পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় স্বামী ও বড় স্ত্রীর পুত্র মিলে ছোট স্ত্রীকে বেধড়ক মারপিট করে রক্তাক্ত জখম করাছে। এলাকা বাসী আহতকে পাইকগাছা হাসপাতালে ভর্তি করেছে। ঘটনাটি উপজেলার সোলাদানা ইউনিয়নে (হাজতের ভিটা) নামক স্থানে। এ ঘটনায় জখমী মর্জিনা বাদী হয়ে পাইকগাছা থানায় এজাহার দায়ের করেছে।
জানা যায়, শুক্রবার সকালে উপজেলার সোলাদানা ইউপির চৌরাস্তা (হাজতের ভিটা) নামক গ্রামের মৃত মাহমুদ আলী গাজীর পুত্র নজরুল ইসলাম স্ত্রী ও সন্তান গোপন করে সাতক্ষীরা জেলার তালা থানার মুড়াকলিয়া গ্রামের মোহাম্মদ আলী সরদারের কন্যা মর্জিনা খাতুনকে ২০০৭ সালের ৪ ফেব্রয়ারী বিবাহ করে। বিবাহের পর থেকে মর্জিনা ও নজরুল চৌরাস্তার বাড়ীতে বসবাস করতে থাকে। এদিকে নজরুলের বড় স্ত্রী ও সন্তান মিজানুর রহমান ঢাকাতে অবস্থান করত। মর্জিনার স্বামী নজরুল প্যারালাইজড হয়ে একটি হাত অচল হয়ে পড়লে সংসার পরিচালনা করা কষ্টকর হয়ে পড়ে।
তখন মর্জিনা রাস্তার পাশে চায়ের দোকান করে অতি কষ্টে সংসার নির্বাহ করে। সম্প্রতি নজরুলের পুত্র মিজান ও তার স্ত্রী শাপলা ঢাকা হতে বাড়ীতে ফিরে আসে। তারা মর্জিনার তৈরী করা দোকান ঘরটি মিজানকে দেয়ার জন্য চাপ সৃষ্টি করতে থাকে। মর্জিনা দোকান ঘর দিতে অস্বীকার করলে শুক্রবার সকালে নজরুল, পুত্র মিজান ও নজরুলের ছোট ভাই শহিদুল শত শত লোকের উপস্থিতিতে মর্জিনাকে দোকান হতে বের করে বেধড়ক মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে। স্থানীয় লোকজন মর্জিনাকে গুরুতর আহত অবস্থায় পাইকগাছা হাসপাতালে ভর্তি করে। মর্জিনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় মর্জিনা বাদী হয়ে ৩জনের নামে পাইকগাছা থানায় এজাহার দাখিল করেছে। ওসি এজাজ শফী জানান, উক্ত ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাইকগাছায় উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতীক বরাদ্দ
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় উপজেলা পরিষদ উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রতীক বরাদ্দ করা হয়েছে। রোববার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টুকে নৌকা ও বিএনপি মনোনীত প্রার্থী ডাঃ আব্দুল মজিদকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রতীক বরাদ্দ করেন জেলা সিনিয়র নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এম মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন, ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মদ আরাফাতুল আলম, ওসি এজাজ শফী, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, আওয়ামীলীগ প্রার্থী আনোয়ার ইকবাল মন্টু, বিএনপি প্রার্থী ডাঃ আব্দুল মজিদ ও দলীয় নেতা/ কর্মীরা।

পাইকগাছায় গড়েরডাঙ্গায় ভূমিহীনের বসত ঘর ভাংচুর
পাইকগাছা প্রতিনিধি ॥
পাইকগাছায় চাঁদখালীর গড়েরডাঙ্গায় ভূমিহীন পরিবারের একমাত্র বসত ঘর ভেঙ্গে দেওয়ায় মানবেতর জীবন যাপন করছে পরিবারটি।
জানা যায়, উপজেলার চাঁদখালী ইউনিয়নের গড়েরডাঙ্গায় ৩ বিঘা জমি ডিসিআর নিয়ে দীর্ঘদিন ধরে বসবাস করছে আব্দুর রহিম। আব্দুর রহিম জানান, দীর্ঘদিন ধরে ডিসিআর মুলে জমি নিয়ে ৭ সদস্যের পরিবার নিয়ে একটি ঘর তৈরী করে বসবাসের পাশাপাশি সেখানে চায়ের দোকান বিক্রি করে আসছি। স্থানীয় কতিপয় দুষ্টচক্র প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে তাদেরকে একমাত্র আশ্রয়স্থলটি ভেঙ্গে দিয়েছে। বর্তমানে আব্দুর রহিমের পরিবারটি মানবেতর জীবন যাপন করছে। এ ব্যাপারে আব্দুর রহিমের ছেলে আনিছ জানান, কিছু গাঁজাখোর চোর ডাকাতদের তাদের দোকানে আড্ডা দিতে না দেয়ায় চক্রান্ত করে আমাদের ঘরটি ভেঙ্গে দিয়েছে। এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আরাফাতুল আলম জানান, উক্ত ঘরটি সরকারি জায়গায় হওয়ায় অভিযোগের প্রেক্ষিতে ভেঙ্গে দেয়া হয়েছে।











































