Home খেলাধুলা এইচপি ইউনিটে যুব বিশ্বকাপ জয়ী ১২ ক্রিকেটার

এইচপি ইউনিটে যুব বিশ্বকাপ জয়ী ১২ ক্রিকেটার

25

ক্রীড়া প্রতিবেদক

গতকাল বুধবার মিরপুরে শুরু হয়েছে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের ক্যাম্প। এই ক্যাম্পের জন্য ২৫ জনের একটি দল নির্বাচন করেছেন নির্বাচকেরা। দলে আছেন ২০২০ সালের যুব বিশ্বকাপ জয়ী দলের ১২ ক্রিকেটার। ৫০ ওভারের একটি টুর্নামেন্টের পাশাপাশি স্কিল ক্যাম্পে অংশ নেবে এইচপি ইউনিটের ক্রিকেটাররা।
এবারের এইচপি দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের বেশির ভাগই তরুণ। সর্বশেষ দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের নিয়েই গড়া হয়েছে দল। সর্বশেষ যুব বিশ্বকাপে শিরোপা জেতা দলটির ১২ জন আছেন স্কোয়াডে। গত ৯ ফেব্রুয়ারি আকবর আলীর নেতৃত্বে ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বজয়ের উল্লাসে মাতে বাংলাদেশ। জাতীয় দলের জন্য খেলোয়াড় সরবরাহ নিরবিচ্ছিন্ন রাখার লক্ষ্যে বিসিবি প্রতি বছর এই ধরনের ক্যাম্পের আয়োজন করে থাকে। বুধবার স্কিল ক্যাম্প শুরুর আগে ২৫ ক্রিকেটারের করোনা পরীক্ষা করেছে বিসিবির মেডিক্যাল বিভাগ। সবারই করোনা নেগেটিভ এসেছে।
আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। এর আগে নিজেদের ঝালিয়ে নিতে কয়েকদিন সময় পাবেন এইচপি দলের ক্রিকেটাররা। তবে ক্যাম্পের শুরুতে ক্রিকেটাররা নতুন ইংলিশ হেড কোচ টবি র্যাডফোর্ডকে পাচ্ছেন না। তিনি ক্যাম্পের দ্বিতীয় সপ্তাহ থেকে যুক্ত হবেন।
এইচপি দল: ব্যাটসম্যান : তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, শাহাদাত হোসেন, মাহমুদুল হাসান, আফিফ হোসেন ও তৌহিদ হৃদয়। স্পিনার: মিনহাজুল আবেদীন আফ্রিদি, আমিনুল ইসলাম বিপ্লব, রাকিবুল হাসান, হাসান মুরাদ, তানভীর হাসান, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান। পেসার: শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মুকিদুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী, শাহিন আলম, সুমন খান, নোমান চৌধুরী সাগর, অভিষেক দাস ও রেজাউর রহমান রাজা। উইকেটকিপার: মাহিদুল ইসলাম অঙ্কন ও আকবর আলী।

