যশোর অফিস।।
যশোরের বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে ৩৩৪ ট্রাক বিভিন্ন ধরনের পণ্যের আমদানি, রফতানি বাণিজ্য হয়েছে এবং ১৩৫৩ জন পাসপোর্টধারী যাতায়াত করেছে। এ সময় বাণিজ্য খাতে প্রায় ১০ কোটি টাকা এবং ভ্রমণ খাতে প্রায় ১২ লাখ টাকা রাজস্ব আহরণ হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) পলাশ হোসেন বেনাপোল রুটে বাণিজ্য ও পাসপোর্টধারী যাতায়াতের তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয় মানিচেঞ্জার ব্যবসায়ীদের তথ্য মতে, বুধবার বাংলাদেশি ১০০ টাকার বিনিময়ে মিলেছে ৭৩ রুপি এবং ভারতীয় ১০০ টাকায় বাংলাদেশি টাকা পাওয়া গেছে ১৩৫ টাকা। প্রতি ইউএস ডলারের ক্রয় মূল্য ছিল ১২৫ টাকা এবং বিক্রয় মূল্য ১২৬ টাকা।
বন্দরের তথ্য মতে, মঙ্গলবার সকাল ৯টা থেকে বেনাপোল ও পেট্রাপোলে আমদানি ও রফতানি বাণিজ্য শুরু হয়। এদিন দিনভর ভারত থেকে আমদানি হয়েছে ৪১ ট্রাক পণ্য। আমদানি পণ্যের মধ্যে ছিল শিল্প কলকারখানার কাঁচামাল, তৈরি পোশাক, কেমিকেল, শিশুখাদ্য, মেশেনারিজ দ্রব্য, অক্সিজেন, বিভিন্ন প্রকারে ফল, চাল, পেঁয়াজ, মাছসহ বিভিন্ন পণ্য।
বাংলাদেশি পণ্য ভারতে রফতানি বাণিজ্য হয়েছে ৭৮ ট্রাক পণ্য। এসব পণ্যে মধ্যে উল্লেখ্য ছিল, বসুন্ধরা টিসু, মেলামাইন, কেমিকেল মাছ ও ওয়ালটন পণ্যসামগ্রী।
বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি খায়রুজ্জামান মধু জানান, ৫ আগস্টের আগে প্রতিদিন প্রায় ৭০০ ট্রাক পণ্যের বাণিজ্য হতো। তবে গত বছরের ৫ আগস্টের পর দুই দেশের একের পর এক বাণিজ্যের ওপর নিষেধাজ্ঞায় আমদানি, রফতানি ও পাসপোর্টধারী যাতায়াত অর্ধেকের নিচে কমে এসেছে। এক বছর ধরে বন্ধ দুই দেশের বাণিজ্য বৈঠক। এতে দুই দেশের ব্যবসায়ীরাই বড় ধরনের বিড়ম্বনা ও ক্ষতির মুখে পড়েছেন। বাণিজ্যের পরিবেশ ফেরাতে সরকারের পদক্ষেপ কামনা করেন তিনি।
ইমিগ্রেশন তথ্য জানান, ভোর সাড়ে ৬টা থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে শুরু হয় পাসপোর্টধারী যাতায়াত। মঙ্গলবার ভোর সাড়ে ৬টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দুই দেশের মধ্যে মোট যাতায়াত করেছে ১৩৫৩ জন। এদের মধ্যে বেনাপোল বন্দর দিয়ে ভারতে গেছে ৮২৬ জন।
ভারতে যাওয়া যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছিল ৬০১ জন, ভারতীয় ২২৪ জন ও অন্যান্য দেশের একজন। এ সময় ভারত থেকে ফিরেছে ৫২৭ জন। ভারতফেরত যাত্রীদের মধ্যে বাংলাদেশি ছিলেন ৩৯০ জন, ভারতীয় ১৩৪ জন। অন্যান্য দেশের ছিল তিনজন। ৫ আগস্টের পর ভিসা জটিলতায় পাসপোর্টধারী যাতায়াত কমে যায়।
এ দিকে বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, সবশেষ ২৩ নভেম্বর রেলপথে এসিআই মটরস নামে আমদানিকারক ভারত থেকে ১০০টি ট্রাক্টর আমদানি করেছে। তবে গত বছরের ৫ আগস্টের পর থেকে ভারতের নিষেধাজ্ঞার কারণে ঢাকা-বেনাপোল-কলকাতা রুটে দুই দেশের মধ্যে যাত্রীবাহী রেল চলাচল বন্ধ রয়েছে।











































