Home খেলাধুলা তিন দলের টুর্নামেন্টের নাম বিসিবি প্রেসিডেন্টস কাপ

তিন দলের টুর্নামেন্টের নাম বিসিবি প্রেসিডেন্টস কাপ

12

ক্রীড়া প্রতিবেদক

শ্রীলঙ্কা সফর স্থগিত হওয়ার পর ঘরোয়া ক্রিকেট মাঠে ফেরাতে উদ্যোগী হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তার আগে ক্রিকেটারদের প্রস্তুত করতে কয়েকটি প্রস্তুতি ম্যাচেরও আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে দুটি দুইদিনের প্রস্তুতি ম্যাচ খেলেছে স্কিল ক্যাম্পের ক্রিকেটাররা। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। যার নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তিন দলের এ টুর্নামেন্টের নাম ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ’।
বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী গতকাল বৃহস্পতিবার বলেছেন, ‘বিসিবি প্রেসিডেন্টস কাপ নামে টুর্নামেন্টটির নামকরণ করা হয়েছে। বিসিবির নিজস্ব ব্যবস্থাপনায় সবসময় টুর্নামেন্ট আয়োজন করা হয় এবং স্পনসরও নেওয়া হয় । কিন্তু এই টুর্নামেন্টের জন্য স্পনসর নেওয়ার কোনো পরিকল্পনা নেই।’ ৫০ ওভারের টুর্নামেন্টটি ডাবল লিগ পদ্ধতিতে হবে। সব ম্যাচই দিবারাত্রির ও বৃষ্টির কারণে রাখা হয়েছে রিজার্ভ ডে। টুর্নামেন্টে খেলবেন ৪৫ ক্রিকেটার। ফাইনাল সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। ‘তামিম একাদশের’ নেতৃত্বে থাকবেন তামিম ইকবাল, ‘মাহমুদউল্লাহ একাদশের’ নেতৃত্বে মাহমুদউল্লাহ এবং ‘নাজমুল একাদশের’ নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে।
মাহমুদউল্লাহ ও নাজমুল একাদশের ম্যাচ দিয়ে ১১ অক্টোবর শুরু হবে তিন দলের লড়াই। ১৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে তামিম একাদশের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ একাদশ। ১৫ অক্টোবর তৃতীয় ম্যাচে নাজমুল একাদশের প্রতিপক্ষ তামিম একাদশ। ১৭ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশের প্রতিপক্ষ নাজমুল একাদশ। ১৯ অক্টোবর পঞ্চম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশ মুখোমুখি হবে তামিম একাদশের। ২১ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নাজমুল একাদশ ও তামিম একাদশ। একদিন বিরতি দিয়ে ২৩ অক্টোবর হবে ফাইনাল। সব ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বেলা দেড়টায়। তিনটি দল

এশিয়ান ন্যাশন্স কাপে বাংলাদেশের ১০ দাবাড়ু

ক্রীড়া প্রতিবেদক

কাল শনিবার শুরু হচ্ছে এশিয়ান ন্যাশন্স অনলাইন দাবা কাপ। প্রতিযোগিতায় বাংলাদেশের পুরুষ ও নারী দুটি দল অংশ নেবে। পুরুষ দলের ৫ দাবাড়ু হচ্ছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ, গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ডমাস্টার রিফাত বিন সাত্তার এবং ইন্টারন্যাশনাল মাস্টার ফাহাদ রহমান ও ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন সাগর। পুরুষ দলের অধিনায়ক বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ।
মহিলা দলের ৫ দাবাড়ু হচ্ছেন মহিলা আন্তর্জাতিক মাস্টার রানী হামিদ, মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন শারমিন সুলতানা, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ। মহিলা দলের অধিনায়ক বাংলাদেশ দাবা ফেডারেশনের নির্বাহী সদস্য এবং ইন্টারন্যাশনাল অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি।
২০ হাজার মার্কিন ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পুরুষ বিভাগে অংশ নিচ্ছে এশিয়ার ৩৯ টি দেশ। এর মধ্যে বাংলাদেশ রয়েছে ৫ নম্বরে। মহিলা বিভাগে অংশ নিচ্ছে ৩২ টি দেশ। এর মধ্যে বাংলাদেশ ৯ নম্বরে। শনিবার শুরু হয়ে পুরুষ বিভাগের খেলা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। রোববার শুরু হবে মহিলা বিভাগের খেলা। শেষ হবে ১৯ অক্টোবর।
মহিলা দলের অধিনায়ক এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য মাহমুদা হক চৌধুরী মলি জানিয়েছেন, ‘বাংলাদেশের সবাই নিজ নিজ বাসা থেকেই টুর্নামেন্টে অংশ নেবেন।’

