Home খেলাধুলা তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের জন্য বিসিবির দল ঘোষণা

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের জন্য বিসিবির দল ঘোষণা

21

ক্রীড়া প্রতিবেদক

১১ অক্টোবর থেকে ওয়ানডে ফরম্যাটে তিন দলের একটি প্রতিযোগিতা আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তিনটি দলকে নেতৃত্বে দেওয়া ক্রিকেটারদের নামেই দলগুলোর নামকরণ করা হয়েছে। ৫০ ওভারের টুর্নামেন্টটি ডাবল লিগ পদ্ধতিতে হবে। সব ম্যাচই দিবারাত্রির ও বৃষ্টির কারণে রাখা হয়েছে রিজার্ভ ডে।
‘তামিম একাদশের’ নেতৃত্বে তামিম ইকবাল, ‘মাহমুদউল্লাহ একাদশের’ নেতৃত্বে মাহমুদউল্লাহ এবং ‘নাজমুল একাদশের’ নেতৃত্বে দেখা যাবে নাজমুল হোসেন শান্তকে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। মাহমুদউল্লাহ ও নাজমুল একাদশের ম্যাচ দিয়ে ১১ অক্টোবর শুরু হবে তিন দলের লড়াই। এরপর ১৩ অক্টোবর তামিম একাদশের প্রতিপক্ষ মাহমুদউল্লাহ একাদশ। ১৫ অক্টোবর তৃতীয় ম্যাচে নাজমুল একাদশের প্রতিপক্ষ তামিম একাদশ। ১৭ অক্টোবর মাহমুদউল্লাহ একাদশের প্রতিপক্ষ নাজমুল একাদশ। ১৯ অক্টোবর পঞ্চম ম্যাচে মাহমুদউল্লাহ একাদশের প্রতিপক্ষ তামিম একাদশ। ২১ অক্টোবর লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে নাজমুল একাদশ ও তামিম একাদশ। একদিন বিরতি দিয়ে ২৩ অক্টোবর হবে ফাইনাল। সব ম্যাচই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে বেলা দেড়টায়।
মাহমুদউল্লাহ একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম। স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম ও হাসান মুরাদ।
নাজমুল একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, মুকিদুল ইসলাম, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন। স্ট্যান্ড বাই: সুমন খান, সাদমান ইসলাম ও তানভীর ইসলাম।
তামিম একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন, শাহদাত হোসেন, ইয়াসির আলী, আকবর আলী, এনামুল হক, সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, মেহেদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি। স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল অঙ্কন ও মেহেদী হাসান রানা।

