Home আঞ্চলিক খুলনায় ‘অস্ত্র কারখানা’ ভেবে পুলিশের অভিযান, উদ্ধারের পর দেখা গেলো সবই নকল...

খুলনায় ‘অস্ত্র কারখানা’ ভেবে পুলিশের অভিযান, উদ্ধারের পর দেখা গেলো সবই নকল অস্ত্র

16

স্টাফ রিপোর্টার।।

খুলনায় একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে অস্ত্রের যন্ত্রাংশ তৈরির অভিযোগে পুলিশের অভিযানের খবরে নগরজুড়ে ছড়িয়ে পড়ে তীব্র উত্তেজনা। অভিযানের সময় উদ্ধার করা বিপুল পরিমাণ যন্ত্রাংশ দেখে অনেকেই ধরে নেন এটি একটি সক্রিয় অস্ত্র তৈরির কারখানা। তবে অনুসন্ধানে উঠে এসেছে ভিন্ন বাস্তবতা।


শনিবার (১৩ ডিসেম্বর) রাতে নগরীর জোড়াগেট এলাকার একটি গলিতে অভিযান চালায় খুলনা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানে অস্ত্র তৈরির ছাঁচ, সীসা, ট্রিগার, ট্রিগার গার্ডসহ অন্তত ৩০টি অস্ত্র তৈরির উপযোগী যন্ত্রাংশ উদ্ধার করা হয় বলে জানায় পুলিশ।

অভিযানকালে কারখানার মালিক মো. নজরুল ইসলামসহ আকবর আলী, শহিদুল ইসলাম ও পিকলু নামে চারজনকে আটক করা হলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও নথিপত্র যাচাই শেষে তাদের ছেড়ে দেওয়া হয়।

অভিযানের সময় পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়, দীর্ঘদিন ধরে একটি চক্র ওই কারখানায় আগ্নেয়াস্ত্রের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করে আসছিল এবং এসব যন্ত্রাংশ দেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে বলেও প্রাথমিক তথ্য রয়েছে। পুলিশ আরও জানায়, কারখানায় অস্ত্রের অংশ তৈরি হলেও সেগুলোর সংযোজন অন্য স্থানে করা হতো।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বলেন, “এই কারখানায় ট্রিগার, ট্রিগার গার্ডসহ ঢালাইয়ের মাধ্যমে অস্ত্রের বিভিন্ন অংশ তৈরি হচ্ছিল। অস্ত্র তৈরির মূল কারিগরকে ঈশ্বরদী থেকে আনা হয়েছিল।”

তবে অভিযান নিয়ে তৈরি হওয়া চাঞ্চল্যের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন তথ্য সামনে আসে। অনুসন্ধানে মেলে খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য অস্ত্র নির্মাণসংক্রান্ত একটি আদেশপত্র। সেখানে উল্লেখ রয়েছে, খুলনা বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি প্লাটুনের (সেনা, নৌ ও বিমান শাখা) ক্যাডেটদের যুগোপযোগী প্রশিক্ষণের জন্য ৫০টি কাঠের ডামি অস্ত্র তৈরি প্রয়োজন।

নথিতে অস্ত্র তৈরির জন্য খুলনা নগরীর শেরেবাংলা রোড এলাকার গাজী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ঠিকানাও উল্লেখ করা হয়, যা অভিযানে আসা কারখানার সঙ্গে মিল রয়েছে।

বিএনসিসি খুলনা বিশ্ববিদ্যালয়ের নৌ শাখার প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) এস এম তফসিরুল ইসলাম বলেন, “উদ্ধার হওয়া যন্ত্রাংশগুলো কোনো কার্যকর আগ্নেয়াস্ত্র নয়। এগুলো সম্পূর্ণ ডামি অস্ত্র, যা কেবল ক্যাডেটদের প্রশিক্ষণের জন্য তৈরি করা হচ্ছিল।”

পরে পুলিশও বিষয়টি নিশ্চিত করে। খুলনা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছিল। পরবর্তী যাচাই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে—এগুলো ডামি রাইফেলের অংশ। এ কারণে আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়েছে।”

এ ঘটনায় পুলিশের ভূমিকা ও তথ্য যাচাইয়ের ঘাটতি নিয়ে প্রশ্ন তুলেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। খুলনা নাগরিক সমাজের প্রতিনিধি ও মানবাধিকারকর্মী অ্যাডভোকেট বাবুল হাওলাদার বলেন, “যাচাই-বাছাই ছাড়াই এভাবে ঢাকঢোল পিটিয়ে অভিযান চালালে জনমনে বিভ্রান্তি তৈরি হয়। পরে যখন দেখা যায় ঘটনাটি ভিন্ন, তখন পুলিশের ওপর মানুষের আস্থা কমে যায়।”

তিনি আরও বলেন, “একটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রশিক্ষণ কার্যক্রমকে অপরাধমূলক কর্মকাণ্ড হিসেবে উপস্থাপন করা হলে সমাজে নেতিবাচক প্রভাব পড়ে। এতে আইনশৃঙ্খলা বাহিনীর পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন ওঠে।”

অ্যাডভোকেট বাবুল হাওলাদার মনে করেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান জরুরি হলেও অভিযানের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় ও তথ্য যাচাই নিশ্চিত করা প্রয়োজন। না হলে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ অভিযানের ক্ষেত্রেও জনআস্থার সংকট তৈরি হতে পারে।”

ঢাকঢোল পিটিয়ে চালানো অভিযানের পর ডামি অস্ত্রের তথ্য সামনে আসায় পুরো ঘটনায় স্বচ্ছতা, সমন্বয় ও দায়িত্বশীলতার প্রশ্ন নতুন করে সামনে এসেছে।