মুম্বাইয়ের কাছে পাত্তাই পেলো না রাজস্থান

ক্রীড়া প্রতিবেদক

কোনও প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারলো না রাজস্থান রয়্যালস। জসপ্রিত বুমরার গতিঝড়ে মুখ থুবড়ে পড়লো স্টিভেন স্মিথরা। ব্যাট হাতে লড়াই যা করেছেন জস বাটলার। কিন্তু বাকি সতীর্থরা অসহায় আত্মসমর্পণ করায় সহজ জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। বুমরার পেস আগুনের আগে সূর্যকুমার যাদবের দুর্দান্ত হাফসেঞ্চুরিতে রোহিত শর্মারা পেয়েছে ৫৭ রানের জয়।
আইপিএলে আবুধাবির ম্যাচে সূর্যকুমারের হার না মানা ৭৯ রানে ভর দিয়ে নির্ধারিত ২০ ওভারে মুম্বাই স্কোরে জমা করে ৪ উইকেটে ১৯৩ রান। কঠিন লক্ষ্যটা বুমরার বোলিংয়ের সামনে আরও কঠিন হয়ে ওঠে। মুম্বাই পেসার ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে ৪ উইকেট তুলে নিলে ১৮.১ ওভারে রাজস্থান অলআউট হয়ে যায় ১৩৬ রানে। এই জয়ে ৫ খেলায় ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে দিল্লি ক্যাপিটালসের পয়েন্টও সমান, তবে রানরেটে এগিয়ে রোহিতরা।
১৯৪ রানের লক্ষ্যে রাজস্থান ১২ রানে হারায় ৩ উইকেট। ওপেনার যশস্বী জয়সওয়াল (০) শুরুতেই প্যাভিলিয়নে ফেরার পর ব্যর্থতার মিছিলে যোগ দেন অধিনায়ক স্মিথ। ওয়ান ডাউনে নেমে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান করেন ৬ রান। সঞ্জু স্যামসনও তো রানের খাতাই খুলতে পারেননি। কঠিন ওই অবস্থায় রাজস্থানকে আশা দেখিয়েছিলেন বাটলার। ওপেনিংয় নেমে ইংলিশ উইকেটকিপার ৪৪ বলে ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায় খেলেন ৭০ রানের ঝড়ো ইনিংস্। কিন্তু ওই ইনিংসটাও যথেষ্ট হয়নি। শেষ দিকে জোফরা আর্চারের ১১ বলে ৩ চার ও এক ছক্কায় খেলা ২৪ রানের ইনিংসটা হারের ব্যবধান কমিয়েছে কিছুটা। বুমরার সঙ্গে বোলিংয়ে আলো ছড়িয়েছেন জেমস প্যাটিনসন (২/১৯) ও ট্রেন্ট বোল্ট (২/২৬)। একটি করে উইকেট পেয়েছেন রাহুল চাহার ও কিয়েরন পোলার্ড।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নামা মুম্বাই দারুণ এক ইনিংস পেয়েছে ম্যাচসেরার পুরস্কার জেতা সূর্যকুমারের কাছ থেকে। গত কয়েক ম্যাচে নিজের সঙ্গে লড়াই করা এই ব্যাটসম্যান খেলেন এবারের আসরে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। হাফসেঞ্চুরি পূরণ করে তিনি অপরাজিত থাকেন ৭৯ রানে। ওয়ান ডাউনে নেমে ৪৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ১১ চার ও ২ ছক্কায়। তার ইনিংসটির আগে মুম্বাইকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার রোহিত শর্মা ও কুইন্টন ডি কক। উদ্বোধনী জুটিতে তারা ৪.৫ ওভারে যোগ করেন ৪৯ রান। ডি কক ১৫ বলে ২৩ রান করে ফেরেন সাজঘরে। রোহিত বড় স্কোরের আশা জাগালেও ২৩ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলে থামতে হয় তাকে। মুম্বাই অধিনায়ককে বিদায় করার পরের বলেই ইশান কিশানকে আউট করে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন শ্রেয়াস গোপাল। ওই ধাক্কা কাটিয়ে ক্রুনাল পান্ডিয়াকে (১৭ বলে ১২) সঙ্গে নিয়ে দলের রান বাড়িয়ে নেন সূর্যকুমার। এরপর হার্দিক পান্ডিয়া ১৯ বলে ২ চার ও ১ ছক্কায় হার না মানা ৩০ রানের ঝড়ো ইনিংস খেললে ১৯৩ রানে শেষ হয় মুম্বাইয়ের ইনিংস।