কোহলিদের হারিয়ে শীর্ষে দিল্লি

ক্রীড়া প্রতিবেদক

পৃথ্বী শ ও শিখর ধাওয়ানের দারুণ শুরুর পর মিডল অর্ডারে মার্কাস স্টয়নিস ও ঋষভ পন্তের মারকাটারি ব্যাটিং। শেষে দুই দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা ও আইনরিখ নর্কিয়ার সঙ্গে বাঁহাতি স্পিনার অক্ষর প্যাটেলের বোলিং। সোমবার এই পরিকল্পনার সঠিক বাস্তবায়নে দিল্লি ক্যাপিটালস ৫৯ রানে গুঁড়িয়ে দিলো বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে।
পঞ্চম ম্যাচে চতুর্থ জয়ে দিল্লি আবারও শীর্ষে। দলের মধ্যে গড়ে উঠেছে চমৎকার ভারসাম্য। সে অনুযায়ী নেওয়া পরিকল্পনা যেভাবে বাস্তবায়ন করে চলেছে, তাতে এবারের আইপিএলের তরুণতম অধিনায়কের দলটি শেষ পর্যন্তই শীর্ষে থেকে যেতে পারে। ব্যাটসম্যানরা ফর্মে থাকলে আপনি প্রথমে ব্যাটই করতে চাইবেন। ব্যাঙ্গালোর অধিনায়ক বিরাট কোহলি টস জিতে ব্যাটিং দিলেন ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারের দলকে। তারা সুবিধাও আদায় করলো। ৬.৪ ওভারে ৬৮ রান তোলার পর বিচ্ছিন্ন ওপেনার পৃথ্বী। অধিনায়কের সঙ্গে জুটি বেঁধে দলকে ৮২ রানে নিয়ে গেলেন ধাওয়ান। আইয়ার দ্রুত বিদায় নেওয়ার পর চতুর্থ উইকেটে স্টয়নিস ও পন্তের ৮৯ রানের জুটিই তাদের বড় রানে পৌঁছে দেয়। ২৫ বলে ৩৭ রান করে পন্ত সিরাজের মিডিয়াম পেসে বোল্ড হন। তবে দলকে ১৯৬ রানের চূড়ায় নিতে স্টয়নিস অপরাজিত থেকে যান ৫৩ রানে। ২৬ বলের ইনিংসে ছয়টি চার ও দুটি ছক্কা মেরেছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
এই বড় তাড়া করতে গেলে শুরুটা ভালো হওয়া উচিত। কিন্তু ব্যাঙ্গালোরের শুরুটা হলো বাজে। দুই ওপেনার বলের চেয়ে রান করলেন কম। দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলের বলে হাতই খুলতে পারলেন না দেবদূত পাড়িক্কাল ও অ্যারন ফিঞ্চ। ছয় বলে ৪ করে অশ্বিনের শিকার পাড়িক্কাল, ১৪ বলে ১৩ করা ফিঞ্চকে ফিরিয়েছেন প্যাটেল। মিডল অর্ডারে চেষ্টা করেছিলেন আগের ম্যাচে ফর্মে ফেরা কোহলি। কিন্তু রাবাদার প্রথম শিকার হওয়ার আগে ৩৯ বলে ৪৩ রানের বেশি করতে পারেননি ভারত ও ব্যাঙ্গালোরের অধিনায়ক। এ অবস্থায় এবি ডি ভিলিয়ার্স ও মঈন আলীর ওপর বর্তায় বড় দায়িত্ব। তারাও ফিরে গেছেন অল্প রানে। ডি ভিলিয়ার্স (৯ রান) স্বদেশি পেসার নর্কিয়ার প্রথম শিকার। আলীকে(১১) হেটমায়ারের হাতে ক্যাচ বানিয়েছেন প্যাটেল। ব্যাঙ্গালোরের ব্যাটিং গভীরতার শেষ আদতে এখানেই। পরে দ্বিতীয় স্পেলে এসে ভয়ঙ্কর হয়ে ওঠেন রাবাদা ও নর্কিয়া। রাবাদা তো হ্যাটট্রিকেরই সামনে দাঁড়িয়েছিলেন দুই ওভার মিলিয়ে। ষোলতম ওভারের শেষ বলে ওয়াশিংটন সুন্দর ক্যাচ দেন অশ্বিনকে, ১৮তম ওভারের প্রথম বলে দুবে বোল্ড। দ্বিতীয় বলে ইসুরু উদানা রাবাদাকে হ্যাটট্রিক থেকে বঞ্চিত করে পরের বলেই ক্যাচ দিয়ে ফিরেছেন। ১৭.৩ ওভারে ৮ উইকেটে ১১৯ হয়ে পড়া ব্যাঙ্গালোরের বেশি দূর যাওয়ার সাধ্য ছিল না। তারা ১৩৭ রানে থেমে যায় ৯ উইকেটে। সিরাজের স্টাম্প উপড়ে দিয়ে নবম উইকেটটি নিয়েছেন নর্কিয়া। চার ওভারে ২৪ রান দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট রাবাদার, ৪ ওভারে ২২ রান ব্যয়ে ২ উইকেট নর্কিয়ার, অক্ষর প্যাটেল ৪ ওভারে ১৮ রান দিয়ে ফিরিয়েছেন আলী ও ফিঞ্চকে। এর আগে ব্যাটিংয়ে স্টয়নিসের ওই ইনিংস। কিন্তু সবাইকে অবাক করে বিচারকেরা ম্যান অব দ্য বেছে নিলেন অক্ষর প্যাটেলকে।

