Home আঞ্চলিক রামপালে কাকড়াবাজারে অস্থিরতা: মূল্য ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলার দাবি

রামপালে কাকড়াবাজারে অস্থিরতা: মূল্য ও বিপণন ব্যবস্থায় শৃঙ্খলার দাবি

13

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের রামপাল উপজেলায় কাকড়া (Crab) বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। স্থানীয় চাষি ও ব্যবসায়ীরা অভিযোগ করেছেন, দালাল ও প্রভাবশালী সিন্ডিকেটের কারণে কাকড়ার ন্যায্য মূল্য পাওয়া যাচ্ছে না। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, বাজার স্বচ্ছ ও সুষ্ঠু রাখতে নিয়মিত নজরদারি জোরদার করা হয়েছে।

স্থানীয় কাকড়া ব্যবসায়ী আব্দুল কাদের বলেন, আমরা চাষিদের কাছ থেকে ন্যায্য দামে কাকড়া কিনলেও রপ্তানিকারক পর্যায়ে হঠাৎ দাম কমে গেলে আমাদেরও ক্ষতির মুখে পড়তে হয়। মধ্যস্বত্বভোগীদের কারণেই বাজারে অস্থিরতা তৈরি হচ্ছে।

কাকড়া চাষি গৌতম ঘোষ বলেন, “১২০০–১৩০০ টাকার কাকড়া ৭০০–৮০০ টাকায় বিক্রি করতে হয়। সরকারি কোনো মূল্য নির্দেশনা না থাকায় আমরা সবসময় ক্ষতিগ্রস্ত হচ্ছি।”

এ বিষয়ে রামপাল মৎস্য অফিসার বিনয় রায় জানান, কাকড়াবাজারে স্বচ্ছতা আনতে প্রশাসন নিয়মিত মনিটরিং করছে। কোনো সিন্ডিকেট বা অসাধু কার্যক্রম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চাষিদের সঠিক বাজারসংযোগ নিশ্চিত করতেই আমরা কাজ করছি।”

রামপাল কাকড়া সমিতির সভাপতি অজয় বিশ্বাস ওজু বলেন, বাজারে কেউ ইচ্ছেমতো দাম কমাতে না পারে সে জন্য যৌথ মূল্যতালিকা প্রণয়ন এবং নিয়মিত নজরদারির উদ্যোগ নেওয়া হচ্ছে।