বিনোদন ডেস্ক।।
১৪ বছর ইন্ডাস্ট্রিতে কাটিয়ে ফেলেছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বিভিন্ন প্ল্যাটফরমে অভিনয়ের দক্ষতা দেখিয়ে নিজেকে প্রমাণ করেছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে নানা বিষয়ে কথা বললেন স্বস্তিকা। সেখানে তাকে জিগ্যেস করা হয় তিনি পূজার সময় প্রেমে বিশ্বাস করেন কিনা? তিনি বলেন, আলাদা করে পুজোর সময়ে প্রেম হওয়া নিয়ে তেমন কোনো অভিজ্ঞতা নেই। ভালো লাগা বা ইনফ্যাচুয়েশনটা তো আলাদা। তবে জীবনে একবারই সিরিয়াস প্রেম করেছি। প্রাক্তনকে এক কথায় ব্যাখ্যা করতে বললে তিনি বলেন, প্রাক্তন শব্দটা আমার কাছে শুধুমাত্রই প্রাক্তন। মানে অতীত যা ছেড়ে এসেছি। প্রেম ছিল, আজ আর সেটা নেই। কিন্তু এ নিয়ে আমি কুৎসা করবো এমন মানুষও আমি নই। আবার এই অধ্যায়টাকে আমি আমার জীবন থেকে মুছে ফেলতে চাই না। কারণ ওটাই জীবনের অন্যতম শিক্ষা। একটা জিনিস বুঝতে পেরেছি, কিছু কিছু ভুল জীবনে খুব প্রয়োজন। আসলে ওই অধ্যায়টা নিয়ে কথা বলতে গেলে একটা কথাই বলবো, আমি কিন্তু ক্ষমা করতে পারি না। শুধু ঘটনাগুলোকে ভুলে যেতে চাই। জীবনের ঘটনাক্রম আমার কতোটা ক্ষতি করেছে জানি না। শুধু বলবো, আমার সবার সঙ্গে যোগাযোগের ইচ্ছাটাই চলে গিয়েছে। বিশ্বাস তো দূরের কথা।









