তামিম-সাদমানের ব্যাটে দারুণ জয়

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্যটা খুব বড় ছিল না। ৪৩ ওভারে মাত্র ২০০ রান। ৮ বল হাতে রেখেই সহজ লক্ষ্যে দলকে পৌঁছে দিলেন তামিম ইকবাল এবং সাদমান ইসলাম। এই দু’জনের ব্যাটে ৬ উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে রায়ান কুক একাদশ। তারা হারিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন ওটিস গিবসন একাদশকে।
তামিম ইকবাল আর সাদমান ইসলাম যেভাবে ব্যাট করেছেন, তাতেই জয়টা সহজে ধরা দিয়েছে রায়ান কুক একাদশের। লক্ষ্য ছিল ৪৩ ওভারে ২০০ রানের। ৪১.৪ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তামিম-সাদমানরা। তামিম করেন ৬৪ রান, সাদমান করেন ৮৩। মুশফিক ১১ রান করেন ১৩ বলে, মুমিনুল করেন ১০। ইয়াসির রাব্বি ২৪ নটআউট। নাঈম হাসান নেন ২ উইকেট। মোসাদ্দেক সৈকত এবং রুবেল হোসেন ১ উইকেট।
প্রথম দুই দিনের ম্যাচ খেলেননি। দ্বিতীয় ম্যাচে দল দ্বিতীয় দফায় ব্যাটিং করায় প্রথম দিন ব্যাটিয়ের সুযোগ মেলেনি। আজ মঙ্গলবার ব্যাটিংয়ের সুযোগ পেয়েই হাফ সেঞ্চুরি হাকিয়ে ফেলেছেন তামিম ইকবাল। ৬৬ বলে আটটি চারের সাহায্যে ফিফটি পূর্ন করেন তামিম। শুরু থেকে আক্রমনাত্মক মেজাজে স্ট্রোক খেলা তামিম অফস্পিনার বলে মারতে গিয়ে ৩০ রানে ক্যাচ তুলে দিয়েছিলেন। কিন্তু উইকেটকিপার লিটন তা ধরে রাখতে পারেননি। ফেলে দিয়েছেন।

৩৭ পদক জয় বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

প্রথম বাংলাদেশ আন্তর্জাতিক পুমসে তায়কোয়ান্দো লাইভ চ্যাম্পিয়নশিপে নয়টি স্বর্ণসহ ৩৭টি পদক জিতেছে স্বাগতিকরা।
মোহাম্মদপুর কাবে দু’দিনের প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তায়কোয়ান্দো ফেডারেশনের সভাপতি কাজী মোর্শেদ হোসেন কামাল। এ সময় সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, স্পেন, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়াসহ ৩০ দেশের ১০০টি তায়কোয়ান্দো কাবের ৩৫০ জন খেলোয়াড় অনলাইনে পুমসে ইভেন্টে অংশ নেন। আয়োজক দেশ বাংলাদেশের ৭১ জন তায়কোয়ান্দোকা এতে অংশ নেন।

নভেম্বরেই টি-টোয়েন্টি দিয়ে ফিরছেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক

তিন সপ্তাহও বাকি নেই। এরপরই নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিব আল হাসানের। এক বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে এর পরই মাঠে ফিরতে পারবেন সাকিব।
বিশ্বসেরা এই অলরাউন্ডারের কিন্তু টেস্ট দিয়েই মাঠে ফেরার সম্ভাবনা ছিল। শ্রীলঙ্কার সঙ্গে স্থগিত হওয়া টেস্ট সিরিজেই সাকিবকে খেলানোর ইচ্ছা ছিল বিসিবির। ২৯ তারিখ থেকে নিষেধাজ্ঞামুক্ত হচ্ছেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের ইচ্ছা ছিল, সাকিবকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলাবেন। এরই মধ্যে বিসিবি সভাপতি ঘোষণা দিলেন, মধ্য নভেম্বরে পাঁচ দলকে নিয়ে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি লিগ। বিসিবি সভাপতি নাজুমল হাসান পাপন বলেন, ‘অবশ্যই এই টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলবেন সাকিব।’