রাডফোর্ডকে ছাড়া শুরু এইচপি ট্রেনিং

ক্রীড়া প্রতিবেদক

কথা ছিল শ্রীলঙ্কা গিয়ে অনুশীলন করার। জাতীয় দলের সাথে একই ফাইটে করে হাই পারফরম্যান্স ইউনিট (এইচপির) বহরের কলম্বো যাত্রার প্রাথমিক প্রস্তুতিও ছিল চূড়ান্ত। কিন্তু করোনায় কোয়ারেন্টাইন ইস্যুতে লঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনমনীয় নীতি ও একরোখা মানসিকতায় ভেস্তে গেছে জাতীয় দলের পাইপ লাইনে থাকা তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের শ্রীলঙ্কা সফর।
শ্রীলঙ্কা যাওয়া হয়নি, তাতে কি? যুব বিশ্বকাপজয়ী দলের এক ডজন ক্রিকেটারে সাজানো এইচপি দলের অনুশীলন তাই বলে আর বিলম্ব হচ্ছে না। আর তাই গত ৫ অক্টোবর ২৫ ক্রিকেটারের করোনা টেস্টও করানো হয়েছে। সবাই নেগেটভ। ফলে মনোনীত ২৫ জনের সবাই প্র্যাকটিসে যোগ দিতে পারছেন। বুধবার সকালে শেরে বাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্লিপ টেস্ট হয়ে গেছে ক্রিকেটারদের। দুপুর ২টায় শুরু ক্রিকেট প্র্যাকটিস। ঐ সময় নেটও হবে। তবে আজ প্রথম দিনই শুধু নয়, শুরুর তিন দিন এইচপির ক্রিকেটারদের অনুশীলন করতে হবে ইংলিশ হেড কোচ টবি রাডফোর্ডকে ছাড়া।

ক্যাম্প শুরুর আগে আঁখি-মনিকাদের করোনা পরীক্ষা

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের প্রকোপে মার্চে বন্ধ হয়ে যায় মেয়েদের ফুটবল লিগ, একই সঙ্গে ক্যাম্পও। এখন পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে আবারও মেয়েদের ক্যাম্প শুরু হতে যাচ্ছে। আজ বৃহস্পতিবার থেকে ৩৩ জন খেলোয়াড় নিয়ে শুরু হবে আবাসিক ক্যাম্প। তবে এজন্য উতরাতে হবে করোনাভাইরাস পরীক্ষা।
আপাতত দুটি প্রতিযোগিতা সামনে রেখে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এগোচ্ছে। আগামী বছরের ১৩ থেকে ২১ মার্চ মেয়েদের এএফসি অনূর্ধ্ব-২০ ও ৩ থেকে ১১ এপ্রিল এএফসি অনূর্ধ্ব-১৭ ফুটবলের বাছাই পর্ব। সেই লক্ষ্যে ৩৩ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে ক্যাম্পে। তবে লম্বা সময় পর ক্যাম্পে ফিরতে হলে আঁখি-মনিকাদের করোনা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হচ্ছে। এরই মধ্যে যার যার জেলায় করোনা পরীক্ষা করে নেগেটিভ সার্টিফিকেট নিয়ে ঢাকায় এসেছেন সবাই।

নারী নির্যাতনের বিরুদ্ধে সরব জাতীয় দলের ফুটবলাররাও

ক্রীড়া প্রতিবেদক

গোটা দেশ জুড়েই বেড়ে চলেছে ধর্ষণ আর নারী নির্যাতন। নিরাপত্তা নিয়ে শঙ্কায় মেয়েরা। ঠিক এমন সময়ে সচেতন আর বিবেকবান মানুষেরা জানাচ্ছেন প্রতিবাদ। সবাই সর্বোচ্চ শাস্তি চাইছেন। ক্রীড়াঙ্গনের মানুষরাও এনিয়ে সরব। সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা এই বর্বরতার বিরুদ্ধে জানিয়েছেন প্রতিবাদ। এবার সামিল হলেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলারাও।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হলেন জাতীয় দলের দুই ফুটবলার আশরাফুল ইসলাম রানা ও ইমন মাহমুদ বাবু। গোলকিপার আশরাফুল ইসলাম রানা নিজের অফিসিয়াল ফেসবুকে লিখেছেন, ‘দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী নির্যাতন ও সহিংসতার হার। প্রতিদিনই ঘটছে ধর্ষণ ও নির্যাতনের ঘটনা। সবার মতো আমিও এই নিয়ে শঙ্কিত।’
মিডফিল্ডার ইমন মাহমুদ বাবু তার ফেসবুক পেজে লিখেছেন, ‘সমাজে এক শ্রেণির বর্বরোচিত মানুষ বিরাজ করছে যারা ধর্ম ও বর্ণ নির্বিশেষে শিশু ও নারীদের প্রতি প্রতিনিয়তই যে জঘন্য অত্যাচার করছে তা দেখে আমি আর চুপ থাকতে পারি না। আমি অবস্থান করছি এইসব ঘৃণিত ও অমানবিক নির্যাতনের বিরুদ্ধে।

