স্পোর্টস ডেস্ক।।
ব্রাজিল, আর্জেন্টিনা ও বাংলাদেশের অনূর্ধ্ব-২০ খেলোয়াড়দের নিয়ে শুরু হয়েছে লাতিন-বাংলা সুপার কাপ। গতকাল ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টারকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে ব্রাজিলের সাও বার্নার্দো।
তবে ২৭ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রাখে রেড গ্রিন। পরের মিনিটে মুরিওর জোরালো শটে প্রথম গোল পায় বার্নার্দো। ৩১তম মিনিটে গোলকিপারকে একা পেয়েও শট নেননি মোহাম্মদ মানিক। সতীর্থকে পাস দিতে গিয়ে বল হারান তিনি। কিছুক্ষন পরই ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিলের ক্লাবটি। বিরতির পর আরও দুই গোল করেন তারা। শেষ দিকে ব্যবধান কমাতে মরিয়া হয়ে ওঠে রেড গ্রিন। রিফাত কাজীর একটি শট ফিরে আসে গোলপোস্টে লেগে।
আগামী সোমবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনার বুয়েনস আয়ার্সের ক্লাব আতলেতিকো চার্লোনের বিপক্ষে খেলবে রেড গ্রিন। আগামী ১১ই ডিসেম্বর মুখোমুখি হবে ব্রাজিল ও আর্জেন্টিনার ক্লাব দু’টি। আয়োজকরা জানিয়েছে, এদিন উপস্থিত থাকবেন ব্রাজিল ও আর্জেন্টিনার দুই কিংবদন্তি ফুটবলার কাফু ও ক্লদিও ক্যানিজিয়া।











