বাফুফের নতুন কমিটির প্রথম সভা রোববার

ক্রীড়া প্রতিবেদক

নির্বাচনে বিজয়ী হওয়ার এক সপ্তাহ পরই সভায় বসছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটি। আগামী রোববার বেলা আড়াইটায় নতুন কমিটির প্রথম সভা আহ্বান করেছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন।
বাফুফের সাধারণ সম্পাদক মো. আবু নাইম সোহাগ জানিয়েছেন, ‘এ সভায় নির্বাচনের ফলাফল, এজিএম পর্যালোচনা, নির্বাচিতদের পরস্পরের সঙ্গে পরিচিত হওয়া- এসব আছে এজেন্ডায়।’ প্রথম সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যানও ঠিক করা হতে পারে। বাফুফের স্ট্যান্ডিং কমিটিগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ ও আলোচিত হচ্ছে- প্রফেশনাল লিগ কমিটি, ন্যাশনাল টিমস কমিটি ও ডেভেলপমেন্ট কমিটি।

এইচপি দলের সবাই করোনা নেগেটিভ

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল হাই পারফরম্যান্স (এইচপি) দলেরও। তবে টাইগারদের এই সফর না হওয়ায় এইচপি দলেরও তেমন ব্যস্ততা নেই।
এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ত্রিদলীয় ওয়ানডে সিরিজে খেলবে এইচপি দল। আর এ জন্য এইচপি দলের করোনা টেস্ট করা হয়েছিল সোমবার (০৫ অক্টোবর)। সেই পরীক্ষায় সব ক্রিকেটারই করোনা নেগেটিভ। গতকাল মঙ্গলবার জানিয়েছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী। আজ বুধবার থেকে মিরপুরে শুরু এইচপি দলের অনুশীলন। আগামী ১১ অক্টোবর থেকে সিরিজটি শুরু হওয়ার কথা রয়েছে। ১৩, ১৫, ১৭, ১৯ অক্টোবর হবে ম্যাচগুলো। আর ২১ অক্টোবর হবে ফাইনাল ম্যাচ। জাতীয় দলের পুলের ক্রিকেটারদের সঙ্গে এইচপির ইউনিটের কয়েকজন ক্রিকেটার এই সিরিজে খেলবেন।

প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক করোনায় আক্রান্ত

ক্রীড়া প্রতিবেদক

করোনায় আক্রান্ত হয়েছেন আবাহনী লিমিটেডের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাহী কমিটির অন্যতম সদস্য হারুনুর রশিদ। সোমবার করোনা পরীক্ষা করে গতকাল জানতে পেরেছেন যে তিনি করোনা পজিটিভ। বর্তমানে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন।
অবশ্য তেমন কোনও উপসর্গ নেই তার মাঝে। হারুনুর রশিদ বলেছেন, ‘আমার স্ত্রী আগেই পজিটিভ ছিল। বাসার সবাই পরীক্ষা করালে তখন আমার পজিটিভ ধরা পড়েছে। এখন হাসপাতালে ভর্তি আছি। সবাই আামাদের জন্য দোয়া করবেন।’ অভিজ্ঞ এই ক্রীড়া সংগঠক আবার বাংলাদেশ আওয়ামী লীগেরও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক।

কলসিন্দুর জাতীয় নারী ফুটবলারদের প্রীতি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক

করোনাভাইরাসের প্রভাবে বন্ধ রয়েছে দেশের ফুটবল। আর সে কারণে দীর্ঘদিন ধরে ঘরে বসেই দিন কাটাচ্ছেন কলসিন্দুরের নারী ফুটবলাররা। তবে আগামী কাল তাদের ক্যাম্পে যোগ দেয়ার সম্ভাবনা রয়েছে। সে লক্ষ্যে একটি প্রীতি ম্যাচ খেলেছেন মারিয়া তহুরারা।
সোমবার বিকালে কলমাকান্দা উপজেলার লেংগুরা নারী ফুটবল দলের সঙ্গে কলসিন্দুর স্কুল মাঠে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। তহুরা শামসুন্নাহারদের দাপুটে খেলায় লেংগুরা ফুটবল দলকে ৭-০ গোলে পরাজিত করেছে কলসিন্দুর নারী ফুটবল দল। খেলা দেখতে মাঠে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল ফজল, অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রতন মিয়া, ফুটবল দলের ম্যানেজার সহকারী অধ্যাপক মালা রানী সরকার, সহকারী অধ্যাপক নাজমুল হক, ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, প্রভাষক এবি সিদ্দিক, মঞ্জুরুল হক, রাসেল খান, মেয়েদের কোচ জুয়েল মিয়া প্রমুখ।

