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গতকাল বিসিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়েছে, ‘গণজমায়েত সংক্রান্ত বিষয়ে বাংলাদেশ সরকারের বর্তমান নির্দেশনার সঙ্গে সামঞ্জস্য রেখে এবং সবার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিপিএল গভর্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়েছে যে, বড় জনসমাগম হয় এমন কোনো অনুষ্ঠান বা উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হবে না।’ বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান না-ও হতে পারে এমন ইঙ্গিত এর আগে দিয়েছিলেন বিসিবি সভাপতিও। আগামী ২৪ ডিসেম্বর মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ছিল বিসিবির। আমিনুল ইসলাম বুলবুল বলেছিলেন, ‘ উদ্বোধনী অনুষ্ঠান হয়তো আমরা করব না। হয়তো… কেননা দেশের সার্বিক পরিস্থিতি পাশাপাশি নিরাপত্তা একটা বড় ব্যাপার এখানে। আমাদের কাজ হচ্ছে ক্রিকেট খেলা ভালো করে চালানো। আমরা সব দিকে মনোযোগ রাখছি। তবে এই মুহূর্তে আমরা ক্রিকেটটাকে বেশি গুরুত্ব দিচ্ছি।’ বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিপিএল আয়োজনের প্রস্তুতি এগিয়ে নেওয়ার সঙ্গে খেলোয়াড়, দর্শক, ম্যাচ অফিসিয়াল এবং টুর্নামেন্ট সংশ্লিষ্ট সকল অংশীজনের জন্য একটি নিরাপদ ও সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে গভর্নিং কাউন্সিল। পাশাপাশি বিসিবি ও বিপিএল গভর্নিং কাউন্সিল আশা প্রকাশ করছে, তারা স্টেডিয়ামে দর্শকদের স্বাগত জানাতে পারবে এবং দারুণ একটি টুর্নামেন্ট উপহার দেবে।

এবারের বিপিএলে অংশ নিচ্ছে চট্টগ্রাম রয়্যালস, ঢাকা ক্যাপিটালস, নোয়াখালী এক্সপ্রেস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স এবং সিলেট টাইটান্স। সিলেট পর্ব দিয়ে শুরু হবে মাঠের লড়াই। উদ্বোধনী দিনে সিলেটে মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। সিলেট, চট্টগ্রাম হয়ে বিপিএল ফিরবে ঢাকায়। রাজধানীতেই আগামী ২৩ জানুয়ারি ফাইনাল হতে পারে বলে মনে করছে বিসিবি।