ঢাকা অফিস
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ), তার স্ত্রী নাহিদ সুলতানা ও তাজনীন ওহাব বৃষ্টি নামের আরেকজনের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দিয়েছেন আদালত। দুর্নীতির অভিযোগ থাকায় বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ শাহজাহান কবির এই আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক এ কে এম মাহবুবুর রহমান তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস (পরশ) নিজ নামে ও তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ অর্থ লেনদেন করে মানিলন্ডারিংপূর্বক অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ অভিযোগটি বর্তমানে অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে গোপনসূত্রে জানা যায়, তারা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কাজ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।











