সংসদ সদস্য সালাম মূর্শেদীকে জেলা ক্রীড়া সংস্থার অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক

খুলনা -৪ আসনের সংসদ সদস্য, সাবেক কৃতি ফুটবল খেলোয়াড়, আব্দুস সালাম মূর্শেদী ৪র্থ বারের মত বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, আলহাজ্ব এস এম মোর্ত্তজা রশিদী দারা, মুস্তাফিজুর রহমান বাবলু, আজমল আহম্মেদ তপন, সাধারণ সম্পাদক কাজী শামীম আহসান, অতিরিক্ত সাধারণ সম্পাদক হাজ্বী মো. মোতালেব মিয়া, যুগ্ম-সম্পাদক শেখ হেমায়েত উল্লাহ, জি এম রেজাউল ইসলাম, কোষাধ্যক্ষ হাসান জহীর মুকুল, কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম খালেদীন রশিদী সুকর্ন, মো. মোমতাজ আহমেদ তুহিন, মোল্লা খায়রুল ইসলাম, ফরহাদ নেওয়াজ শিমু, মো. সুজন আহম্মেদ, মনোয়ার আলী মনু, শরীফ মো. বদরুজ্জামান মামুন, নাজমুস সাদাত সুমন, এস এম ইনামুল কবীর মন্নু, কনক রহমান, ফয়সাল আহম্মেদ পপা, এস ওয়াহিদুর রহমান বাবু, খান নজরুল ইসলাম, এ বি এম কামরুজ্জামান, শাহানাজ ফাতেমা আজাদ মৌরী, পারভীন রহমান।

অ্যাড. সাইফুলকে লিটন স্মৃতি সংসদের ফুলেল শুভেচ্ছা

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনে প্রথমবারের মত নির্বাচনে অংশ নিয়ে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন জেলা আইনজীবী সমিতি ও জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম।
গতকাল মঙ্গলবার রাত ৮টায় নগরীর পিসি রায় রোডের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে তাকে অভিনন্দন ও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান লিটন স্মৃতি সংসদ এর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সহ-সভাপতি ফরিদ আহমেদ খোকন সাধারন সম্পাদক মো. মনিরুজ্জামান চৌধুরী বাবু, মিজানুর রহমান নাজু, আনোয়ারুল হক, অ্যাড. আলমগীর হোসেন, শেখ মেজবাহ উদ্দিন পপলুসহ কাবের সকল সদস্যবৃন্দ।

শেষ দিন ৪জনকে ভেড়ালো ম্যানইউ

ক্রীড়া প্রতিবেদক

বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল এদিনসন কাভানি যোগ দিচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সোমবার ম্যানইউ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, সাবেক পিএসজি স্ট্রাইকারকে ফ্রি ট্রান্সফারে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে ইংলিশ জায়ান্টরা। যদিও এক বছর পর চুক্তি ভাঙার শর্ত রাখা হয়েছে। গত মৌসুম শেষে পিএসজি ছেড়ে দেওয়ায় ফ্রি এজেন্ট হয়েছিলেন কাভানি। ফরাসি কাবটিতে ৭ বছর থাকার পর বিদায় বলেছেন জুনে।
দল বদলের শেষ দিনে আরও তিন খেলোয়াড়কে দলে ভেড়ানোর খবর শুনিয়েছে ম্যানইউ। ব্রাজিলিয়ান লেফট ব্যাক অ্যালেক্স তেলেসক পোর্তো থেকে ৪ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে তারা। এছাড়া কাভানির স্বদেশি উরুগুইয়ান ফাকুন্দো পেলেস্ত্রিকেও নেওয়া হয়েছে শেষ দিনে। তার চুক্তিটা ৫ বছর। আতালান্তা থেকে ভেড়ানো হয়েছে ১৮ বছর বয়সী আমাদ দিয়ালোকেও। চুক্তি অনুযায়ী তিনি দলে যোগ দেবেন জানুয়ারিতে।