স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে ১০ জনের বার্সেলোনাকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে চেলসি। দলের তিনটি গোলই এসেছে ভিন্ন ভিন্ন উৎস থেকে-একটি আত্মঘাতী গোল, তরুণ প্রতিভা এস্তেভাওয়ের চোখধাঁধানো নৈপুণ্য ও লিয়াম ডেলাপের মৌসুমের প্রথম গোল।
মঙ্গলবার খেলা শুরুর পর থেকেই বার্সেলোনার ওপর চাপ ধরে রাখে চেলসি। এর ফল আসে ২৭তম মিনিটে, যখন বার্সা ডিফেন্ডার জুল কুন্দে ভুলবশত নিজেদের জালেই বল ঠেলে দেন।
প্রথমার্ধের শেষের দিকে বড় ধাক্কা খায় বার্সা। অধিনায়ক রোনাল্ড আরাউহো বেপরোয়া ট্যাকলের জন্য দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হন, ফলে দ্বিতীয়ার্ধে ১০ জন নিয়েই খেলতে হয় স্প্যানিশ জায়ান্টদের।
সংখ্যাগত সুবিধা কাজে লাগাতে মোটেও ভুল করেনি চেলসি। বিরতির ১০ মিনিট পর ১৮ বছর বয়সী এস্তেভাও দু’জনকে কাটিয়ে ডান প্রান্ত থেকে দুর্দান্ত শক্তিশালী শটে দূরের কোণে বল জড়িয়ে দেন। আর ৭৩তম মিনিটে লিয়াম ডেলাপের গোল বার্সেলোনার দুর্দশা আরও বাড়িয়ে দেয়।
এই জয়ে চেলসি উঠে এসেছে পঞ্চম স্থানে, আর কাতালানরা নেমে গেছে ১৫তম স্থানে-স্বয়ংক্রিয় যোগ্যতা নিশ্চিত করতে এখন তাদের কঠিন লড়াই অপেক্ষা করছে।











































