স্টাফ রিপোর্টার
অবহেলিত থাকছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিট। একজন মাত্র ডাক্তার দিয়েই চলছে গুরুত্বপূর্ণ এ ইউনিটটি। বাধ্য হয়ে গড়ে প্রতিদিন ৬০-৭০ জন রোগীকে একাই সামাল দিতে হয় তাকে। ফলে স্বাভাবিক সুযোগ সুবিধা বঞ্চিত হন রোগীরা। একদিকে জনবল অন্যদিকে চিকিৎসা সামগ্রী সংকট প্রবল। এভাবেই চলে এ ইউনিটের চিকিৎসা সেবা।
খুমেক হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, শয্যা, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সঙ্কটে ভুগছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ। এসব সঙ্কটের কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। একটু জটিল পোড়া রোগী ভর্তি হলেই কর্তব্যরত ডাক্তার ঢাকায় রেফার্ড করতে বলছেন।
২০১৩ সালের ডিসেম্বরে চালু হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ শয্যার বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগ। বর্তমানে এখানে শয্যা করা হয়েছে ৩৬টি। তবে প্রতিদিন রোগী ভর্তি থাকে ৭০ থেকে ৮০ জন। এত বিপুল সংখ্যাক রোগীদের সামলান মাত্র একজন ডাক্তার। পুরো ইউনিটটিতে আর কোন ডাক্তার নেই। মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. তরিকুল ইসলাম একাই সামলাচ্ছেন গুরুত্বপূর্ণ এ বিভাগটি। অপারেশনের টেবিল থেকে বের হয়েও তাকে ভর্তি রোগী দেখতে হয়।
সূত্রটি জানায়, ইউনিটটিতে ৫টি পদ রয়েছে। এরমধ্যে এ্যাসিস্টেন্ট রেজিস্টার ২টি, রেজিষ্টার ১টি ও একটি এ্যাসোসিয়েট প্রফেসর পদ ফাঁকা। এ বিভাগে ডা. মিলন নামে সহকারি রেজিস্ট্রার পদমর্যাদার একজন ডাক্তার থাকলেও তাকে সম্প্রতি সার্জারি বিভাগে বদলী করা হয়েছে। তিনিও এ বিভাগের ডাক্তার ছিলেন না।
একজন সেবিকা বলেন, ড্রেসিংয়ের সরঞ্জামাদি না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে। এছাড়াও রাতে কোনো ডাক্তার না থাকায় রোগীরাও সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
গত মঙ্গলবার দুপুরে এ ইউনিটের ইমার্জেন্সিতে ভর্তি হন রাসেল নামের এক পোড়া রোগী। এসময় ইউনিটের একমাত্র ডাক্তার ও বিভাগীয় প্রধান তরিকুল ইসলাম অপারেশনে ছিলেন। খবর পেয়ে তিনি হন্তদন্ত হয়ে ছুটে যান রোগী দেখতে। প্রাথমিকভাবে দেখেই উপলব্ধি করেন এখানে তার চিকিৎসা দেওয়া সম্ভব না। তিনি রোগীর আত্মীয় স্বজনদের বলেন ঢাকায় নিয়ে যেতে। জরুরী কিছু ওষুধ লিখে তাদের ঢাকা যেতে বলেন।
হাসপাতালের নার্স নওরীন জানান, ইন্টার্নী ডাক্তাররাও এ ইউনিটে আসতে চান না। অনেক সময় ওয়ার্ড বয়কে সাথে নিয়ে ডাক্তার অপারেশন করতে বাধ্য হন। এরওপর সপ্তাহে একদিন আউটডোরে স্যারকে রোগী দেখতে হয়। আমাদের মতো নার্সদের সব সময় তটস্থ থাকতে হয় রোগীদের নিয়ে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্লাস্টিক এন্ড বার্ন ইউনিটের প্রধান ডা. মো: তরিকুল ইসলাম বলেন, বর্তমানে আমি একাই পুরো ইউনিটের দায়িত্বে রয়েছি। কয়েকদিন আগে সার্জারি বিভাগে একজনকে বদলী করে নিয়ে যাওয়া হয়েছে এখান থেকে। ইন্টার্নী ডাক্তাররা মাঝে মধ্যে এসে সহযোগীতা করেন। আমাদের অনেক ক্ষেত্রেই স্বেচ্ছাসেবী ডাক্তারদের ওপর নির্ভর করতে হয়।
এসব বিষয়ে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মুন্সী রেজা সেকেন্দার বলেন, এ ইউনিটে ডাক্তার সংকট রয়েছে। শুধু খুমেকে নয় সারা খুলনাতেই মাত্র ২/১ জন ডাক্তারের বেশী নেই। শুধু এ ইউনিটেই প্রয়োজন অন্তত ৮জন চিকিৎসক। দীর্ঘদিন ধরেই এমন চিকিৎসক সংকট চলছে। একাধিকবার মন্ত্রণালয়ে চাহিদাপত্র দিয়ে কোন কাজ হয়নি। তবে অন্য বিভাগের ডাক্তার দিয়ে তিনি সহযোগীতা অব্যহত রেখেছেন বলে দাবি করেন।











































