মোংলায় দুর্বৃত্তদের হামলা ও শ্লীলতাহানীর শিকার হয়েছেন ওয়ার্ড মহিলা আ’লীগের সভানেত্রী এবং মানবাধীকার কর্মী শিউলী ইয়াসমিন
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন পৌর ৪ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও মানবাধীকার কর্মী শিউলী ইয়াসমিন (৪৫)। বন্দর এলাকার পাওয়ার হাউজ মোড়ে দলীয় কার্যালয়ের সভায় যাওয়ার পথে শুক্রবার বিকেলে তার উপর এ হামলা চালানো হয়। এ সময় এলোপাথাড়ি মারধরসহ প্রকাশ্য রাস্তার উপর তাকে শ্লীলতাহানী করা হয়েছে। গুরুত্বর আহত অবস্থায় প্রথমে তাকে মোংলা থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এ ঘটনায় শনিবার মোংলা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
লিখিত অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, মাদক বেঁচা-কেনাসহ এলাকার নানা অপরাধমূলক কর্মকান্ডের বিরোধীতা করায় একটি মহল তার উপর দীর্ঘদিন ধরে নাখোশ এবং তাকে ঘায়েল করতে নানা চক্রান্তে লিপ্ত হয়। তাই জীবননাশের হুমকীর মুখে গত তিন মাস আগে মোংলা থানায় একটি সাধারণ ডায়রী করেন শিউলী ইয়াসমিন। এতে ওই মহলটি আরো বেশি ক্ষুব্দ হয়ে উঠে। গত শুক্রবার বিকেলে শিউলী ইয়াসমিন বন্দর এলাকার পাওয়ার হাউজ মোড়ে দলীয় কার্যালয়ে এক সভায় যোগদানের জন্য যাওয়ার সময় পথিমধ্যে মটরসাইকেল যোগে আসা ৩/৪জন দুর্বৃত্ত তার গতিরোধ করে এবং গালমন্দ করতে থাকে। কোন কিছু বুঝে উঠার আগেই ওই সকল দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে শিউলী ইয়াসমিনকে মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। এ সময় লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধরসহ প্রকাশ্য রাস্তার উপর বিবস্ত্র এবং শ্লীলতাহানী করে। এক পর্যায়ে তার ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা মটরসাইকেল যোগে ঘটনাস্থাল ত্যাগ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী শনিবার তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শিউলী ইয়াসমিন পৌরসভার ৪ নং ওয়ার্ড (বন্দর এলাকা) মহিলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন এবং পরিবেশ ও মানবাধিকার উন্নয়ন সোসাইটির কর্মী হিসেবে কাজ করছেন। তাই বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের বিরোধীতা করায় এলাকার একটি মহল তার জীবননাশে নানা প্রচেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি আরো বলেন, হামলাকারীদের মধ্যে মোঃ সোহেল মাহমুদ শ্রাবন, মোঃ হুমায়ন এবং জাকির মোল্লা নামের তিনজনকে তিনি চিনতে পেরেছেন। এ হামলার ঘটনায় ওই তিনজনসহ অজ্ঞাতনামা উল্লেখ করে মোংলা থানায় শনিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। এদিকে হামলার ঘটনায় শিউলি বেগম শুক্রবার থানায় ডিউটি অফিসারের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ দেয়ার পরও পুলিশের তেমন কোন তৎপরতা নেই বলে অভিযোগ করেছেন শিউলি বেগম।
এ বিষয়ে মোংলা থানার সহকারী উপ-পরিদর্শক মো: রাসেল মিয়া বলেন, আমি শনিবার ডিউটি অফিসারের দায়িত্বে ছিলাম। একটি অভিযোগও পেয়েছি, কিন্তু পরবর্তীতে অভিযোগটি কার কাছে দেয়া হয়েছে তা আমি জানি না। এ ঘটনায় স্থায়ী বন্দরের পাওয়ার হাউস, দিগরাজ ও বুড়িরডাঙ্গা এলাকার দায়িত্বপ্রাপ্ত এএসআই মো: রুহুল বলেন, অভিযোগটি থানায় রয়েছে। তবে এখন পর্যন্ত কেউকে ওই অভিযোগটি মার্ক করে দেয়া হয়নি বলেও জানান তিনি।











































