স্পোর্টস ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন ওয়ানডে ও টি–টোয়েন্টি সিরিজের সূচিতে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দ্বিতীয় ওয়ানডে ও প্রথম দুই টি–টোয়েন্টির তারিখ এক দিন করে পিছিয়েছে।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পরিবর্তনের নির্দিষ্ট কারণ জানায়নি বোর্ড।
সংশোধিত সূচি অনুযায়ী, দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর, যা আগে নির্ধারিত ছিল ২০ অক্টোবর। একইভাবে, প্রথম টি–টোয়েন্টি হবে ২৭ অক্টোবর, দ্বিতীয়টি ২৯ অক্টোবর।
ওয়েস্ট ইন্ডিজ দল আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে পৌঁছাবে। ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পর চট্টগ্রামে হবে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ।
তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে ১৮, ২১ ও ২৩ অক্টোবর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রতিটি ম্যাচ শুরু হবে বেলা দেড়টায়।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টি–টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ হবে ২৭, ২৯ ও ৩১ অক্টোবর। প্রতিটি ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়।
এদিকে, বাংলাদেশ দল বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে রয়েছে। আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার পর এবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে বুধবার।










































