স্টাফ রিপোর্টার।।
খুলনায় নিজ ঘরে ঘুমিয়ে থাকা এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে তিনটার দিকে নগরীর দৌলতপুরের মহেশ্বরপাশা পশ্চিমপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। দ্রুত তাকে উদ্ধার হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম তানভীর হাসান শুভ (২৮)। তিনি ওই এলাকার আবুল বাশারের ছেলে।
দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, ঘরের মেঝেতে শুভ, তার মা ও ছোট ভাই ঘুমিয়ে ছিলেন। জানালা দিয়ে তানভীরকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি তানভীরের কপালে বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
তিনি বলেন, পিস্তল দিয়ে এমন নিখুঁত নিশানায় আঘাত পেশাদার খুনিদের দিয়েই সম্ভব। হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। এখনও কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
স্থানীয়রা জানান, শুভ কিছুদিন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেছেন। তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তবে শুভ কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।










































