স্টাফ রিপোর্টার||
নগরীর নিক্সন মার্কেটের ১২৩নং হোল্ডিংয়ের দোকান মালিকের পোষ্য সন্ত্রাসী কর্তৃক জীবননাশের হুমকি দিয়ে অবৈধ অর্থ আদায় ও গণমাধ্যমে ষড়যন্ত্রমুলক তথ্য পরিবেশনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃব্য পাঠ করেন শেখ মো. জানুর পক্ষে শেখ মোঃ আব্দুল্লাহ। সোমবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
তিনি বলেন, নগরীর নিক্সন মার্কেটের ১২৩নং হোল্ডিংয়ের দোকানটি ২০০৯ সালে আট হাজার টাকা মাসিক ভাড়া নিয়ে পুরাতন কাপড়ের একজন ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সুনামের সাথে ব্যবসা পরিচালনা করে আসছি। সম্প্রতি দোকান মালিকের ছোট জামাই রাসেল বিভিন্ন সন্ত্রাসীদের দিয়ে জীবননাশের হুমকি দিয়ে দোকান থেকে আমাকে তাৎক্ষনিক জোরপূর্বক উচ্ছেদের নানামুখী ষড়যন্ত্র করছে। রেলওয়ের জমিতে তৈরিকৃত দোকানটি আট হাজার টাকা মাসিক ভাড়ার স্থলে ২২ হাজার টাকা আদায় করছে; এতে ক্ষ্যান্ত না হয়ে বিভিন্ন আমাকে জীবননাশের হুমকি দিচ্ছে। তাতেও অবৈধভাবে উচ্ছেদ করতে সফল না হওয়ায় আমাকে ও আমার আপন ভাগনী কাকলী খানকে জড়িয়ে মিথ্যা তথ্য পরিবেশন করে সংবাদ সম্মেলন করেছে। যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। তিনি সংবাদ সম্মেলনে পরিবেশিত তথ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
তিনি আরো বলেন, ২০০৯ সাল থেকে মাসিক ৮ হাজার টাকা ভাড়ার চুক্তিতে সুনামের সহিত পুরাতন কাপড়ের ব্যবসা পরিচালনা করছি । ২০১৯ সালে দোকান মালিক তৈয়েবুর রহমানের ছোট জামাই রাসেল এসে ‘ওই দোকানে ব্যবসা করতে গেলে মাসিক ভাড়া অতিরিক্ত অর্থ তিনি দাবি করেন। আমার মতো সামান্য ক্ষুদ্র ব্যবসায়ীর পক্ষে তার অনৈতিক দাবি পূরণ করা সম্ভব হয়নি। এরপর থেকে দোকান মালিকের ছোট জামাই রাসেল ও তার পোষ্য সন্ত্রাসীদের দিয়ে আমাকে নানাভাবে হয়রানি করতে শুরু করেন। একপর্যায়ে জীবননাশের হুমকিও দিতে থাকেন তারা। এতে ক্ষ্যান্ত না হয়ে, শেখ পরিবারের আর্শীবাদপুষ্টদের নিয়ে এসে আমাকে মুহূর্তের মধ্যে দোকান ছেড়ে চলে যেতে হুমকি দেন। তৎকালীন কাউন্সিলর শামসুজ্জামান মিয়া স্বপনের কার্যালয়ে ডেকে নিয়ে আমাকে চরমভাবে অপমান করে তাৎক্ষনিকভাবে দোকান ছেড়ে চলে যেতে শাসান। প্রতি নিয়তই অজানা-অচেনা লোকজন এসে আমাকে জীবননাশের হুমকি দিচ্ছে।
এখানে শেষ নয়, সম্প্রতি দোকান মালিকের ছোট জামাই রাসেলের আত্মীয় পরিচয়ে জনৈক লাভলু ও তার পোষ্য সন্ত্রাসীদের নিয়ে আমাকে মুহূর্তের মধ্যে দোকান খালি করতে হুমকি দিচ্ছেন। আমি একজন সামান্য ক্ষুদ্র ব্যবসায়ী। তাৎক্ষনিকভাবে দোকান ছেড়ে দিয়ে পুরাতন কাপড় নিয়ে আমাকে পথে নামতে হবে, চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়বো। সে কারণে খুলনা চেম্বার অব কমার্সসহ ব্যবসায়ীদের সংগঠনের কয়েকটি শালিসে আমাকে আগামী ঈদ পর্যন্ত দোকানের নির্ধারিত ভাড়া পরিশোধ সাপেক্ষে থাকার রায় দিলেও, তা মানছেন না দোকান মালিকের পোষ্য সন্ত্রাসীরা। এসবের প্রতিবাদ করায় ও আমাকে জীবননাশের হুমকি দেয়ায় আমার আপন ভাগনী কাকলী খান আমার পাশে দাড়ায়। এতে ক্ষিপ্ত হয়ে ভাগনী কাকলী খানকে জড়িয়ে রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করতে অসত্য তথ্য পরিবেশন করেছেন দোকান মালিকপক্ষ। যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।
প্রকৃতপক্ষে, শেখ পরিবারের কোটায় চাকরি প্রাপ্ত দোকান মালিকের জামাই রাসেল ২০১৯ সাল থেকে আওয়ামী ক্ষমতার অপব্যবহার করে আমাকে উচ্ছেদ করে দোকানটি শ্রমিক লীগের নেতাকে তুষ্ট করতে তাকেই দেবার চেষ্টা করছিল। কাউন্সিলর স্বপন সব সময় তাদের পক্ষেই আমাকে শাসিয়েছে। বিভিন্নভাবে নালিশের নামে জনৈক লাভলুকে দিয়ে আমাকে চরম হয়রানি করছে। অথচ সংবাদ সম্মেলনে উল্টো আমাকেই ফ্যাসিবাদের আশ্রয় নেবার অভিযোগ তুলছে, যা সম্পূর্ণ বানোয়াট। প্রকৃতপক্ষে দোকান মালিকের ছোট জামাই নিজেই আওয়ামী অর্থ যোগানদাতা; তাদের স্বামী-স্ত্রীর চাকরিই দিয়েছে শেখ পরিবার। এসব কথা প্রকাশ্যে আনায় আমার ভাগনী ২৪নং ওয়ার্ড মহিলাদল নেত্রী কাকলী খানকে জড়িয়ে রাজনৈতিক প্রভাব বিস্তারের বানোয়াট ভিত্তিহীন অভিযোগ তুলছে।











