অ্যাড. সাইফুলকে মুক্ত বাংলা সংস্থার অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে প্রথমবারের মত নির্বাচনে অংশ নিয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জেলা আইনজীবী সমিতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৭টায় নগরীর ২৭নং ওয়ার্ড কাউন্সিলর অডিটরিয়ামে অ্যাড. মো. সাইফুল ইসলামকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্ত বাংলা সংস্থার নেতৃবৃন্দরা। নেতৃবৃন্দরা হলেন সংস্থার সভাপতি জেড এ মাহমুদ ডন, সাধারণ সম্পাদক কামরান হাসান মন্টুর ওয়ারিছুল হক পলাশ, আব্দুল লতিফ সুইট, সহিদ, কালাম, জাকির, আলি হাসান বাবু, তালাত মাহমুদ সাগর, আবুল হাসান, বাচ্চু, দ্বীন মোহাম্মদ, আজম, আনোয়ার, লতিফ, জাহিদ প্রমুখ।

বিশ্ব একাদশ-এশিয়া একাদশের ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

মুজিব শতবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে বাংলাদেশে বিশ্ব একাদশ ও এশিয়া একাদশের মধ্যকার দুই ম্যাচের সিরিজ আয়োজনের পরিকল্পনা করেছিল বিসিবি। কিন্তু করোনা প্রকোপে ভেস্তে যায় সেই পরিকল্পনা। ম্যাচগুলো স্থগিত করতে বাধ্য হয় বাংলাদেশ ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
তবে পুনরায় ক্রিকেট ফেরানোর চেষ্টায় থাকা বিসিবি জানিয়েছে, করোনা পরিস্থিতি শিথিল হলে বিশ্ব একাদশ এবং এশিয়া একাদশের মধ্যকার ম্যাচগুলো আয়োজন করবে তারা। সেই পরিকল্পনাই করছে বিসিবি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে গত ২১ ও ২২ মার্চ ম্যাচ দুটি হওয়ার কথা ছিল মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। তার আগে ১৮ মার্চ হওয়ার কথা ছিল এ আর রহমানের কনসার্ট। কিন্তু বাংলাদেশে ৮ মার্চ প্রথম ধরা পড়ে করোনাভাইরাস। এর দশ দিন পর করোনায় প্রথম মৃত্যুর খবর আসে বাংলাদেশে। যার কারণে সকলের সুরক্ষা বিবেচনায় পিছিয়ে দিতে হয় সবকিছু। এমনকি দেশের সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে সম্প্রতি দেশে আবার ক্রিকেট কার্যক্রম চালু করেছে বিসিবি। আর এমন সময় স্বাভাবিকভাবেই তাই সামনে আসে মুজিববর্ষের টি-টোয়েন্টি ম্যাচ দুটির ভাগ্য নিয়েও। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানিয়েছেন, ম্যাচ দুটি আয়োজনের পরিকল্পনা আছে বিসিবির।

দুরন্ত বোলিংয়ে চেন্নাইকে হারাল কেকেআর

ক্রীড়া প্রতিবেদক

দুরন্ত বোলিং নাইটদের। আর তার জেরেই প্রায় হারতে বসা ম্যাচ জিতে নিল কলকাতা নাইট রাইডাস। বুধবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এল কেকেআর।
১৬৮ রান তাড়া করতে নেমে ইনিংসের ১৫ ওভার পর্যন্ত ম্যাচের রাশ নিজেদের হাতে ছিল সুপার কিংসের। কিন্ত তারপর একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ নাইটদের হাতে তুলে দেয় টিম ধোনি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রানের বেশি তুলতে পারেনি সুপার কিংস। ১০ রানে ম্যাচ জিতে নেয় কেকেআ। সেই সঙ্গে পাঁচ ম্যাচে তিনটি জিতে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় তিন নম্বরে উঠে এলে নাইটরা।

