স্পোর্টস ডেস্ক
ভারতীয় ক্রিকেটার স্মৃতি মান্ধানা ও সংগীতশিল্পী পলাশ মুচ্ছালের বিয়ের আয়োজন একের পর এক স্বাস্থ্যগত জটিলতায় জড়িয়ে পড়েছে। বিয়ের দিনই হৃদ্রোগজনিত উপসর্গ দেখা দেওয়ায় স্মৃতির বাবাকে হাসপাতালে ভর্তি করতে হয়। এবার অসুস্থ হয়ে পড়লেন বর পলাশও।
সোমবার ভাইরাল সংক্রমণ ও অতিরিক্ত অ্যাসিডিটির কারণে তাকে মহারাষ্ট্রের সাংলির একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। তবে এনডিটিভি সূত্রে জানা গেছে, পরে তাকে মুম্বাইয়ের হাসপাতালে সরিয়ে নেওয়া হয়েছে।
পলাশকে মুম্বাইয়ের গোরেগাঁওয়ের এসভিআর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্রের বরাতে জানা যায়, টানা কনসার্ট এবং বিয়ের প্রস্তুতি নিয়ে ঘন ঘন যাতায়াতের চাপ তার স্বাস্থ্যে বড় প্রভাব ফেলেছে। ঠিক কতটা গুরুতর অবস্থায় তিনি আছেন, তা এখনো জানা যায়নি।
হিন্দুস্তান টাইমস–এর এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা অসুস্থ হওয়ার খবর পাওয়ার পরই বিয়ের অনুষ্ঠান স্থগিত করার সিদ্ধান্ত নেন পলাশ নিজেই। পলাশের মা অমিতা জানান, স্মৃতির বাবার সঙ্গে তার ছেলের বিশেষ ঘনিষ্ঠতা রয়েছে এবং তার অসুস্থতার খবর শুনেই শোকে ভেঙে পড়েন তিনি।
তিনি বলেন, ‘পলাশের স্মৃতির বাবার সঙ্গে গভীর সংযোগ… স্মৃতির চেয়েও তারা বেশি কাছের। তিনি অসুস্থ হওয়ার খবর পাওয়ার পর স্মৃতির আগেই পলাশ সিদ্ধান্ত নেয় যে ‘আঙ্কেল’ সুস্থ না হওয়া পর্যন্ত বিয়ের আনুষ্ঠানিকতা করা যাবে না।’
অমিতা আরও জানান, শ্রীনিবাস মান্ধানার অসুস্থতার খবর পলাশের মানসিকভাবে বড় ধাক্কা দেয়। তিনি কাঁদতে কাঁদতেই অসুস্থ হয়ে পড়েন।
তিনি বলেন, ‘হলুদের অনুষ্ঠান হয়ে যাওয়ায় আমরা তাকে বাইরে যেতে দিইনি। এত কাঁদছিল যে হঠাৎই শরীর খারাপ হয়ে যায়। চার ঘণ্টা হাসপাতাল রাখতে হয়। স্যালাইন, ইসিজি এবং আরও কিছু পরীক্ষা করা হয়। সব রিপোর্ট স্বাভাবিক এসেছে, কিন্তু তার মানসিক চাপ প্রচুর।’











































