আন্তর্জাতিক ডেস্ক
পূর্ব চীন সাগরে বিতর্কিত দ্বীপপুঞ্জে চীন ও জাপানের উপকূলরক্ষীরা গতকাল মঙ্গলবার বিপজ্জনকভাবে মুখোমুখি অবস্থান করছিল। চীনের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, জাপানের একটি মাছ ধরার ট্রলার দিয়াওয়ু দ্বীপপুঞ্জের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছে। জাপান ওই দ্বীপটিকে সেনকাকু বলে থাকে। খবর বিবিসির।
মালিকানা নিয়ে বিতর্কিত দ্বীপপুঞ্জগুলো কার্যত জাপান শাসন করে থাকে, কিন্তু চীন সব সময় এগুলো নিজেদের বলে দাবি করে আসছে। এদিকে জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, তারা মাছ ধরার একটি জাহাজের কাছে যাওয়ার সময় চীনা উপকূলরক্ষী ওই জাহাজকে বাধা দিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি গত মাসে সংসদে একটি প্রশ্নের জবাবে বলেছিলেন, বেইজিং যদি তাইওয়ান আক্রমণ করে, তা হলে ‘আত্মরক্ষার’ স্বার্থে জাপান তাইওয়ানের পাশে দাঁড়াবে। এই মন্তব্যে ব্যাপক চটেছে বেইজিং। ইতোমধ্যে নাগরিকদের জাপান ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ এবং জাপানের সি ফুডে নিষেধাজ্ঞা আরোপ করেছে চীন।
উল্লেখ্য, তাইওয়ান নিজেদের স্বশাসিত অঞ্চল হিসেবে নিজেদের শাসনকাজ পরিচালনা করে থাকে কিন্তু চীন মনে করে তাইওয়ান তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া প্রদেশ। যে কোনো সময় বলপ্রয়োগ করে হলেও একীভূত করতে চায় বেইজিং।











