হারের সঙ্গে শাস্তিও জুটল স্মিথের

ক্রীড়া প্রতিবেদক

মঙ্গলবারের রাতটা রীতিমত দুঃস্বপ্নের কেটেছে স্টিভেন স্মিথের। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ব্যাট হাতে দলকে ভরসা দিতে পারেননি, অধিনায়ক হিসেবেও হারের স্বাদ নিতে হয়েছে তাকে। এর মধ্যে পেলেন আবার নতুন দুঃসংবাদ। স্লো ওভার রেটের কারণে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে রাজস্থান অধিনায়ক স্মিথকে।
আইপিএলের আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আইপিএলের কোড অব কন্ডাক্টে স্লো ওভার রেটের দায়ে প্রথমবারের মতো অভিযুক্ত হয়েছে তার দল, ফলে স্মিথকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।’ আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের ছুড়ে দেয়া ১৯৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৩৬ রানেই গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। হারে ৫৭ রানের বড় ব্যবধানে।

আইপিএলে সেরা বোলিং বুমরাহর

ক্রীড়া প্রতিবেদক

লাসিথ মালিঙ্গা নেই। এবারের আসরে মুম্বাই ইন্ডিয়ান্সের মূল পেস শক্তিই জাসপ্রিত বুমরাহ। কিন্তু প্রথম চার ম্যাচে এই পেসারকে সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অবশেষে দেখা মিলল আসল বুমরাহর। আইপিএলে নিজের ক্যারিয়ারসেরা বোলিংয়ে ফর্মের জানান দিলেন তিনি।
মঙ্গলবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের দাপুটে জয়ের অন্যতম কারিগর ছিলেন বুমরাহ। ১৯৪ রান তাড়া করতে নেমে তার বোলিং তোপেই ১৩৬ রানে গুটিয়ে যায় রাজস্থান রয়্যালস। বুমরাহ ৪ ওভার হাত ঘুরিয়ে ২০ রানে নেন ৪ উইকেট। আইপিএলে তার এটিই সেরা বোলিং ফিগার। এর আগে ২০১৭ আসরে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে ৩ ওভারে ৭ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন বুমরাহ। ওই ম্যাচে পাওয়ার প্লের শেষ ওভারে মেইডেন করে মুম্বাইকে ফাইনালে তুলেছিলেন তিনিই।

করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদ গোলরক্ষক

ক্রীড়া প্রতিবেদক

করোনা পরীক্ষায় পজিটিভ হিসেবে ধরা পড়েছেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক অদ্রি লুনিন। ২০২০-২১ মৌসুমে লা লিগার কাবটিতে ব্যাকআপ গোলরক্ষক হিসেবে আছেন তিনি।
তবে লা লিগায় নয়, লুনিন করোনা পজিটিভ হিসেবে ধরা পড়েছেন তার জাতীয় দলে ইউক্রেনের হয়ে পরীক্ষা দিতে গিয়ে। তার সঙ্গে আরও একজন সতীর্থ করোনা আক্রান্ত হয়েছেন। করোনা পজিটিভ হওয়ায় ফ্রান্সের হায়াত রিজেন্সি চ্যানটিলি হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে এই গোলরক্ষককে। যেখানে বৃহস্পতিবার বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের মোকাবেলার প্রস্তুতি নিচ্ছে ইউক্রেন।

