ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচনকে কেন্দ্র করে প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেল এখন উৎসবমুখর। বাফুফের ডেলিগেট, প্রার্থী ও ভোটারদের সঙ্গে উৎসুক মানুষ মিলে পাঁচতারকা হোটেলটি ফুটবল সংগঠকদের পদচারনায় মুখরিত।
সকাল ১১টায় কাজী মো. সালাউদ্দিনের সভাপতিত্বে শুরু হয়ে ঘণ্টাদুয়েকের মধ্যেই শেষ হয়েছে এজিএম। মূলতঃ গত এক বছরে বাফুফে যে কার্যক্রম করেছে, আয়-ব্যয় করেছে তার হিসাব অনুমোদন এবং ২০২১ সালে কি কি কার্যক্রমের বাজেট অনুমোদন হয়েছে এই সাধারণ সভায়। এজিএমের পর দুপুর ২টায় শুরু হয় ভোট। যে কারণে, সাধারণ মানুষের প্রথম সেশন নিয়ে কোনো আগ্রহ ছিল না। সবার দৃষ্টি দ্বিতীয় পর্বের দিকে। দুপুর ২ টায় শুরু হয়ে ভোট চললো সন্ধ্যা ৬টা পর্যন্ত। হোটেলের বলরুমে যখন চলছিল বার্ষিক সাধারণ সভা, বাইরে তখন প্রার্থীরা ব্যস্ত ছিলেন ভোটারদের মন জয় করতে। যখন কোন ভোটার হলরুমের বাইরে এসছেন তখনই তাকে ঘিরে ধরেছেন প্রার্থীরা। বাফুফের নির্বাহী কমিটির সদস্য নন এবং ভোটার নন এমন যারা প্রার্থী আছেন তাদের এজিএম স্থলে প্রবেশের অনুমতি ছিল না।
বাফুফেতে দূর্নীতি হচ্ছে বিগত কয়েক বছর ধরে এমন অভিযোগ ছিল সালাউদ্দিন বিরোধীদের। কিন্তু সাধারণ সভায় কোনো কাউন্সিলর এ বিষয় নিয়ে কোনো কথাই বলেননি। দু’একটি বিষয় ছাড়া কোনো কিছু নিয়েই তেমন কোন আপত্তি তোলেননি কাউন্সিলররা। কোনো প্রকার হট্টগোল ছাড়া নির্বিঘেœই শেষ হয়েছে বাফুফের বহুল আলোচিত বার্ষিক সাধারণ সভা।
মুমিনুলের শতকে শেষ হলো প্রস্তুতি ম্যাচ
ক্রীড়া প্রতিবেদক
দীর্ঘদিন পরে ব্যাট হাতে মাঠে নেমেছেন। কিন্তু বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুলের খেলা দেখে সেটি মনে হতে না-ই পারে। এই বাঁহাতি ব্যাটসম্যান দুই দিনের প্রস্তুতি ম্যাচে একমাত্র ক্রিকেটার হিসেবে শতক হাঁকিয়েছেন। টেস্ট অধিনায়কের শতকে প্রথম প্রস্তুতি ম্যাচের খেলা অনুমিতভাবেই ড্রয়ে শেষ হলো। ওটিস গিবসন একাদশের ২৩০ রানের জবাবে রায়ান কুক একাদশ ৫ উইকেটে ২৪৮ রান করার পর ম্যাচ ড্র ঘোষণা করা হয়।
প্রস্তুতি ম্যাচের শেষ দিন ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন আগের দিন বল হাতে চমক দেখানো মোহাম্মদ মিথুনও। এই ক্রিকেটার পেয়েছেন অর্ধশতকের দেখা। তবে দুর্ভাগ্যজনকভাবে ব্যর্থ হয়েছেন জাতীয় দলের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এদিকে ব্যাটসম্যানদের দিনে বল হাতে উজ্জ্বল ছিলেন এবাদত হোসেন এবং তরুণ হাসান মাহমুদ। প্রথম দিন ওটিস গিবসন একাদশ অলআউট হওয়ার পর আলোকস্বল্পতার জন্য আর খেলা হয়নি। ফলে দ্বিতীয় দিনের শুরুতে মাঠে নামে রায়ান কুক একাদশ। তবে ব্যাট হাতে দলকে ভালো শুরু এনে দিতে পারেননি কুক একাদশের দুই ওপেনার সাদমান ইসলাম এবং ইয়াসির রাব্বী। এবাদতের বোলিং তোপে শুরুতে প্যাভিলিয়নে ফেরেন তারা। সাদমান ১৩ এবং ইয়াসির করেন মাত্র ২ রান। তিনে ব্যাট করতে নেমে অবশ্য স্বাচ্ছন্দ্যে খেলতে থাকেন মুমিনুল। তবে চারে নামা মুশফিক দেখলেন ব্যর্থতা। তরুণ হাসান মাহমুদের ভেতরে ঢোকা বল মিস করে ১৩ বলে ৩ রান নিয়ে বোল্ড হয়ে মাঠ ছাড়েন এই নির্ভরযোগ্য ব্যাটসম্যান।
