অনলাইন ডেস্ক।।
দুবাই এয়ার শো ২০২৫-এ দীর্ঘদিনের মিত্র ভারতকে পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক স্টেলথ যুদ্ধবিমান সু-৫৭ দেয়ার প্রস্তাব দিয়েছে রাশিয়া। একইসঙ্গে ধাপে ধাপে ভারতেই এর উৎপাদন ব্যবস্থায় সহযোগিতার ইচ্ছাও প্রকাশ করেছে দেশটি। বিষয়টি নিশ্চিত করেছেন রাশিয়ার সরকারি মালিকানাধীন প্রতিরক্ষা সংস্থা রোস্টেকের সিইও সের্গেই চেমেজভ।
দিল্লির প্রতিরক্ষা চাহিদা পূরণে মস্কোর আগ্রহের কথা উল্লেখ করে চেমেজভ বলেন, ‘ভারত-রাশিয়া বহু বছরের কৌশলগত অংশীদার। অতীতেও ভারতের ওপর নিষেধাজ্ঞা থাকলেও রাশিয়া নিরাপত্তা নিশ্চিতে সামরিক সরঞ্জাম সরবরাহ অব্যাহত রেখেছিল। আজও আমরা সেই নীতি অনুসরণ করছি। ভারতের প্রয়োজনীয় সামরিক সরঞ্জাম সরবরাহ এবং পারস্পরিক স্বার্থ জোরদার করতে আমরা প্রস্তুত।’
ভারত অতিরিক্ত এস-৪০০ ব্যবস্থা বা অত্যাধুনিক যুদ্ধবিমান সু-৫৭ নিয়ে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ করেছে কি না—এমন প্রশ্নে রোস্টেক প্রধান বলেন, ‘আমাদের ভারতের সাথে দৃঢ় সম্পর্ক রয়েছে। ভারত যা চাইবে, রাশিয়া তা দিতে প্রস্তুত।’
এমন সময়ে প্রস্তাবটি এসেছে যখন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর রাশিয়া সফরে রয়েছেন। তিনি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন এবং সরকার প্রধানদের শীর্ষ সম্মেলনেও যোগ দিয়েছেন।
সু-৫৭ হলো রাশিয়ার দ্বৈত ইঞ্জিনযুক্ত পঞ্চম প্রজন্মের স্টেলথ মাল্টিরোল ফাইটার জেট, যা আকাশ থেকে আকাশ এবং আকাশ থেকে ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। ফাইটারটি মূলত আকাশে শ্রেষ্ঠত্ব এবং আক্রমণ মিশনের জন্য ডিজাইন করা হয়েছে। এটি মার্কিন এফ-৩৫-এর প্রতিদ্বন্দ্বী হিসেবেও বিবেচিত।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, ইউনাইটেড এয়ারক্রাফট করপোরেশনের (ইউএসি) মহাপরিচালক ভাদিম বাদেখা জানান, সু-৫৭ নিয়ে ভারতের প্রযুক্তিগত চাহিদা ও উদ্বেগ রাশিয়া ইতিবাচকভাবে বিবেচনা করছে।
অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় অস্ত্র রপ্তানিকারক সংস্থা রোসোবোরোনেক্সপোর্টের একজন জ্যেষ্ঠ প্রতিনিধি বলেছেন, সংস্থাটি ভারতকে ভবিষ্যৎ প্রজন্মের বিমানের জন্য বিমান অস্ত্রের লাইসেন্সপ্রাপ্ত উৎপাদন এবং ভারতীয় অস্ত্রের সংযুক্তির প্রস্তাব করেছে। তিনি আরও বলেন, রাশিয়া ও ইউএসি ভারতকে রাশিয়ায় তৈরি সু-৫৭ সরবরাহের পাশাপাশি ধাপে ধাপে উৎপাদন প্রযুক্তি ভারতেই স্থানান্তরের রূপরেখা দিয়েছে।
রোসোবোরোনএক্সপোর্ট ভারতের কাছে ইঞ্জিন প্রযুক্তি, অপটিক্স, এএসইএ রাডার, কৃত্রিম বুদ্ধিমত্তার অংশ, লো-সিগনেচার (স্টেলথ) প্রযুক্তি এবং আধুনিক আকাশযুদ্ধ অস্ত্রব্যবস্থার মতো উন্নত প্রযুক্তি হস্তান্তরের প্রস্তাবও করেছে বলে জানান তিনি।
সূত্র: হিন্দুস্তান টাইমস











































