স্টাফ রিপোর্টার।।
সুন্দরবনে পর্যটন সুবিধা বাড়াতে বহরে যুক্ত হয়েছে আধুনিক ক্যাটামেরান জাহাজ এম ভি ওশান পার্ল। আগামী ২৮ নভেম্বর থেকে পর্যটক নিয়ে নিয়মিত ভ্রমণ শুরু করবে জাহাজটি। এ উপলক্ষে মঙ্গলবার (২৫ নভেম্বর) জাহাজের উদ্বোধন ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এটি নিজাম শিপিং লাইন্সের স্বত্বাধিকারী ও বরিশাল মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের সভাপতি সিআইপি মো. নিজাম উদ্দিন। এতে প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় সুধীজনরা উপস্থিত ছিলেন।
সিআইপি মো. নিজাম উদ্দিন জানান, ক্যাটামেরান জাহাজের দুটি পৃথক এবং সমান্তরাল হাল বা কাঠামো থাকে। এই দুটি কাঠামোর প্রশস্ত দূরত্ব এটিকে ভারসাম্য ও স্থিতিশীলতা প্রদান করে, যা এটিকে সহজে উল্টে যাওয়া থেকে রক্ষা করে এবং ঝড়সহ যে কোনো দুর্যোগে ডুবে যাওয়ার ঝুঁকি কমায়। জাহাজে ৭৫ জন পর্যটক ভ্রমণ করতে পারবেন। তাদের জন্য জাহাজের ভেতরে সুইমিংপুল, আধুনিক আসবাব, শিশুদের পৃথক খেলার জায়গা, জিম সুবিধা, উন্মুক্ত বারবিকিউ জোন এবং স্বাস্থ্যকর ব্যতিক্রমী খাবারের ব্যবস্থা থাকবে।
তিনি জানান, জাহাজের বর্জ্য সংরক্ষণের বিশেষ ব্যবস্থা রয়েছে। খুলনা থেকে যাত্রা শুরু করে খুলনায় ফিরে নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা হবে। বনের ভেতর বর্জ্য ফেলা এবং শব্দ দূষণ বন্ধে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়েছে।
এম ভি ওশান পার্লের প্রধান নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বাপ্পি জানান, জাহাজটি খুলনার জেলখানা ঘাট থেকে যাত্রা শুরু করে তিন দিন ও দুই রাত সুন্দরবন ভ্রমণ শেষে খুলনায় ফিরবে। তিন দিনের সুন্দরবনে ভ্রমণে ভাড়া হবে অন্যান্য জাহাজের চাইতে তুলনামূলক কম।











































