ঢাকা অফিস।।
ফরিদপুরের ভাঙ্গায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গার কৈডুবি সদরদীর রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী গ্রামের কবিরুলের স্ত্রী রিমু আক্তার (২২), তার ছেলে রায়ান (৩) এবং মা নূরজাহান বেগম (৫০)। অপর নিহত ব্যক্তির পরিচয় এখনও পাওয়া যায়নি।
আহতরা হলেন- শান্তা আক্তারী (৩০), শাহ-আলম ফকির (৩৫), জহিরুল হক (৫০) এবং ফারজানা আক্তার (২৫)। এছাড়াও আহত আরও দুই জনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শী নাজমুল, হাসানসহ স্থানীয়রা জানান, তারা জমিতে কাজ করছিলেন। হটাৎ বিকট শব্দ শুনতে পান। এরপর দৌড়ে সড়কে গিয়ে দেখতে পান বাসের সামনের অংশে অটোরিকশা ঢুকে গেছে। শিশু ও কয়েকজন যাত্রীর নিথর দেহ রাস্তায় পড়ে আছে। পরে অটোরিকশার নয়জন যাত্রীকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার গনেশ চন্দ্র সাহা জানান, সড়ক দুর্ঘটনার ঘটনায় দুই নারী, একজন পুরুষ ও এক শিশু নিহত হয়েছে। আহত ৬ জনের মধ্যে গুরুতর আহত ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক সোহেল মিয়া জানান, বাসচাপায় ঘটনাস্থলেই ৩ জন ও ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। এ পর্যন্ত ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।









































