Home আঞ্চলিক সাংবাদিক হেনস্তার অভিযোগ, খুলনার নির্বাহী প্রকৌশলী ঢাকায় বদলি

সাংবাদিক হেনস্তার অভিযোগ, খুলনার নির্বাহী প্রকৌশলী ঢাকায় বদলি

0


স্টাফ রিপোর্টার
খুলনায় সংবাদ সংগ্রহে গিয়ে এক সাংবাদিককে হেনস্তা ও পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগের পর বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের খুলনা ড্রেজিং বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামকে বদলি করা হয়েছে। তাঁকে খুলনা থেকে ঢাকায় প্রধান প্রকৌশলীর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

সম্প্রতি জারি করা এক অফিস আদেশে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত করার নির্দেশ দেওয়া হয়। ২০ আগস্ট জারি করা ওই আদেশে বদলির কারণ হিসেবে প্রশাসনিক স্বার্থের কথা উল্লেখ করা হয়েছে।

জানা গেছে, সরকারি অফিসে নির্ধারিত সময়ে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিয়ে সংবাদ সংগ্রহ করতে খুলনা ড্রেজার বেইজে যান ৭১ টেলিভিশনের খুলনা প্রতিনিধি সাংবাদিক রাজু হাওলাদার। এ সময় তাঁকে সংবাদ সংগ্রহে বাধা দেওয়ার পাশাপাশি অসৌজন্যমূলক আচরণ করা হয় বলে অভিযোগ ওঠে। একপর্যায়ে তাঁকে অফিস থেকে বের করে দেওয়ারও অভিযোগ করেন ওই সাংবাদিক।

ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্বাহী প্রকৌশলী মো. রবিউল ইসলামের বদলির আদেশ আসে। যদিও অফিস আদেশে প্রশাসনিক স্বার্থের কথা বলা হয়েছে, তবে সাংবাদিককে হেনস্তার অভিযোগের পরপরই তাঁর বদলি হওয়ায় বিষয়টি নিয়ে নানা আলোচনা তৈরি হয়েছে।

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা দেওয়া কিংবা তাঁদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ বিভিন্ন সময়ই সামনে আসে। সংশ্লিষ্টদের মতে, সরকারি দপ্তরে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সুযোগ নিশ্চিত করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদেরও দায়িত্বশীল ও সৌজন্যপূর্ণ আচরণ করা প্রয়োজন।