ফ্রেঞ্চ ওপেনে ম্যাচ পাতানোর অভিযোগে তদন্ত শুরু

ক্রীড়া প্রতিবেদক

টেনিসের সর্বোচ্চ পর্যায়ে ম্যাচ পাতানোর ঘটনা খুবই বিরল। বিশেষ করে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে। কিন্তু সেই বিতর্কের মাঝে পড়ে গেছে ফ্রেঞ্চ ওপেন। ম্যাচ পাতানোর অভিযোগ উঠায় তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে প্যারিসের প্রসিকিউটর অফিস।
অভিযোগ উঠেছে, মেয়েদের দ্বৈতের প্রথম রাউন্ডেই নাকি এই দুর্নীতির ঘটনাটি ঘটেছে। ৩০ সেপ্টেম্বর সেই ম্যাচে রোমানিয়ান আন্দ্রিয়া মিতু- প্যাট্রিসিয়া মারিয়া টিগ ও রাশিয়ার ইয়ানা সিজিকোভা-যুক্তরাষ্ট্রের ম্যাডিসন ব্রেঙ্গল মুখোমুখি হয়েছিলেন। ফরাসি গণমাধ্যমগুলো বলছে, এই ম্যাচের দ্বিতীয় সেটের পঞ্চম গেমেই নাকি রোমানিয়ান জুটির জেতার ওপর প্রচুর টাকা ঢেলেছিল বাজিকররা। সিজিকোভা ও ব্রেঙ্গলকে ৭-৬ (১০-৮), ৬-৪ গেমে হারিয়ে ম্যাচটা জিতে নিয়েছেন রোমানিয়ান জুটি। আরও জানা গেছে, বিভিন্ন দেশ থেকে নাকি প্রচুর অর্থ ঢালা হয়েছিল বাজির জন্য। এই অবস্থায় এই ম্যাচকে ঘিরে ‘সংগঠিত প্রতারণা’ ও ‘দুর্নীতির অভিযোগে’ তদন্তকারীরা তদন্ত শুরু করেছেন। কয়েক সপ্তাহ লাগতে পারে এই তদন্ত শেষ হতে। ১ অক্টোবর শুরু হওয়া তদন্তে কাজ করছে ফরাসি পুলিশ।

লাল দুর্গের শেষ চারে নাদাল

ক্রীড়া প্রতিবেদক

রজার ফেদেরারের ২০ গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড ছোঁয়ার সুযোগ এখনো জিইয়ে রয়েছে রাফায়েল নাদালের সামনে। আর সেটা হতে পারে এ বছরের ফ্রেঞ্চ ওপেনেই। লক্ষ্যে অটল থেকে কে-কোর্টের এ মেজর আসরের সেমি-ফাইনালে পৌঁছে গেছেন স্প্যানিশ এ সুপারস্টার। কোয়ার্টার-ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন প্রতিপক্ষ জান্নিক সিনারকে।
ইতালিয়ান প্রতিপক্ষ প্রথম সেটে নাদালকে প্রায় হারিয়েই দিয়েছিলেন। তবে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে কোনোমতে ৭-৬ গেমে সেটটি টাই করেন কে-কোর্টের রাজা। কিন্তু টাইব্রেকারে আর পেরে ওঠেননি সিনার। ৭-৪ গেমে জিতে এগিয়ে যান নাদাল। পরের দুই সেটে আর পাত্তাই পাননি সিনার। ৬-৪ ও ৬-১ গেমে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেন এ টেনিস মেগাস্টার। শেষ চারে ১২ বারের ফ্রেঞ্চ ওপেন জয়ী নাদাল লড়বেন আর্জেন্টাইন প্রতিপক্ষ শোয়ার্টজম্যানের বিপক্ষে।

