Home আঞ্চলিক খুলনায় এজেন্ট মালিকসহ ৯ ব্যাংক কর্তকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

খুলনায় এজেন্ট মালিকসহ ৯ ব্যাংক কর্তকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

359


স্টাফ রিপোর্টার
খুলনায় এজেন্ট ব্যাংকিয়ের মাধ্যমে অর্ধশত গ্রাহকদের ৯৫ লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগে খুলনায় মুন মানহা এজেন্ট শাখার মালিক এস এম সোহেল মাহমুদসহ ৯ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৭ নভেম্বর) দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারি পরিচালক রকিবুল ইসলাম এ মামলা দায়ের করেন। সমন্বিত জেলা কার্যালয় খুলনা (মহানগর) এর মামলা নম্বর: ১৫, তারিখ: ১৭/১১/২০২৫।
মামলার বাদী এজাহারে জানান, ২০১৮ সালের ১৮ অক্টোবর খুলনার আড়ংঘাটা বাজারে ‘মুন মানহা’ নামে ডাচ বাংলা ব্যাংক, রকেট এণ্ড এজেন্ট ব্যাংকিং অফিসের অনুমোদন পান। প্রতিষ্ঠানটির সত্ত্বাধিকারী এস এম সোহেল মাহমুদ, টেলার মো: আব্দুল হান্নান ও আউটলেট পাবলিক রিলেশন অফিসার পলি খাতুন বিভিন্ন সময়ে ৫০ জন গ্রাহকের কাছ থকে ম্যানুয়াল জমা স্লিপ ও নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিপত্রের মাধ্যমে ১ কোটি ১৭ লাখ ৬২ হাজার ৩৯০ টাকা গ্রহণ করে। যার মধ্যে ৯৪ লাখ ৯৭ হাজার ৫৬৬ টাকা ফেরত প্রদান না করে আত্মসাৎ করেন। ২০২৩ সালের ৬ ফেব্রুয়ারি তারা শাখাটি বন্ধ করে পালিয়ে যান।
দুদক জানায় এ ঘটনা সঙ্গে ব্যাংকটির খুলনা রকেট এন্ড এজেন্ট ব্যাংকিং শাখার সাবেক এরিয়া ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম, সাবেক রিজিওনাল হেড এ এইচ এম কামরুজ্জামান, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান আহাম্মেদ আসলাম আল ফেরদৌস, ফিন্যান্সিয়াল ইনক্লুশন কমপ্লায়েন্স ডিভিশনের বিভাগীয় প্রধান মো: ফরহাদ মাহমুদ, ডাচ বাংলা ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ফিন্যান্সিয়াল ইনক্লুশন) মো: সাহাদাৎ হোসেন ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন পরস্পর যোগসাজসে এ কাজ করেছেন। আভ্যন্তরিণ তদন্তে ঘটনার সত্যতা মিললেও তারা কোন ব্যবস্থা নেননি। এমনকি এজেন্ট শাখার প্রতারিত গরীব, স্বল্পশিক্ষিত, অসহায় ও প্রান্তিক পর্যায়ের গ্রাহকদের টাকা ফেরত পাবার কিংবা ব্যাংকের দায়ী ব্যক্তিদের সনাক্ত বা তাদের বিষয়ে শাস্তিমূলক ব্যবস্থা নেননি। যা দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ দণ্ডবিধি, ১৮৬০ এর ৪০৯/৪২০/১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
সহকারি পরিচালক রকিবুল ইসলাম জানান, এ বিষয়ে ঢাকা অফিসের নির্দেশনা অনুযায়ী সোমবার মামলাটি দায়ের করা হয়েছে।