ঝিনাইদহ প্রতিনিধি-
সারাদেশের ন্যায় ঝিনাইদহেও শুরু হয়েছে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন। রোববার সকালে শহরের পুরাতন হাসপাতাল চত্বরে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় সিভিল সার্জন ডা: সেলিনা বেগম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বদরুদ্দোজা শুভ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাৎ হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
স্বাস্থ্য বিভাগ জানায়, এ বছর জেলার ৬ উপজেলায় ১ হাজার ৮’শ ৮৫ টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৬’শ ৪৬ শিশুকে নীল রংয়ের ও ১২ শিশুকে মাস হতে ৫৯ মাস বয়সী শিশুকে লাল রংয়ের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। করোনা মহামারির এই দুর্যোগ মুহুর্তে শিশুদের ভিটামিন খাওয়াতে পারায় খুশি অভিভাবকরা।

ঝিনাইদহে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
ঝিনাইদহ প্রতিনিধি
‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উৎপাদনশীলতা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফ-উজ-জামান, ঝিনাইদহ বিসিকের উপ-ব্যবস্থাপক সেলিনা রহমান, বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি আকরাম হোসেন, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হানসহ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেয়।
বক্তারা, দেশের উৎপাদনশীলতার সক্ষমতা বাড়াতে জেলা পর্যায়ের শিল্পউদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও বিসিকের উন্নয়নে কাজ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।











































