স্টাফ রিপোর্টার
দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন, হত্যা ঘটনার প্রতিবাদে সরব হয়ে উঠেছে মহানগরী খুলনা। এসব ঘটনার প্রতিবাদে পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে। এসব কর্মসূচির মধ্যে ছিল মানববন্ধন, প্রতিবাদী চিত্র অঙ্কন, অবস্থান কর্মসূচি প্রভৃতি। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে সম্পৃক্ত হচ্ছেন।
সরব হয়ে উঠছে ফেসবুক, টুইটারসহ স্যোশাল মিডিয়া।
মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুরে সাধারণ শিক্ষার্থীরা নগরীর শিববাড়ি মোডে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। এখানে শিক্ষার্থীরা প্রতিবাদী চিত্র অঙ্কন করে।
শিক্ষার্থীরা কুকুর নয়, ধর্ষক নিধন চাই, তোমার খোপা খুলে দাও দ্রোপদী, এখন সময় পাল্টা আঘাতের, আমার বোন ধর্ষিত হয়, প্রশাসন কী ঘুমায়ে রয়,নো মার্সি টু রেপিস্ট- এমন নানা শ্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করেন।
এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে সাধারণ শিক্ষার্থীরাও মানববন্ধন ও মোমবাতি প্রজজ্জ্বল করে কর্মসূচি পালন করেছে। আজ একই দাবিতে ছাত্র-শিক্ষক-জনতা নগরীতে গণস্বাক্ষর ও মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দিয়েছে। জন উদ্যোগ ওই কর্মসূচির আয়োজন করেছে।











































