স্পোর্টস ডেস্ক
প্রায় এক দশক পর প্রথমবারের মতো বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে নিজেদের শতভাগ জয়ের ধারা বজায় রাখল আর্সেনাল। বুধবারের ৩-১ গোলের জয়ে তারা গ্রুপের শীর্ষে উঠে গেছে।
২২ মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে গোল করে আর্সেনালকে এগিয়ে নেন জুরিয়েন টিম্বার। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই বায়ার্নের তরুণ লেনার্ট কার্ল চমৎকার এক গোল করে ম্যাচে সমতা ফেরান।
বিরতির পর পুরো ম্যাচই নিয়ন্ত্রণ করে আর্সেনাল। দলে গভীরতার প্রমাণ মিলেছে বদলি খেলোয়াড়দের পারফরম্যান্সেও। ননি মাডুয়েকে ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি দুটি গোল করে দলকে নিশ্চিত জয়ের পথে নিয়ে যান। ফলে পাঁচ ম্যাচে পাঁচ জয় তুলে নিল মিকেল আর্তেতার দল।
নর্থ লন্ডনে বায়ার্ন স্ট্রাইকার হ্যারি কেনের প্রত্যাবর্তন ছিল শান্ত-তিনি ম্যাচে তেমন প্রভাব রাখতে পারেননি। মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এটাই বায়ার্নের প্রথম পরাজয়।
ইন্টার মিলান পয়েন্ট হারানোয় আর্সেনাল এখন টুর্নামেন্টের একমাত্র দল যারা সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে এগোচ্ছে। শেষ ষোলোতে তাদের ওঠা এখন কার্যত নিশ্চিত।











































