।। খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন বলেছেন, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করেছিলেন, আজ সেই পথ আবার রুদ্ধ করতে চাওয়া হচ্ছে। কিন্তু জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্র সফল হবে না।
শনিবার (৮ নভেম্বর) বেলা ১১টায় কেডি ঘোষ রোডস্থ বিএনপি কার্যালয়ে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মহানগর বিএনপির সাত দিনের কর্মসূচির অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করা হয়। তিনি বলেন, একটি রাজনৈতিক দল জোট গড়ে চাপ সৃষ্টি করছে যে নির্বাচনের আগেই গণভোট হতে হবে। কিন্তু বিএনপি স্পষ্টভাবে বলছে—গণভোট নির্বাচনের দিনই হতে হবে। দুটি ভোট করতে গেলে অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে, প্রশাসনিক জটিলতা তৈরি হবে এবং মূল নির্বাচনের গুরুত্বও হারিয়ে যাবে। শফিকুল আলম তুহিন আরও বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। আমরা নির্বাচন চাই, সংঘাত নয়। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করবো এবং ইনশাআল্লাহ বিজয়ী হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলবো—যেখানে থাকবে গণতন্ত্র, আইনের শাসন ও মানুষের অধিকার। একটি রাজনৈতিক দলের প্রতি ইঙ্গিত করে তুহিন বলেন, বিএনপি মাঠে নামলে আপনাদের কাউকে খুঁজেও পাওয়া যাবে না। ৭১ সালে যেমন জাতিকে বিভ্রান্ত করেছিলেন, এখনো তাই করছেন। সময় থাকতেই জাতির কাছে ক্ষমা চান। বর্তমান সময়ে রাজনীতিকে প্রভাবিত করতে নানা অপচেষ্টা চলছে, কিন্তু জনগণ এখন অনেক সচেতন, তারা জানে কারা সত্যিকার অর্থে দেশের পক্ষে।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের খুলনা মহানগর আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মোঃ আজাদ, বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা শেখ জয়নাল আবেদীন, বীর মুক্তিযোদ্ধা কাজী মতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা ওয়াদুদ খান, বীর মুক্তিযোদ্ধা মোঃ হান্নান হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ খালিদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম খান, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা কে এম নূরুল ইসলাম প্রমূখ। পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। তুহিন বলেন, ৭ নভেম্বরের চেতনা আজও প্রাসঙ্গিক। দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় বিএনপির প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনে আরও সংগঠিত হওয়ার আহ্বান জানান। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ মুক্তিযুদ্ধে ও গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।











































