স্টাফ রিপোর্টার
সাংবাদিকদের দাবির মুখে অফিস আদেশ প্রত্যাহার করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম। হাসপাতালটিতে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের লিখিত অনুমতি লাগবে বলে করা আদেশ প্রত্যাখার করে তিনি সোমবার নতুন আদেশ দিয়েছেন। সেখানে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকরা কর্তৃপক্ষ/ কর্তব্যরত চিকিৎসককে অবহিত করে তারা সাংবাদিকতার নৈতিকতা ও নিয়মনীতি মেনে তথ্য সংগ্রহ করেতে পারবেন বলে মঙ্গলবার নতুন আদেশ দিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) খুমেক হাসপাতালের পরিচালক স্বাক্ষরিত এক অফিস আদেশে জারি করা হয়। ওই অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, পরিচালকের অনুমতি ছাড়া কিছু মিডিয়াকর্মী হাসপাতালের ভেতরে রোগীদের ছবি তুলছেন, যা কাম্য নয়। এতে রোগী এবং চিকিৎসক উভয়ই হয়রানির শিকার হচ্ছেন। হাসপাতালে রোগীদের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যার জায়গায় দৈনিক ২ হাজার রোগী চিকিৎসাসেবা নেয়। এখানে সাংবাদিকদের আনাগোনায় স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত ও কালক্ষেপণ হচ্ছে। এমতাবস্থায় পরবর্তীতে কোনো মিডিয়া ব্যক্তি পরিচালকের লিখিত অনুমতি ছাড়া হাসপাতালের ইনডোর বা আউটডোরে ছবি তোলা বা কারোর সাক্ষাৎকার নিতে পারবেন না।
এই আদেশের প্রেক্ষিতে খুলনার সাংবাদিক সমাজ তাৎক্ষনিক তীব্র ক্ষোভ প্রকাশ করেন। খুলনা টিভি রিপোটার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু এটিকে বেআইনী আখ্যা দিয়ে উকিল নোটিশ প্রেরণ করেন। খুলনা প্রেসক্লাব, খুলনা টিভি ক্যামেরা জার্নালিস্ট এ্যাসোসিয়েশন, পেশাজিবী সাংবাদিক সুরক্ষা মঞ্জসহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ বিবৃতি দেয়। এই প্রেক্ষিতে গত রোববার (১২ অক্টোবর) খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সংশোধনী আদেশ প্রকাশ করা হয়।
দ্বিতীয় অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ৫০০ শয্যায় দৈনিক ২ হাজার রোগী চিকিৎসাসেবা নেওয়ায় নিরবচ্ছিন্ন সেবা দেওয়া প্রয়োজন। এমতাবস্থায় পরবর্তীতে অফিস চলাকালে পরিচালক/কর্তব্যরত চিকিৎসক/দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা/সংশ্লিষ্ট চিকিৎসককে অবহিত করে, অফিস সময়ের পূর্বে ও পরে কর্তব্যরত চিকিৎসককে অবহিত করে এবং সাংবাদিকতার নিয়ম মেনে সাংবাদিক ও অন্যান্য মিডিয়া ব্যক্তিত্বের সংবাদ সংগ্রহ করার জন্য অনুরোধ করা হলো।
তারপরও সাংবাদিকরা ক্ষুব্ধ প্রতিক্রয়া প্রকাশ করে। গত রবিবার খুলনা প্রেসক্লাবে এক সভা হয়। সেখান থেকে সাংবাদিক নেতৃবৃন্দ আগামী ৪৮ ঘণ্টা আল্টিমেটাম পরিচালকের আদেশ প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার দাবি জানান।
সর্বশেষ মঙ্গলবার পুনরায় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। সেখানে তিনি বলেছেন, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ইনডোর ও আউটডোরে সাংবাদিক ও অন্যান্য মিডিয়া কর্মীগণ তাদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে কর্তৃপক্ষ/কর্তব্যরত চিকিৎসককে অবহিত করে সাংবাদিকতার নৈতিকতা ও নিয়মনীতি মেনে তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করতে পারবেন। তবে রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত না হয় এবং হাসপাতালের শৃঙ্খলা বজায় থাকে এ ব্যাপারে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা করার জন্য অনুরোধ করা হলো। হাসপাতাল কর্তৃপক্ষ ও সাংবাদিক সমাজের মধ্যে বিদ্যুমান সহানুভুতিশীল ও সহযোগিতামূলক সম্পর্ক পূর্বেও ছিলে আগামীতেও অটুট থাকবে।
এ বিষয়ে লিগ্যাল নোটিশ প্রেরণকারী সাংবাদিক, খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু পরিচালকের মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি বলেন, চিকিৎসকদের উচিত তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করা ও গণমাধ্যমকে সহযোগিতা করা। পাশাপাশি সাংবাদিকদেরও সাংবাদিকতার নীতিমালা মেনে কাজ করা উচিত।











