এরপর মিথুনকে নিয়ে দারুণভাবে এগিয়ে যান অধিনায়ক মুমিনুল। দুজনে গড়েন ১৫৩ রানের বিশাল জুটি। এরপরে ৬২ রান করে নাঈম হাসানের শিকারে পরিণত হোন মিথুন। এই ডানহাতি ব্যাটসম্যান ফিরলেও শতক হাঁকাতে ভুল করেননি মুমিনুল। ২২০ বল খেলে ১৪ চার ও ১ ছয়ে ১১৭ রান করে নিজের ইনিংস সাজান মুমিনুল। এরপরে রিটায়ার্ড করেন পরবর্তী ব্যাটসম্যানদের সুযোগ করে দিতে। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ২২ রান করে মাহমুদউল্লাহর শিকার হোন নুরুল হাসান সোহান। শেষ পর্যন্ত সাইফ উদ্দিন ১০ এবং তাইজুল ৬ রানে অপরাজিত থাকতে ম্যাচ ড্র ঘোষণা করা হয়। ম্যাচে এবাদত ২টি; মাহমুদউল্লাহ, নাঈম এবং হাসান ১টি করে উইকেট পান।
চতুর্থবারের মতো বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন
ক্রীড়া প্রতিবেদক
টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি নির্বাচিত হলেন সাবেক ফুটবলার কাজী মো. সালাউদ্দিন। রাজধানীর প্যানপ্যাসিফিক সোনারগাঁও হোটেলে হওয়া নির্বাচনে জিতেছেন তিনি।
নতুন মেয়াদে বাফুফের সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আরেক সাবেক ফুটবলার আবদুস সালাম মুর্শেদী। কাজী সালাউদ্দিনের মতো তিনি টানা চতুর্থবারের মতো সিনিয়র সহ-সভাপতি হলেন। বহুল প্রতীক্ষিত এই নির্বাচনে ১৩৯ ভোটের মধ্যে ভোট পড়েছে ১৩৫টি। দুজন কাউন্সিলর উপস্থিত ছিলেন না, ভোট দেননি আরও দুজন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাদল রায়ের চেয়ে ৫৪টি ভোট বেশি পেয়েছেন কাজী সালাউদ্দিন। তার নামের পাশে ভোট পড়েছে ৯৪টি, বাদল রায় পেয়েছেন ৪০ ভোট। সভাপতি পদের তৃতীয় প্রার্থী সফিকুল ইসলাম মানিক পেয়েছেন ১টি ভোট। অন্যদিকে সিনিয়র সহ-সভাপতি পদেও নিরঙ্কুশ জয় পেয়েছেন সালাম মুর্শেদী। তার নামের পাশে জমা পড়েছে ৯১ ভোট এবং প্রতিদ্বন্দ্বী শেখ মোহাম্মদ আসলাম পেয়েছেন ৪৪টি ভোট।
অনুপস্থিত খন্দকার-তরফদার
ক্রীড়া প্রতিবেদক
প্রতীক্ষার প্রহর শেষে গতকাল অনুষ্ঠিত হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নির্বাচন। নির্বাচনের আগে অনুষ্ঠিত এজিএমে অন্যান্য প্রায় সবাই উপস্থিত থাকলেও ছিলেন না তরফদার রুহুল আমিন সভাপতি পদপ্রার্থী বাদল রায়।
