Home খেলাধুলা ঘরের মাঠে পিএসভির কাছে বিধ্বস্ত লিভারপুল

ঘরের মাঠে পিএসভির কাছে বিধ্বস্ত লিভারপুল

13


স্পোর্টস ডেস্ক

লিভারপুলের দুঃস্বপ্নের মৌসুম আরও গভীর হলো বুধবার, যখন চ্যাম্পিয়নস লিগে পিএসভি আইন্দহোভেনের কাছে ৪-১ গোলে হেরে তারা অ্যানফিল্ডে গত ১৪ গ্রুপ-স্টেজ ম্যাচে প্রথমবার পরাজয়ের মুখ দেখে।

পিএসভির হয়ে কৌহাইব দ্রিউয়েচ জোড়া গোল করেন, আর ইভান পেরিসিচ (পেনাল্টি) ও গুস টিলের গোল মিলিয়ে ৮ পয়েন্ট নিয়ে তারা টেবিলের ১৫তম স্থানে ওঠে। লিভারপুল, যারা সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১২ ম্যাচের ৯টিতে হেরেছে, তারা নেমে যায় ১৩তম স্থানে ৯ পয়েন্ট নিয়ে।

ম্যাচ শুরুর মাত্র ছয় মিনিটে অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকের অদ্ভুত এক হ্যান্ডবলে পিএসভি পেনাল্টি পায় এবং পেরিসিচ গোলরক্ষক জর্জি মামারদাশভিলিকে ভুল পথে পাঠিয়ে গোল করেন। এরপর লিভারপুল কিছুটা জেগে ওঠে এবং ১৬ মিনিটে ডমিনিক শোবোশ্লাই সমতা ফেরান, যদিও গোলরক্ষক কোভার কোডি গাকপোর শট ঠেকিয়ে বল তার পথেই ফিরিয়ে দিয়েছিলেন।

বিরতির পর ৫৬ মিনিটে জোরালো দৌড়ে মাউরো জুনিয়রের থ্রু–বল ধরে টিল আবার লিড এনে দেন। এরপর বদলি দ্রিউয়েচ ৭৩ মিনিটে পোস্টে লেগে ফিরে আসা শটে গোল করে ব্যবধান বাড়ান এবং ইনজুরি টাইমে সের্জিনো ডেস্টের ক্রস থেকে সহজ ট্যাপ-ইনে নিজের দ্বিতীয় গোল তুলেন।

লিভারপুল আশা করেছিল ইউরোপীয় ম্যাচটি তাদের লিগের দুরবস্থা থেকে কিছুটা মুক্তি দেবে-কারণ প্রথম চার ম্যাচের তিনটিতেই জিতে তারা শীর্ষ আটে থাকার লড়াইয়ে সুবিধাজনক অবস্থায় ছিল। ম্যাচে ২৬টি শট নিয়েও গোল বাড়েনি।

ভ্যান ডাইকের হেডার ক্রসবারের নিচে লেগে ফেরে, গাকপো সহজ সুযোগ নষ্ট করেন, একিতিকের শট কোভারের দুর্দান্ত সেভে থেমে যায়। পুরো ম্যাচে লিভারপুলের খেলা ছিল গত মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ী দলের মতো মোটেই নয়, আর অসন্তুষ্ট দর্শকদের অনেকেই শেষ বাঁশির আগেই মাঠ ছেড়ে চলে যান।

এই মৌসুমে অ্যানফিল্ডে তারা আগের পুরো ২০২৪-২৫ মৌসুমের চেয়ে বেশি ম্যাচ হেরেছে। এটি ছিল টানা তৃতীয় ম্যাচ যেখানে লিভারপুল তিন গোলের ব্যবধানে হেরে গেল, যা ১৯৫৩-৫৪ মৌসুমের ভয়াবহ সময়ের পর সবচেয়ে খারাপ ১২ ম্যাচের রেকর্ড। ১৩ ম্যাচে ১১ জয় নিয়ে এরিদিভিজির শীর্ষে থাকা পিএসভির বিরুদ্ধে কড়া চ্যালেঞ্জের আশা করেছিল লিভারপুল, এবং সেই চ্যালেঞ্জ আরও বেদনাদায়ক পরাজয়েই রূপ নিল।