খুলনাঞ্চল রিপোর্ট।।
চট্টগ্রামের ফটিকছড়িতে জাতীয় গ্রিডের ৪ লাখ ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারের চূড়ায় উঠে বসে থাকা এক যুবককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে উপজেলার ভূজপুর থানার ফকিরহাট এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া যুবকের নাম তানজিব (২৫)। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরিবার ঘটনাস্থলে পৌঁছালে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টার দিকে হঠাৎ বিশাল আকৃতির জাতীয় গ্রিডের টাওয়ারের একেবারে চূড়ায় এক যুবককে বসে থাকতে দেখা যায়। ৪ লাখ ভোল্টের মতো উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সঞ্চালন লাইনের এত উঁচুতে তাকে দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় ফটিকছড়ি ফায়ার সার্ভিস স্টেশনে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে ছুটে যায়। দুর্ঘটনার আশঙ্কায় বিদ্যুৎ বিভাগের সঙ্গে সমন্বয় করে সঞ্চালন লাইনের সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন করার ব্যবস্থা নেওয়া হয়। পরে দীর্ঘ প্রচেষ্টার পর যুবকটিকে নিরাপদে টাওয়ার থেকে নিচে নামিয়ে আনা হয়।
এদিকে, খবর ছড়িয়ে পড়লে টাওয়ারের নিচে বিপুলসংখ্যক উৎসুক জনতা ভিড় করেন। কীভাবে এবং কী কারণে তানজিব এত ঝুঁকিপূর্ণভাবে ৪ লাখ ভোল্টের বিদ্যুৎ টাওয়ারের চূড়ায় উঠেছিলেন, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপুল চন্দ্র দে জানান, যুবকটিকে জাতীয় গ্রিডের টাওয়ারের ওপর থেকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তার নাম তানজিব, বয়স ২৫ বছর। পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়েছে। পরিবারের সদস্যরা এলে তাকে তাদের কাছে হস্তান্তর করা হবে।
মাত্র কয়েক ফুটের ব্যবধানে ৪ লাখ ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে থেকেও যুবকটির অক্ষত অবস্থায় উদ্ধার হওয়াকে স্থানীয়রা অনেকটা ‘মিরাকেল’ বা অলৌকিক ঘটনা হিসেবে দেখছেন।









