আগস্ট মাসে বিভাগওয়ারী প্রচারনায়ও ছিলেন তরফদার রুহুল আমিন। কিন্তু তারপর অনেকটা হটাৎ করেই তিনি ঘোষণা দেন, থাকছেন না নির্বাচনী লড়াইয়ে। তারপর কোভিড সংক্রমন উপেক্ষা করেই দেশ ছাড়েন। এই সংগঠক প্রথমে দুবাই ও পরে ইউরোপে অবস্থান করছেন বলে জানা গেছে। তিনি ছাড়া আরো একজন সাধারণ সভায় অনুপস্থিত ছিলেন। তিনি হলেন ফরিদপুর ডিএফএর নাজমুল ইসলাম খন্দকার। তিনি বর্তমানে একটি মামলায় কারাগারে আছেন। ফলে এজিএমে ১৩৯ জন ডেলিগেটের মধ্যে ১৩৭ জন উপস্থিত ছিলেন। এর বাইরে বর্তমান নির্বাহী কমিটির সহসভাপতি বাদল রায় (সভাপতি পদে প্রার্থী) সাধারণ সভায় উপস্থিত ছিলেন না।
রুমানার অভিযোগে শেখ রাসেলের ম্যানেজারকে তলব
ক্রীড়া প্রতিবেদক
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক রুমানা আহমেদের অভিযোগে শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির ম্যানেজার জাকির হোসেনের বক্তব্য শুনতে তাকে ডেকে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, ‘যত দ্রুত সম্ভব এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যার বিরুদ্ধে অভিযোগ তার কথা শুনব আমরা। এ জন্য তাকে ডাকা হয়েছে।’ ঢাকা প্রিমিয়ার লিগের কাব শেখ রাসেল ম্যানেজারের কাছে দেড় বছর আগের পাওনা টাকা চেয়ে অপমানের স্বীকার হতে হয় রুমানাকে। কাব কর্মকর্তার অনেক গড়িমসির পর লকডাউনের সময় মুঠোফোনে টাকা পরিশোধের জোর দাবি তোলায় টাইগ্রেস অধিনায়ককে শুনতে হয় গালিগালাজ। তাকে হুমকিও দেওয়া হয়। বলা হয়, কাব ও তাদের নিজেদের অনেক ক্ষমতা। পাওনা টাকার অংকটা অন্তত দশ লক্ষ। যার মধ্যে রুমানার একার পাওনাই তিন লাখ। বিসিবির কাছে ২৫ সেপ্টেম্বর অভিযোগপত্র দেয় রুমানা।
রাজস্থানকে উড়িয়ে শীর্ষে ব্যাঙ্গালুরু
ক্রীড়া প্রতিবেদক
এবারের আইপিএলটা একদমই ভালো যাচ্ছিল না বিরাট কোহলির। প্রথম তিন ম্যাচে তার উইলো থেকে আসে ১৪, ১ ও ৩ রান। কোহলির নামের সঙ্গে কি এসব মানায়! অবশেষে স্বরূপে ফিরলেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক।
আর কোহলি যেদিন ফর্মে থাকেন, প্রতিপক্ষের আর কীই-বা করার থাকে! আবুধাবিতে অধিনায়কের রানে ফেরার ম্যাচটিতে রাজস্থান রয়্যালসকে রীতিমত উড়িয়ে দিয়েছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ম্যাচটি তারা জিতেছে ৮ উইকেট আর ৫ বল হাতে রেখে। এই জয়ে আইপিএলে পয়েন্ট তালিকার এক নম্বরে উঠে এসেছে ব্যাঙ্গালুরু। চার ম্যাচের মধ্যে তিনটিতেই জিতেছে কোহলির দল।
লক্ষ্য ছিল ১৫৫ রানের। টি-টোয়েন্টিতে একেবারে মামুলি বলার উপায় নেই। তবে দেবদূত পাডিক্কেলের দুরন্ত ফর্ম আর কোহলির ক্যাপ্টেনস নকে জয় পেতে একদমই কষ্ট হলো না ব্যাঙ্গালুরুর। ওপেনার অ্যারন ফিঞ্চ ৮ রানে ফেরার পর দ্বিতীয় উইকেটে পাডিক্কেল আর কোহলি গড়েন ৯৯ রানের ম্যাচ জেতানো জুটি। ৪৫ বলে ৬ চার আর ১ ছক্কায় ৬৩ রান করে পাডিক্কেল শেষতক ফেরেন জোফরা আর্চারের বলে বোল্ড হয়ে। তবে এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে বাকি পথটা পারি দিতে কষ্ট হয়নি কোহলির। ৫৩ বলে ৭ বাউন্ডারি আর ২ ছক্কায় ব্যাঙ্গালুরু অধিনায়ক অপরাজিত থাকেন ৭২ রানে। ১০ বলে ১২ রান নিয়ে তার সঙ্গে বিজয়ীর বেশে মাঠ ছাড়েন ডি ভিলিয়ার্স। এর আগে কঠিন বিপদ সামলে ৬ উইকেটে ১৫৪ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় রাজস্থান রয়্যালস। ১৬ ওভার শেষে তাদের সংগ্রহ ছিল ৫ উইকেটে ১০৬ রান। সেখান থেকে শেষ চার ওভারে ১ উইকেট হারিয়ে যোগ করে আরও ৪৮।
ইউরোপা লিগের বর্ষসেরা লুকাকু
ক্রীড়া প্রতিবেদক
২০১৯-২০২০ মৌসুমে উয়েফা ইউরোপা লিগের বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। ২৭ বছর বয়সী এই বেলজিয়ান ব্রুনো ফার্নান্দেস ও এভার বানেগাকে পিছনে ফেলে এই পুরস্কার জয় করেছেন।
এবার নিয়ে চতুর্থবারের মত বর্ষসেরার এই পুরস্কার দিয়েছে উয়েফা। শুক্রবার নিঁওনে আয়োজিত উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে লুকাকুকে বর্ষসেরা হিসেবে ঘোষণা দেয়া হয়। লুকাকুর বেলজিয়ান সতীর্থ এডেন হ্যাজার্ড গত বছর এই পুরস্কার জয় করেছিলেন। ইউরোপা লিগের নক আউট পর্বে ইন্টারের ছয়টি ম্যাচেই গোল করার কৃতিত্ব দেখিয়েছেন লুকাকু। সব মিলিয়ে তিনি গোল করেছেন সাতটি, আর অ্যাসিস্ট করেছেন দুটিতে। সব প্রতিযোগিতা মিলিয়ে ইন্টারের হয়ে গত মৌসুমে লুকাকু গোল করেছেন ৩৪টি।
চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছেন হ্যালেপ
ক্রীড়া প্রতিবেদক
রোলাঁ গারোর চতুর্থ রাউন্ডের টিকিট কেটেছেন সিমোনা হ্যালেপ। রোমানিয়ান এ তারকা তৃতীয় রাউন্ডের লড়াইয়ে হারিয়েছেন মার্কিন প্রতিপক্ষ আমান্ডা আনিসিমোভাকে।
কোর্টের লড়াইয়ে ২৯ বছরের হ্যালেপ ম্যাচ জিততে সময় নিয়েছেন মাত্র ৫৪ মিনিট। প্যারিসের কোর্টে প্রতিপক্ষ আনিসিমোভাকে সরাসরি সেটে ৬-০ ও ৬-১ গেমে হারিয়েছেন এ শীর্ষ বাছাই । মেয়েদের এককের শেষ ১৬ পর্বে হ্যালেপ লড়বেন পোলিশ টিনেজার ইগা সোইয়াটেকের বিপক্ষে।
শেষ ষোলতে দুরন্ত রাফায়েল নাদাল
ক্রীড়া প্রতিবেদক
দুরন্ত এক জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেনের শেষ ১৬ পর্বে উঠে গেছেন রাফায়েল নাদাল। তৃতীয় রাউন্ডের লড়াইয়ে স্প্যানিশ এ সুপারস্টার হারিয়েছেন স্তেফানো ত্রাভাগলিয়াকে।
১৪ বছরের নাদাল কে-কোর্টের এ আসরে শিরোপা জয়ের রেকর্ডটা বাড়িয়ে ১৩ তে নিয়ে যেতে চান। লক্ষ্যে অটল থেকে কোর্টের লড়াইয়ে ৬-১, ৬-৪ ও ৬-০ গেমে হারিয়েছেন ইতালিয়ান প্রতিপক্ষকে। চতুর্থ রাউন্ডের ম্যাচে ১৯ গ্র্যান্ড স্ল্যামের মালিক লড়বেন মার্কিন প্রতিপক্ষ সেবাস্তিয়ান কর্ডার বিপক্ষে।
প্যালেসকে উড়িয়ে দিল চেলসি
ক্রীড়া প্রতিবেদক