চেপতেগেই-লেতেসেনবেতের বিশ্ব রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

পুরুষদের দশ হাজার মিটার দৌড়ে বিশ্ব রেকর্ড ভেঙে ফেলেছেন উগান্ডার জোশুয়া চেপতেগেই। ভ্যালেন্সিয়াতে বিশ্ব রেকর্ড হয়েছে আরও একটি। মেয়েদের পাঁচ হাজার মিটারে রেকর্ড ভেঙেছেন ইথিওপিয়ার লেতেসেনবেত গিদে।
২৪ বছরের চেপতেগেই নতুন রেকর্ড গড়তে সময় নিয়েছেন ২৬ মিনিট ১১ সেকেন্ড। ইভেন্টটিতে আগের বিশ্ব রেকর্ডটি ছিল কেনেনিসা বেকেলের। ১৫ বছর আগে ২৬.৬২ সেকেন্ড সময় নিয়েছিলেন তিনি। ২২ বছরের গিদে দৌড় শেষ করতে সময় নিয়েছেন ১৪ মিনিট ৬.৬২ সেকেন্ড। ২০০৮ সালে আগের রেকর্ডটি করেছিলেন তিরুনেশ দিবাবা। তার টাইমিং ছিল ১৪ মিনিট ১১.১৫ সেকেন্ড। দুজনেই অসাধারণ এই কৃতিত্ব দেখিয়েছেন এনএন ভ্যালেন্সিয়া ওয়ার্ল্ড রেকর্ড ডে’তে।

চোট নিয়েও সেমি-ফাইনালে জোকোভিচ

ক্রীড়া প্রতিবেদক

ইনজুরি নিয়েই কোর্টে নেমেছিলেন নোভাক জোকোভিচ। শুরুতে পিছিয়েও পড়েছিলেন। কিন্তু হাল ছাড়েননি। প্রতিপক্ষ পাবলো ক্যারেনো বাস্তাকে হারিয়ে ঠিকই ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনালে পৌঁছে গেছেন এ সার্বিয়ান সুপারস্টার।
বিশ্বের টেনিস র‌্যাঙ্কিং’র নাম্বার ওয়ান তারকা যখন কোর্টে ঢুকেন, তখনই বোঝা গিয়েছিল, তার পিছু নিয়েছে চোট। গলায় লাগানো ছিল টেপ। বারবার বাঁ হাতের উপরের অংশটা মেসেজ করিয়ে নিচ্ছিলেন। এ কারণে প্রথম সেটটা হেরে যান ৪-৬ গেমে। কিন্তু পরে আর পিছু তাকাতে হয়নি। স্প্যানিশ প্রতিপক্ষকে পাত্তাই দেননি। খেলায় ফিরে শেষের তিন সেট ৬-২, ৬-৩ ও ৬-৪ গেমে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করেন টেনিস মেগাস্টার জোকোভিচ।

ইউক্রেনের জালে ফ্রান্সের ৭ গোল

ক্রীড়া প্রতিবেদক

বিশ্বচ্যাম্পিয়নদের ঝাঁঝ টের পেল ইউক্রেন। বুধবার রাতে প্রীতি ম্যাচে তাদের ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জিরু-এমবাপ্পেদের ফ্রান্স। স্তাদে দি ফ্রান্সে জোড়া গোল করেন অলিভার জিরু। গোল পেয়েছেন অন্য দুই তারকা ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে আর আঁতোয়া গ্রিজম্যানও। ইউক্রেনের হয়ে একটি গোল শোধ করেন ভিক্টর তাইশাঙ্কোভ।
ম্যাচে দাপট দেখিয়েই খেলেছে ফ্রান্স। নবম মিনিটেই তারা পেয়ে যায় সাফল্য। গোল করে দলকে এগিয়ে নেন এদোয়ার্তো কামাভিঙ্গা। এরপর ২৪ আর ৩৩ মিনিটে দুই গোল জিরুর। প্রথমার্ধের ঠিক আগে আত্মঘাতী গোলে ইউক্রেনের হতাশা আরও বাড়ান ভিতালি মাইকলেঙ্কো। ৪-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স। দ্বিতীয়ার্ধের শুরুর দিকে অবশ্য একটি গোল শোধ করতে পেরেছিল ইউক্রেন। ৫৩ মিনিটে ভিক্টর তাইশাঙ্কোভ ব্যবধান ৪-১ করেন। তবে ৬৫ মিনিটে আরও এগিয়ে যায় ফরাসিরা। এবার গোল করেন কোরেন্টিন তোলেসো। ৮২ মিনিটে এমবাপে আর ৮৯ মিনিটে গ্রিজম্যান আরও দুই গোল করে ব্যবধান ৭-১ করে দেন। শেষতক ওই বড় ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

