অনলাইন ডেস্ক।।
পাকিস্তান প্রথমবারের মতো সমুদ্রে কৃত্রিম দ্বীপ নির্মাণের উদ্যোগ নিয়েছে। এর মাধ্যমে তেল ও গ্যাস অনুসন্ধানকে আরও জোরদার করা হবে। এই উদ্দেশ্যকে সামনে রেখে ইতোমধ্যে একটি লঞ্চপ্যাড তৈরির জন্য সমুদ্র থেকে জমি পুনরুদ্ধারে কাজ করছে দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন জ্বালানি কোম্পানি পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড (পিপিএল)।
মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডন। পিপিএলের জেনারেল ম্যানেজার আরশাদ পালেকারের উদ্ধৃতি দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, সিন্ধু উপকূল থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে সুজাওয়ালের কাছে কৃত্রিম দ্বীপটি তৈরি করা হবে। ইসলামাবাদে একটি তেল ও গ্যাস সম্মেলনের ফাঁকে তিনি এই কথা বলেন।
গেল জুলাই মাসে পাকিস্তানের বিশাল তেল মজুদ সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগ্রহের ইঙ্গিত দেয়ার পর পাকিস্তানের খনন প্রচেষ্টা নতুন গতি পাচ্ছে। তারপর থেকে ইসলামাবাদ স্থানীয় কোম্পানি পিপিএল মারি এনার্জিজ লিমিটেড এবং প্রাইম ইন্টারন্যাশনাল অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিকে অফশোর অনুসন্ধান লাইসেন্স দিয়েছে।
নতুন প্রকল্পটি আরবের আদলে তৈরির বিষয়ে পালেকার বলেন, ‘পাকিস্তানের জন্য প্রথম প্রকল্পটি আবুধাবির অভিজ্ঞতার ওপর ভিত্তি করে তৈরি, যেখানে খননের জন্য কৃত্রিম দ্বীপগুলো সফলভাবে নির্মিত হয়েছে।’
এই কর্মকর্তার মতে, দ্বীপটির নির্মাণ কাজ সম্পন্ন হবে আগামী ফেব্রুয়ারিতে এবং এর পরপরই কার্যক্রম শুরু হবে। কোম্পানিটি প্রায় ২৫টি কূপ খননের লক্ষ্য নিয়ে কাজ করছে।
এ বিষয়ে সোমবার রাতে এক বিবৃতিতে বিশ্ব বাণিজ্য সংস্থা জানায়, পাকিস্তানের বৃহত্তম তেল পরিশোধক ভিটল এবং সিনার্জিকো জাহাজে জ্বালানি ভরার জন্য দেশের সবচেয়ে বড় একক চালান সরবরাহ করেছে।
আন্তর্জাতিক সমুদ্র সংস্থার (আইএমও) নিম্ন-সালফার নিয়ম মেনে চলে এই চালানটি সিনার্জিকোর প্রথম বৃহৎ আকারের পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদন থেকে সরবরাহ হয়েছে। এই বছরের শুরুতে মার্কিন অপরিশোধিত তেল কার্গো আমদানি করার পর কোম্পানিটি এটি উৎপাদন শুরু করে।
এই পদক্ষেপের ফলে পাকিস্তানে জ্বালানি ভরার জন্য বড় জাহাজগুলো এখন অন্য কোথাও থামার প্রয়োজন ছাড়াই পূর্ব থেকে পশ্চিমে দীর্ঘ পথ অতিক্রম করতে সক্ষম হবে। পাশাপাশি দেশটিতে পরিবেশমান বজায় রাখা সমুদ্র জ্বালানির স্থায়ী সরবরাহও নিশ্চিত হবে।











































