স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কুঁচকিতে টান পড়ে সেঞ্চুরিয়ান ড্যারিল মিচলের। এ কারণে তিন ম্যাচ সিরিজের বাকি দু’টিতে শঙ্কা দেখা দিয়েছে এ নিউজিল্যান্ড ব্যাটারের। মিচেলের অনিশ্চয়তায় দ্বিতীয় ওয়ানডেতে কিউই দলে ডাক পেয়েছেন হেনরি নিকোলস।
ক্রাইস্টচার্চে প্রথম ওয়ানডেতে রোববার ৭ রানে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ২৬৯ রান তোলে ব্ল্যাক ক্যাপরা। রান তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ থামে ৬ উইকেটে ২৬২ রানে। আগে ব্যাটিংয়ে নেমে ষষ্ঠ ওভারে পরপর দুই বলে ফিরে যান দুই কিউই ব্যাটার রাচিন রবীন্দ্র ও উইল ইয়ং। এরপর ১১৮ বলে ১১৯ রানের ইনিংসে দলকে বিপদ থেকে উদ্ধার করেন মিচেল। এ ইনিংস খেলার পথেই কুঁচকিতে টান খান তিনি।
মিচেলকে হারানো নিউজিল্যান্ডের জন্য বড় ধাক্কা। এর আগে ইংল্যান্ডের সঙ্গে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার ওঠে তার হাতেই। শেষ পর্যন্ত মিচেল না খেলতে পারলে তার জায়গায় একাদশে ঢুকতে নিকোলসকে লড়তে হবে মার্ক চ্যাপম্যানের সঙ্গে। আগে থেকেই স্কোয়াডে আছেন এ বাঁহাতি ব্যাটার। চলতি বছর চার ওয়ানডেতে এক সেঞ্চুরি ও দু’টি ফিফটি করেও দলীয় সমন্বয়ের কারণে জায়গা হচ্ছে না চ্যাপম্যানের। সবশেষ ওয়ানডেতে পাকিস্তানের সঙ্গে ১১১ বলে ১৩২ রানের ইনিংস খেলেন তিনি।
চোটের কারণে এমনিতেই লকি ফার্গুসন, গ্লেন ফিলিপসসহ আরও তারকা ক্রিকেটারদের ছাড়া খেলতে হচ্ছে নিউজিল্যান্ডকে। এর মধ্যে মিচেলকেও হারালে তা দুশ্চিন্তার কারণ হতে পারে ব্ল্যাক ক্যাপদের জন্য। সিরিজের দ্বিতীয় ম্যাচটি নাপিয়েরে শুরু হবে আগামী ১৯শে নভেম্বর।











