জার্মানিকে রুখে দিল তুরস্ক

ক্রীড়া প্রতিবেদক

ছয় গোলের রোমাঞ্চকর এক লড়াই হলো। প্রতিবারই এগিয়ে গিয়েছিল জার্মানি। কিন্তু লিড ধরে রাখতে পারল না। প্রতিবারই তাদের হতাশায় ডুবাল তুরস্ক। বুধবার রাতে প্রীতি ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছে জার্মানি-তুরস্ক।
জার্মান মিডফিল্ডার ফোরিয়ান নেওহাস অভিষেক ম্যাচেই গোল পেয়েছেন। কিন্তু দিনটি জার্মানির হলো না। টানা তৃতীয় ম্যাচে হোঁচট খেল জোয়াকিম লো’র শিষ্যরা। প্রথমার্ধে যোগ করা সময়ে গোল করে জার্মানিকে এগিয়ে নিয়েছিলেন জুলিয়ান ড্র্যাক্সলার। কিন্তু দ্বিতীয়ার্ধে খেলা শুরু হতে না হতেই সেই গোল শোধ করে দেয় তুরস্ক। ৪৯ মিনিটে সমতাসূচক গোল করেন ওজান তুফান। ৫৮ মিনিটে ফের জার্মানিকে এগিয়ে দেন অভিষিক্ত নেওহাস। নয় মিনিটের মাথায় গোল শোধ করে তুরস্ক। ৬৮ মিনিটে ২-২ সমতা আনেন এফেকান কারাকা। ৮১ মিনিটে জার্মানির হয়ে তৃতীয় গোলটি করে লুকা ওয়াডসমিত। মনে হচ্ছিল, ৩-২ গোলের হাসি নিয়ে মাঠ ছাড়তে পারে জার্মানরা। কিন্তু ম্যাচের একদম অন্তিম মুহূর্তে, অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে তুরস্কের গোল শোধ করেন কেনান কারামান।

স্পেনের সঙ্গে রোনালদোদের গোল শূন্য ড্র

ক্রীড়া প্রতিবেদক

ভাগ্যটা সহায় ছিল না পর্তুগালের। নইলে কি আর দুই-দুইবার পর্তুগিজদের শট আঘাত করে ক্রসবারে। পরে আর কোনো গোলের দেখাও মেলেনি। তাই তো স্পেনের বিপক্ষে প্রীতি ম্যাচে গোল শূন্য ড্রয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের।
গোলবার জুভেন্টাস ফরওয়ার্ড সিআর সেভেনের দুর্দান্ত গোল প্রচেষ্টার পথে বাধা হয়ে দাঁড়ায় ম্যাচের দ্বিতীয়ার্ধে। রেনাতো সানচেসের ক্ষিপ্রগতির শটও রুখে দেয় ক্রসবার। প্রথমার্ধে গোলের জন্য মরিয়া হয়ে খেলেছে স্পেন। মাঠের লড়াইয়ে বিস্তার করেছিল আধিপত্য। কিন্তু তারপরও ব্রেকথ্রুর দেখা পায়নি অতিথি স্প্যানিশ শিবিরও। লিডসের রদ্রিগোর বাঁকানো শট চলে যায় গোলপোস্টের অনেক বাইরে দিয়ে। আর ড্যানি অলমো সরাসরি বল পাঠিয়ে দেন পর্তুগিজ গোলরক্ষক রুই প্যাট্রিসিও’র হাতে। স্পোর্টিং লিসবনের ৫০ হাজার দর্শক ধারণ ক্ষমতার হোসে আলভালাদে স্টেডিয়ামে ম্যাচটি হয়েছে মাত্র আড়াই হাজার দর্শকের সামনে।