গোলশূন্য প্রথমার্ধের পর দলকে এগিয়ে নিলেন বেন চিলওয়েল। পরে জালের দেখা পেলেন কুর্ত জুমা ও জর্জিনিয়ো। ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল চেলসি।
স্ট্যামফোর্ড ব্রিজে স্থানীয় সময় শনিবার দুপুরে হওয়া ম্যাচটি ৪-০ গোলে জিতেছে ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের দল। পেনাল্টি থেকে দুই গোল করেন জর্জিনিয়ো।
লিগে প্যালেসের বিপক্ষে এই নিয়ে টানা ছয় ম্যাচ জিতল চেলসি। সবশেষ ২০১৬-১৭ মৌসুমে লিগ শিরোপা জেতা দলটি জয় দিয়ে আসর শুরুর পর লিভারপুলের বিপক্ষে হেরেছিল। এরপর ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিওনের মাঠে তিন গোল হজমের পর ড্র নিয়ে ফিরেছিল তারা।
নেইমার ম্যাজিকে পিএসজি’র গোল উৎসব
ক্রীড়া প্রতিবেদক
ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে দ্যুতি ছড়ালেন নেইমার। আক্রমণাত্মক ফুটবলের ফুল ফুটিয়ে করলেন জোড়া গোল। সতীর্থের গোলে করলেন সহায়তা। সুবাদে তার দল প্যারিস সেন্ট-জার্মেই ভাসল বড় ব্যবধানের জয়ের আনন্দে। প্রতিপক্ষ অ্যাঙ্গার্সকে ৬-১ গোলে উড়িয়ে দিলো ফরাসি চ্যাম্পিয়নরা।
আলেজান্দ্রো ফোরেঞ্জি ম্যাচের সপ্তম মিনিটের মাথায় স্বাগতিক পিএসজি’কে এগিড়ে দিলে ম্যাচের দুই অর্ধে দুটি গোল করেন ব্রাজিলিয়ান তারকা ফরওয়ার্ড নেইমার। ফরাসি লিগ ওয়ানের ম্যাচে ৫২তম মিনিটে সফরকারী অ্যাঙ্গার্সকে একমাত্র গোলটি উপহার দেন ইসমায়েল ত্রাওরে। কোচ টমাস টাচেলের দলের হয়ে গোল করেন জুলিয়ান ড্রাক্সলার, ইদ্রিসা গুয়ে ও কাইলিয়ান এমবাপ্পে। ইদ্রিসা গুয়ের গোলে সহায়তা করেন সুপারস্টার নেইমার। চলতি মৌসুমে এই প্রথম গোলের দেখা পেলেন নেইমার। এবং সেটা পেলেন দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটানোর পর। মার্সেই’র বিপক্ষে মাথা গরমের ১-০ গোলে হারের ম্যাচে লাল কার্ড দেখে ছিলেন নেইমার। নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচে হারের পর এ নিয়ে টানা চতুর্থ ম্যাচ জিতল পিএসজি।
করোনায় পজিটিভ সাদিও মানে
ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন লিভারপুলের ফরওয়ার্ড সাদিও মানে। স্বাস্থ্যবিধি মেনে এখন স্বেচ্ছা-অন্তরণে রয়েছেন দ্য রেড শিবিরের এ তারকা স্ট্রাইকার।
মিডফিল্ডার থিয়াগো আলকানতারা কোভিড-১৯ এ পজিটিভ হওয়ার তিন দিন বাদে এই খবর দিলো প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন কাবটি। কাব কর্তৃপক্ষ জানিয়েছে, সেনেগালের এ তারকা উইঙ্গারের শরীরে করোনাভাইরাসের উপসর্গ খুবই সামান্য। তবে সব মিলিয়ে বেশ ভালোই আছেন তিনি।
ম্যানইউ’র পেরেইরা ধারে লাৎসিওতে
ক্রীড়া প্রতিবেদক
চলতি মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে সিরি’আ লিগের কাব লাৎসিওতে যোগ দিযেছেন আন্দ্রেস পেরেইরা। ২৪ বছর বয়সী মিডফিল্ডার ইতালিয়ান কাবটিতে থাকবেন ২০২৪ সাল পযর্ন্ত।
