খুলনাঞ্চল রিপোর্ট।।
বাঁকখালী নদীর দুই পারে মানুষের উপচে পড়া ভিড়। নদীতে ভাসছে দৃষ্টিনন্দন জাহাজ। বাঁশ, বেত, কাঠ ও রঙিন কাগজ দিয়ে তৈরি এসব জাহাজ ঘিরে চলছে বাঁধভাঙা উচ্ছ্বাস। শিশু-কিশোর ও যুবকরা দল বেঁধে বাদ্য বাজিয়ে জাহাজে নাচছে, গাইছে। কোনো কোনো জাহাজে চলছে বুদ্ধ কীর্তন।
মঙ্গলবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কক্সবাজারের রামুর বাঁকখালী নদীর পরিবেশ ছিল এমনই উৎসবমুখর। বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে যুগ যুগ ধরে বাঁকখালী নদীতে কল্পজাহাজ ভাসানোর উৎসবের আয়োজন হয়ে আসছে। মঙ্গলবার এ উৎসবে অপূর্ব কারুকাজের একেকটি দৃষ্টিনন্দন জাহাজ কয়েকটি নৌকায় একত্রে বসিয়ে ভাসানো হয় নদীতে। শত শত প্রাণের বাঁধভাঙা উচ্ছ্বাসে সাতটি কল্পজাহাজ ঘুরে বেড়ায় নদীর এপার থেকে ওপারে। বৌদ্ধ নারী-পুরুষসহ উৎসবে মেতে ওঠেন নদীর দুইপারের সব ধর্মের মানুষ।
উৎসবে প্রধান অতিথি ছিলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। উদযাপন পরিষদের সভাপতি মিথুন বড়ুয়া বোথামের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবীবিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল।
ড. খালিদ হোসেন বলেন, সম্প্রীতিতেই শান্তি। যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই, সেই দেশের উন্নতি হতে পারে না। দেশের স্থিতিশীলতা আসে না। পর্যটন শিল্পের উন্নয়ন ও উৎপাদন হতে পারে না। দেশের উন্নয়নের জন্য সম্প্রীতি অপরিহার্য।
কক্সবাজার জেলা বৌদ্ধ সুরক্ষা পরিষদের সভাপতি প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, ১৯৫৬ সালের আগ পর্যন্ত তৎকালীন রাখাইন এবং মগ সম্প্রদায় রামুর বাঁকখালী নদীতে কল্পজাহাজ ভাসানো উৎসব উদযাপন করত। পরবর্তী সময়ে এ অঞ্চলে তাদের আধিক্য কমতে শুরু করলে বড়ুয়া বৌদ্ধরা এর হাল ধরেন। এই উৎসব সর্বপ্রথম প্রবর্তন হয় প্রতিবেশী দেশ মিয়ানমারে। প্রায় ২০০ বছর আগে মিয়ানমারের মুরহন ঘা নামক স্থানে একটি নদীতে মংরাজ ম্রাজংব্রান নামক একজন ব্যক্তি এই উৎসবের সূচনা করেন।











