হারে বিবর্ণ ডি বোয়েরের অভিষেক

ক্রীড়া প্রতিবেদক

অভিষেকটা জয় দিয়ে রাঙাতে পারলেন না ফ্রাঙ্ক ডি বোয়ের। নেদারল্যান্ডসের কোচ হিসেবে প্রথম ম্যাচেই হজম করলেন হারের স্বাদ। দ্বিতীয়ার্ধে উলভস স্ট্রাইকার রাউল জিমেনেজের পেনাল্টি গোলের সুবাদে প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে মেক্সিকো।
স্পট কিক থেকে গোল করার আগে জিমেনেজ অনেকগুলো গোলের সুযোগ নষ্ট করেন। ম্যাচ এক ঘণ্টা পূর্ণ হতেই ডাচ ফুটবলার নাথান অ্যাকে পিছন থেকে টেনে ধরলে পেনাল্টি পান জিমেনেজ। নিজেদের মাঠে ম্যাচে খারাপ খেলেছে ডাচ শিবির। কিন্তু তারপরও প্রায় সমতা সূচক গোল পেয়েই গিয়েছিল তারা। কিন্তু দুর্ভাগ্য ম্যাচের শেষ দিকে মেম্ফিস ডিপের শট আঘাত করে গোলবারে। অন্য ম্যাচে কামিল গ্রোসিকির হ্যাটট্রিকের সুবাদে পোল্যান্ড ঘরের মাঠে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে ফিনল্যান্ডকে। আর সফরকারী ক্রোয়েশিয়া ২-১ গোলে হারিয়েছে সুইজারল্যান্ডকে।

মলডোভার জালে ইতালির গোল উৎসব

ক্রীড়া প্রতিবেদক
উয়েফা নেশন্স লিগে পোল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের প্রস্তুতিটা দারুণ হলো ইতালির। দাপুটে ফুটবলে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মলডোভাকে গোলবন্যায় ভাসিয়েছে রবের্তো মানচিনির দল।
নিজেদের মাঠে বুধবার রাতের ম্যাচটি ৬-০ গোলে জেতে চারবারের বিশ্বচাম্পিয়নরা। জোড়া গোল করেন স্তেফান এল শারাউই। একটি করে গোল করেন ব্রায়ান ক্রিস্তান্তে, ফ্রান্সেসকো কাপুতো ও দোমেনিকো বেরার্দি। অন্য গোলটি আত্মঘাতী। এই ম্যাচে নিয়মিত একাদশের অনেককেই খেলাননি মানচিনি। সুযোগ পেয়ে রেকর্ডে অভিষেক রাঙিয়েছেন কাপুতো। সবচেয়ে বেশি বয়সে (৩৩ বছর ৬২ দিনে) অভিষেকে ইতালির হয়ে গোল করার কীর্তি গড়েছেন তিনি। শুরু থেকে বল দখলে আধিপত্য করা ইতালি প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায়। ১৮তম মিনিটে ক্রিস্তান্তে দলকে এগিয়ে নেওয়ার চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কাপুতো। ৩০তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন এল শারাউই। ক্রিস্তান্তের ক্রস ডি-বক্সে দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ড। ছয় মিনিট পর সফরকারী ডিফেন্ডার ভেসেস্লাভ পোসমাকের আত্মঘাতী গোলে ব্যবধান আরও বাড়ে স্বাগতিকদের। প্রথমার্ধের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন এল শারাউই। দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কিছু সুযোগ নষ্ট হওয়ার পর ৭২তম মিনিটে দলের ষষ্ঠ গোলটি করেন বেরার্দি। বাঁ দিক থেকে সতীর্থের বাড়ানো বল খুব কাছ থেকে জালে পাঠান সাস্সুয়োলোর এই ফরোয়ার্ড।