শেষ চারে অদম্য কেভিতোভা

ক্রীড়া প্রতিবেদক

ফ্রেঞ্চ ওপেনের সেমি-ফাইনালে পৌঁছে গেছেন পেত্রা কেভিতোভা। ২০১২ সালের পর এই প্রথম রোলাঁ গারোর শেষ চারের টিকিট পেলেন চেক প্রজাতন্ত্রের এ মেগাস্টার।
কে-কোর্টের মেজর টুর্নামেন্টের আবেগময় মিশনে কেভিতোভা উড়ে চলেছেন জয়রথে। শেষ আটের লড়াইয়ে এ টেনিস মেগাস্টার হারিয়েছেন জার্মান প্রতিপক্ষ লরা সিগমুন্ডকে।চলতি বছরের ফ্রেঞ্চ ওপেনে একটি সেটও হারেননি সপ্তম বাছাই কেভিতোভা। কোয়ার্টার-ফাইনালেও সেই দুরন্ত অভিযাত্রাটা ধরে রাখলেন। জিতলেন সরাসরি সেটে ৬-৩ ও ৬-৩ গেমে।

সহকারী কোচকে দলে ডাকলো ইউক্রেন

ক্রীড়া প্রতিবেদক

কোচ আন্দ্রে শেভচেঙ্কোর সঙ্গে ডাগআউটে থাকার কথা ছিল ওলেক্সান্দার শোভকোভস্কির। কিন্তু নিরুপায় হয়ে এই সহকারী কোচকে দলে ডাকলো ইউক্রেন। দুজন গোলকিপারের করোনাভাইরাস পজিটিভ হওয়ায় ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে জায়গা পেলেন অবসরে থাকা শোভকোভস্কি।
৪৫ বছর বয়সী শোভকোভস্কি ২০১৬ সালে অবসর নেন। ডায়নামো কিয়েভের সাবেক এই গোলকিপার জাতীয় দলের জার্সি পরেছেন ৯২ বার। ২০১২ সালের সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার আগে ৭২৮ মিনিট গোলপোস্ট অক্ষত রাখার রেকর্ড গড়েন তিনি, যা পরের বছরই ভেঙেছেন বর্তমান গোলকিপার আন্দ্রি পিয়াতোভ। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে এই গোলকিপার প্যারিসে যেতে পারেননি।

অনাস্থা ভোটের মুখোমুখি হচ্ছেন বার্তোমেউ

ক্রীড়া প্রতিবেদক

প্রেসিডেন্ট নির্বাচন হতে এখনও বাকি ছয় মাস। তার আগেই বার্সেলোনার কাব প্রধান হোসেপ মারিয়া বার্তোমেউকে সরানোর পক্ষে সমর্থকরা। তাকে উৎখাতে অনাস্থা ভোটের প্রস্তাবও পাশ হয়েছে। আগামী ১০ থেকে ২০ কর্মদিবসের মধ্যে গণভোট আয়োজন করা হবে বলে ইঙ্গিত দিয়েছে।
অনাস্থা ভোটের প্রস্তাব তোলার জন্য বার্সার মূল সদস্যদের মধ্য থেকে ১৬ হাজার ৫২১টি গণস্বাক্ষর সংগ্রহ করা জরুরি ছিল। জানা গেছে, এ বিষয়ে ২০ হাজার ৬৮৭টি স্বাক্ষর পাওয়া গেছে। সংগ্রহকৃত স্বাক্ষর গণনা করে তার বৈধতা যাচাইয়ের পর গণভোট আয়োজনের ব্যাপারে সবুজ সংকেত পাওয়া গেছে। তবে গণভোট কবে হবে তা এই মুহূর্তে স্পষ্ট নয়। জানা গেছে, নভেম্বরের শুরুতে এই ভোট আয়োজন সম্ভব নয়। এটা হতে পারে আগামী মাসের মাঝামাঝি সময়ে। এই গণভোটের মাধ্যমে তাকে উৎখাত করতে হলে বার্তোমেউবিরোধীদের দুই তৃতীয়াংশ বা ৬৬.৬৭ শতাংশ ভোট পেতে হবে।