Home Lead যাটজট ও দুর্ঘটনা: সড়কে ইজিবাইকের দুর্ভোগ, অভিযানে নামছে কেসিসি

যাটজট ও দুর্ঘটনা: সড়কে ইজিবাইকের দুর্ভোগ, অভিযানে নামছে কেসিসি

51


স্টাফ রিপোর্টার
অবশেষে খুলনায় অবৈধ ইজিবাইকের বিরুদ্ধে অভিযানে নামছে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। সবকিছু ঠিক থাকলে আগামী রবিবার থেকে এ অভিযান শুরু হবে। প্রাথমিকভাবে মহানগরীর বাইরের ইজিবাইক শহরে প্রবেশ বন্ধ, লাইসেন্সপ্রাপ্ত ইজিবাইকের রঙ পরিবর্তন, যাছাই-বাছাই করে সড়কে শৃঙ্খলা ফেরাবে নগর সংস্থা। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)সহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ অভিযানে সহায়তা করবে। সিটি করপোরেশনের লাইসেন্স বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।


খুলনা সিটি করপোরেশন (কেসিসি) ও খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র তথ্য অনুযায়ী, ২০১০ সাল থেকে মহানগরী খুলনায় ব্যাটারি চালিত ইজিবাইক চলাচল শুরু করে। স্বল্প ভাড়া ও দ্রুতগতির যান হওয়ায় অল্প দিনেই এ সংখ্যা বাড়তে শুরু করে। বর্তমানে নগরীর এক হাজার তিনশ’টি সড়কে প্রায় ৩০ হাজার ইজিবাইক, ২০ হাজার রিকশা চলাচল করছে। সড়ক ও যাত্রীর তুলনায় এ যানবাহনের সংখ্যা বেশী হওয়া ও শৃঙ্খলা না থাকায় নগর জুড়ে দুর্ভোগে শিকার হচ্ছেন নাগরিকরা। বিশেষ করে ৫ আগস্টের রাজনৈতিক পেক্ষাপট পরির্তনে এ সমস্যা আরো বাড়ছে। বিশেষ করে মহানগরীর প্রবেশপথ গল্লামারী, সোনাডাঙ্গা, আড়ংঘাটা, রূপসা দিয়ে প্রতিদিন সকাল থেকে শহরতলী বটিয়াঘাটা, ডুমুরিয়া উপজেলার হাজার হাজার ইজিবাইক, ইঞ্জিন চালিত ভ্যান ও রিকশা অবাধে নগরীতে প্রবেশ করে। যাত্রীর তুলনায় যানবাহনের সংখ্যা বেশী হওয়ায় চালকরা যাত্রীর সন্ধানে যত্রতত্র পাকিং ও ওঠানামানো করে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করে।


খুলনা সিটি করপোরেশন যানবহন শাখার তথ্য অনুসারে, সিটি করপোরেশন এ পর্যন্ত ৭ হাজার ৯৮০টি যাত্রীবাহী ও পণ্য পরিবহনের জন্য ২ হাজার ৯৬ টি লাইসেন্স দিয়েছে। কিন্তু নগরীতে অবৈধভাবে আরো ৫-৭ হাজার ইজিবাইক চলাচল করায় যানজট বাড়ছে। আবার অনেক ইজিবাইক মালিক গড়ে ৪-৫টি নকল স্টিকার ও ব্লু-বুক তৈরি করে ইজিবাইক পরিচালনা করতো। ফলে প্রকৃত লাইসেন্সধারীদের সনাক্ত করা কঠিন ছিল। এজন্য পুরনো লাইসেন্স নবায়ন করে কিআর কোডযুক্ত ডিজিটাল স্টিকার ও ব্লুক তৈরী করে বিতরণ করা হয়েছে। এছাড়া খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক আইনের উপর সাড়ে ৬ হাজারের বেশী ইজিবাইক চালকদের একদিনের প্রশিক্ষণ দিয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, মহানগরীর তিন চাকার অনুমোদিত ইজিবাইক ভিন্ন রঙে দু’শিফটে পরিচালনা, যাত্রী সংখ্যা সীমিত করা, যত্রতত্র পাকিং, ওঠা-নামা বন্ধে কঠোর পদক্ষেপ নেবে। নগরীতে বাইরের অবৈধ ইজিবাইক শহরে প্রবেশ বন্ধ করা হবে। ফলে অতিরিক্ত যানবাহন শহরে প্রবেশ করতে পারবে না। এতে নগরীর সড়কে শৃঙ্খলা ফিরবে।


খুলনা সিটি করপোরেশনের লাইসেন্স অফিসার (ট্রেড) খান হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, অতিরিক্ত যানবাহন সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে ও যানজট সৃষ্টি হচ্ছে। করপোরেশ একটি দীর্ঘ প্রক্রিয়ায় এ নিয়ে কাজ করেছে। কেএমপিসহ বিভিন্ন সংস্থার সঙ্গে একাধিক বার বৈঠক হয়েছে। কিআর কোডযুক্ত ডিজিটাল স্টিকার ও ব্লুক প্রদান করা হয়েছে। পজ মেশিনের মাধ্যমে সহজেই অবৈধ যানবাহন সনাক্ত করা সম্ভব হবে। এ বিষয়গুলো নিয়ে সিটি করপোরেশন প্রচার-প্রচারণা চালিয়েছে। রবিবার (১৯ অক্টোবর) থেকে কঠোর অভিযান শুরু হবে। এজন্য নগরবাসীকেও সহযোগিতা করতে হবে।