চোটে বলিভিয়া ম্যাচে অনিশ্চিত নেইমার

ক্রীড়া প্রতিবেদক

চোট যেন তার নিত্য সঙ্গী। ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার নেইমার ফের পড়লেন ইনজুরিতে। বুধবার পিঠে ব্যথা নিয়ে ব্রাজিলের অনুশীলন সেশন ত্যাগ করেছেন পিএসজি তারকা। ফলে আজ শুক্রবার বলিভিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে তার খেলা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা।
বলিভিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখেই টেরেসোপোলিসে অনুশীলন করেছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। অনুশীলনে পিঠের নিচের দিকে ব্যথা অনুভব করেন নেইমার। দলীয় চিকিৎসক রদ্রিগো লাসমার জানিয়েছেন, ব্যথার কারণে অনুশীলন থেকে উঠিয়ে নেয়া হয় তারকা এই ফরোয়ার্ডকে। এরই মধ্যে নেইমারকে ফিজিওথেরাপি শুরু হয়েছে। ইনজুরি কি অবস্থায় আছে তা জানার জন্য আগামী ২৪ ঘন্টা তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। অনুশীলনে নামার আগে ফের পরীক্ষা করা হবে নেইমারকে।

শততম ম্যাচে জিরুর রেকর্ড

ক্রীড়া প্রতিবেদক

ফ্রান্সের হয়ে ১০০তম ম্যাচ, এর চেয়ে ভালো উপলক্ষ্য আর কী হতে পারতো অলিভার জিরুর! মাইলফলকের ম্যাচে আরেক অনন্য মাইলফলক স্পর্শ করলেন চেলসি সুপারস্টার।
বুধবার রাতে প্রীতি ম্যাচে ইউক্রেনকে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে ফ্রান্স। বিশ্বচ্যাম্পিয়নদের হয়ে ম্যাচে জোড়া গোল করেন অলিভার জিরু। আর এরই সঙ্গে কিংবদন্তি মিশেল প্লাতিনিকে পেছনে ফেলেছেন ৩৪ বছর বয়সী এই স্ট্রাইকার। ফ্রান্সের সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতার আসন দখল করে নিয়েছেন জিরু। জাতীয় দলের জার্সি গায়ে তার গোল সংখা এখন ৪২। ১৯৭৬ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ফ্রান্সের হয়ে ৭২ ম্যাচ খেলে ৪১ গোল করেছিলেন প্লাতিনি।

রেকর্ড ভাঙলেন ফরাসি বিস্ময়বালক

ক্রীড়া প্রতিবেদক

১৭ বছর বয়স, এরই মধ্যে পায়ের কাছে রেকর্ড গড়াগড়ি খাচ্ছে। ফ্রান্সের এদোয়ার্দো কামাভিঙ্গা একের পর এক ইতিহাস গড়ে চলেছেন। বুধবার রাতটি ছিল তার ক্যারিয়ারের আরেকটি উজ্জ্বলতম রাত।
গত মাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের হয়ে মাঠে নেমে ইতিহাস গড়েছিলেন কামাভিঙ্গা। ১৯১৪ সালের পর ফ্রান্সের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে অভিষেক হয় রেনে তারকার। বুধবার দিদিয়ের দেশমের শুরুর একাদশেই ছিলেন কামাভিঙ্গা। কোচের আস্থার প্রতিদান দিতে সময় নেননি। দুর্দান্ত এক ওভারহেড ফিকে ম্যাচের নবম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন এই মিডফিল্ডার। আর ওই গোলের সুবাদেই ইতিহাসের পাতায় ফের নাম উঠে যায় কামাভিঙ্গার। ১০৬ বছরের মধ্যে ফ্রান্সের হয়ে সবচেয়ে কম বয়সী গোলদাতা এখন তিনিই।

ফিল্যান্ডারের ভাইকে গুলি করে হত্যা

ক্রীড়া প্রতিবেদক

বাড়ির কাছে মর্মান্তিকভাবে হত্যার শিকার হলেন দক্ষিণ আফ্রিকান পেসার ভারনন ফিল্যান্ডারের ছোট ভাই টাইরন ফিল্যান্ডার। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, তাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ফিল্যান্ডার ছোট ভাইয়ের খুনের খবরটি দিয়েছেন টুইটারে। জানা গেছে, বুধবার বিকালে কেপ টাউনের রাভেন্সমিডে বাসার সামনে খুন হন টাইরন। ওই সময় প্রতিবেশীকে পানি সরবরাহ করছিলেন তিনি। এর বাইরে আর কিছু জানা যায়নি।