Home বিনোদন ক্ষোভ ঝাড়লেন শাবনূর

ক্ষোভ ঝাড়লেন শাবনূর

8


স্টাফ রিপোর্টার

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে শাবনূর অভিনীত ‘রঙ্গনা’ ছবির বেশ কিছু পর্ব। ছবিটির শুটিং কিছুটা শেষ করে অস্ট্রেলিয়া চলে যান অভিনেত্রী। দেশে ফিরে বাকি কাজ করার কথা ছিল। আরাফাত হোসেন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছেন মৌসুমী মিথিলা। কিন্তু এই সিনেমাটি ইউটিউবে মুক্তি দেয়ায় পরিচালক-প্রযোজকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ঝাড়লেন শাবনূর। গতকাল সকালে এক ফেসবুক পোস্টে তিনি লেখেন, আজকের চলচ্চিত্র জগতে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও পারস্পরিক সম্মানের অভাব দিন দিন বেড়েই চলেছে। দক্ষ পরিচালক ও পেশাদার প্রযোজকের অভাবে মানসম্মত সিনেমা তৈরি করা কঠিন হয়ে পড়েছে। আপনাদের অনেকেই জানেন, আমি ‘রঙ্গনা’ সিনেমায় অভিনয় করতে সম্মত হয়েছিলাম। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে ছবিটির মহরত অনুষ্ঠিত হয় এবং সবাই তখন এ নিয়ে বেশ উচ্ছ্বসিত ছিল। কিছুদিন শুটিং করার পর নানা জটিলতার কারণে ছবিটির কাজ সম্পূর্ণ করা সম্ভব হয়নি। প্রযোজকের সঙ্গে আমার কথাবার্তা ছিল, দেশে ফিরে বাকি অংশের শুটিং শেষ করে প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে। শাবনূর আরও বলেন, কাজ শুরুর আগেই তারা একটি নিম্নমানের পোস্টার প্রকাশ করে, যা সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচিত হয়। আমাকে শুরুতে বলা হয়েছিল, কিছু দৃশ্য ও গান বিদেশে শুট হবে এবং এডিটিংও হবে দেশের বাইরে, কিন্তু বাস্তবে তাদের কথার কোনো প্রতিফলন দেখিনি। তবুও আমি আমার প্রতিশ্রুতি রাখতে চেয়েছিলাম এবং ডিসেম্বরে বাকি শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু হঠাৎ দেখি, সিনেমার অসম্পূর্ণ ফুটেজ ইউটিউবে প্রকাশ করা হয়েছে। যে সিনেমা বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা, সেটি এখন বিনামূল্যে অনলাইনে ছড়িয়ে পড়েছে। আমি বড় পর্দার অভিনেত্রী। আমার কাজ ইউটিউবে বিনামূল্যে দেখানোর জন্য নয়। যদি আগে জানতাম এই প্রজেক্টটি সিনেমা হলের বদলে ইউটিউব কনটেন্ট হিসেবে প্রকাশিত হবে, তবে আমি কখনোই এতে অংশ নিতাম না।