এ নিয়ে তৃতীয়বারের মতো ওল্ড ট্রাফোর্ড ছেড়ে ধারে অন্য কোনো কাবে খেলতে গেলেন বেলজিয়ান বংশোদ্ভূত ব্রাজিলিয়ান তারকা। এর আগে ধারে লা লিগায় গ্রানাদা ও ভ্যালেন্সিয়ার হয়ে খেলেছেন তিনি। পেরেইরা ইউনাইটেডে যোগ দেন ২০১৪ সালে। তবে রেড ডেভিলদের স্কোয়াডে নিজের জায়গা পাকাপোক্ত করতে পারেননি। তার মধ্যে গত জানুয়ারিতে পর্তুগিজ তারকা ব্রুনো ফার্নান্দেজ আসার পর ইউনাইটেডের হয়ে মাত্র এক ম্যাচে মূল একাদশে ছিলেন পেরেইরা। বদলি হিসেবে মাঠে নেমেছেন ৬ ম্যাচে।
রিয়ালের মায়োরাল ধারে রোমায়
ক্রীড়া প্রতিবেদক
দুই বছরের ধারের চুক্তিতে রিয়াল মাদ্রিদ থেকে ইতালির দল রোমায় যোগ দিয়েছেন স্প্যানিশ ফরোয়ার্ড বোরহা মায়োরাল।
এজন্য ২০ লাখ ইউরো খরচ হচ্ছে রোমার। কাবটির ওয়েবসাইটে শুক্রবার দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ২৩ বছর বয়সী এই ফুটবলারকে স্থায়ীভাবে কিনে নেওয়ার সুযোগ আছে তাদের। ২০২০-২১ মৌসুমের যেকোনো সময় কিনতে তাদের খরচ হবে দেড় কোটি ইউরো। আর দ্বিতীয় মৌসুমে তাকে কিনতে রোমাকে গুনতে হবে দুই কোটি ইউরো। রিয়ালের যুব দল থেকে উঠে আসা এই ফুটবলার কাবের মূল দলের হয়ে খেলেছেন ৩৩ ম্যাচ, করেছেন সাত গোল।
শক্তিশালী গ্রুপে লিভারপুল : কপ
ক্রীড়া প্রতিবেদক
আয়াক্স ও আতালান্তার সামর্থ্য বেশ ভালো করেই জানা আছে ইয়ুর্গেন কপের। তাই চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্ব পেরুতে তার দলকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হবে বলে মনে করছেন লিভারপুল কোচ।
‘ডি’ গ্রুপে ২০১৮-১৯ আসরের চ্যাম্পিয়ন লিভারপুলের সঙ্গে আছে সেবারের সেমি-ফাইনালিস্ট আয়াক্স, গতবারের কোয়ার্টার-ফাইনালিস্ট আতালান্তা ও ডেনমার্কের কাব মিতউইলান। বৃহস্পতিবার গ্রুপ পর্বের ড্রয়ের পর কাবের ওয়েবসাইটে নিজেদের গ্রুপ নিয়ে অভিমত জানান কপ।
কোমায় আফগান ওপেনার নাজিব
ক্রীড়া প্রতিবেদক
শুক্রবার রাতে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের ডানহাতি ওপেনার নাজিব তারাকাই। দুর্ঘটনার পর থেকে এখনো ২৯ বছর বয়সী এ ব্যাটসম্যানের জ্ঞান ফেরেনি। এমনকি গতকাল রাতে গুরুত্বপূর্ণ অপারেশনের পরেও তার অবস্থার কোনো উন্নতি ঘটেনি।
আফগান গণমাধ্যমের খবর অনুযায়ী, জালালাবাদে গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন নাজিব তারাকাই। সঙ্গে সঙ্গে তাকে সেখানকার এক হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি। উল্টো গত ২৪ ঘণ্টা ধরে কোমায় রয়েছেন তিনি। ফলে এই ক্রিকেটারকে কাবুলের উন্নত কোনো হাসপাতাল কিংবা প্রয়োজনে দেশের বাইরে পাঠানোর কথাও চিন্তা করছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।











































