স্পোর্টস ডেস্ক
নারী ওয়ানডে বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে টাইগ্রেসদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ন্যাট শিভার-ব্রান্ট। যেখানে প্রথমে ব্যাট করা নিগার সুলতানার দল ৪৯.৪ ওভারে ১৭৮ রানে অলআউট হয়েছে।
আজ মঙ্গলবার ভারতের গুয়াহাটিতে খেলছে দুদল। বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়েছে।
ব্যাটিংয়ে নেমে ইংল্যান্ড বোলারদের তোপে শুরু থেকে আসা-যাওয়ার মিছিলে ব্যস্ত থাকে বাংলাদেশি ব্যাটাররা। সর্বোচ্চ ৬০ রান করেন সোবহান মোস্তারি। তিনি ১০৮ বলে ৮টি চারে নিজের ইনিংস সাজিয়ে অ্যালিক ক্যাপসির বলে আউট হন।
শেষ দিকে রাবেয়া খান ২৭ বলে ৪৩ রানের ঝড়ো ইনিংস খেললে পৌনে দুইশ রানের গণ্ডি ছাড়ায় বাংলাদেশ। এই ব্যাটার ৬টি চার ও একটি ছক্কায় অপরাজিত থাকেন। এছাড়া ৫২ বলে ৩০ রান করেন শারমিন আখতার।
ইংল্যান্ড বোলারদের মধ্যে সর্বোচ্চ ৩টি উইকেট পান সোফি এক্লেস্টোন। দুটি করে উইকেট দখল করেন লিনসে স্মিথ, চার্লি ডিন ও ক্যাপসি।
বাংলাদেশ ও ইংল্যান্ড এর আগে নিজেদের প্রথম ম্যাচেই জয়ের দেখা পেয়েছে। লাল-সবুজের মেয়েরা পাকিস্তানকে হারিয়েছে। আর প্রোটিয়া নারীদের হারিয়েছে ইংল্যান্ড।










































