স্পোর্টস ডেস্ক
চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে বিরল এক পরাজয়ের মুখ দেখল ম্যানচেস্টার সিটি। বুন্দেসলিগা ক্লাব বায়ার লেভারকুসেন ২-০ গোলে জিতে সিটির গ্রুপ ও নকআউট পর্ব মিলিয়ে ২৩ ম্যাচের ইতিহাদ স্টেডিয়ামের অপরাজেয় ধারার ইতি টানে।
পেপ গার্দিওলার সিটি কোচ হিসেবে ১০০তম চ্যাম্পিয়নস লিগ ম্যাচও রাঙল না জয়ে। পাঁচ ম্যাচ শেষে ১০ পয়েন্ট নিয়ে সিটি আপাতত ষষ্ঠ স্থানে। অন্যদিকে গ্রিমালদো ও শিকের গোলে জয় পাওয়া লেভারকুসেন রয়েছে ১৩তম স্থানে।
ম্যাচের শুরুতে গার্দিওলা বিশ্রাম দেন তার বেশ কয়েকজন মূল খেলোয়াড়কে-যা শেষ পর্যন্ত কাল হয়ে দাঁড়ায়। ২৩তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে মালিক টিলম্যানের ক্রস থেকে শুরু হওয়া মুভে কোফানের সেটআপে গ্রিমালদো নিখুঁত শটে জাল খুঁজে নেন।
৫৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন প্যাট্রিক শিক। নাথান আকেকে পরাস্ত করে তার হালকা হেড সিটির গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের হাত এড়িয়ে জালে জড়ায়।
৬৫তম মিনিটে দর্শকদের দাঁড়িয়ে অভিবাদনের মধ্যে নামেন গোলমেশিন আর্লিং হালান্ড। তবে তাঁর সেরা সুযোগটিও ঠেকিয়ে দেন লেভারকুসেনের গোলরক্ষক মার্ক ফ্লেকেন-যা নিশ্চিত করে সিটির হতাশাজনক রাত।











































